চুয়াডাঙ্গায় চায়ের দোকানে কথা-কাটাকাটির পর কিশোরকে হত্যা, গ্রেপ্তার ১
নাইস মারতে গেলে এমদাদুল দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু কিছুদূর যাওয়ার পর সে পড়ে যায়।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চায়ের দোকানে কথা কাটাকাটির জের ধরে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। তাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা পৌরসভার নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলাম।
নিহত এমদাদুল হক (১৭) উপজেলার নওদাবন্ডবিল গ্রামের রেজাউল হকের ছেলে। আটক হওয়া নাইস খন্দকার নতুন বাসস্ট্যান্ড এলাকার মজনু খন্দকারের ছেলে।
এলাকাবাসীর বরাতে ওসি রাকিবুল ইসলাম বলেন, রাতে একটি চায়ের দোকানে বসে ছিল এমদাদুল। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে নাইসের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নাইস মারতে গেলে এমদাদুল দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু কিছুদূর যাওয়ার পর সে পড়ে যায়। তখন হাতের কাছে থাকা লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে নাইস।
এতে গুরুতর রক্তাক্ত জখম হয় এমদাদুল। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তার মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় নাইস খন্দকারকে আসামি করে রাত ১২টার পর একটি হত্যা মামলা করা হয়েছে এবং ওই মামলায় নাইস খন্দকারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
