০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

খুলনায় চায়ের দোকানে বসে থাকা ব্যক্তিকে গুলি করে হত্যা

“মোটরসাইকেলে করে দুজন সেখানে এসে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Oct 2026, 03:59 PM

Updated : 04 Oct 2026, 04:22 PM

খুলনার দিঘলিয়া উপজেলায় চায়ের দোকানে বসে থাকা এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ফরমাইশখানা এলাকার তৈয়ব আলী শিকদারের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে দিঘলিয়া থানার ওসি হাওলাদার সানোয়ার হোসেন মাসুম জানান।

নিহত ৫৫ বছর বয়সী নাসিমুল করিম ফরমাইজথানা এলাকার মৃত আবদুর গফুরের ছেলে।

ওসি বলেন, “নাসিমুল চায়ের দোকানের সামনে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে দুজন সেখানে এসে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এরপর তারা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাসিমুলের মৃত্যু হয়।”

 ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।  

 তিনি বলেন, “পরিবারের সদস্যরা গুলিবিদ্ধ নাসিমুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, “নাসিমুল করিম পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, তিনটি তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধারের খবর জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “এলাকায় আধিপত্য বিস্তার বা চরমপন্থি দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।”