১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

আমাদের রাজনৈতিক ঐতিহ্য বোমা আর আগুন সন্ত্রাস

আন্দোলনে একই পদ্ধতি বারবার ব্যবহারে স্থায়ী রাজনৈতিক অভ্যাসে পরিণত হয়। বাংলাদেশে ওই অভ্যাসের নাম বোমা আর আগুন।

আমাদের রাজনৈতিক ঐতিহ্য বোমা আর আগুন সন্ত্রাস

রাজনৈতিক কর্মসূচির নামে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ কেবল যানবাহনের ক্ষতি করে না, বরং চালকের সংসার, যাত্রীর নিরাপত্তা এবং রাষ্ট্রের প্রতি সাধারণ মানুষের আস্থাকে পুড়িয়ে দেয়।

সাজ্জাদ সাব্বির সাজ্জাদ সাব্বির

Published : 12 Nov 2026, 02:44 AM

Updated : 12 Nov 2026, 02:44 AM

বাংলাদেশ স্বাধীনতার ৫৫ বছর অতিক্রম করেছে। রাষ্ট্রযাত্রায় জমেছে বাকশাল, সামরিক শাসন, স্বৈরাচার, মাইনাস টু ফর্মুলা, ফ্যাসিবাদ, ক্ষমতার পালাবদল, গণতন্ত্রের বিপর্যয়সহ আরও কত কি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় রাজনীতির পরিসর উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছিলেন। তার শাসনামলও সামরিক আইন ও কর্তৃত্ববাদী সীমাবদ্ধতা থেকে মুক্ত ছিল না বলে অভিযোগ রয়েছে। পরে জেনারেল এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে স্বৈরশাসন কায়েম করেন। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতন ঘটে। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়, ক্ষমতায় আসে বিএনপি সরকার। মানুষ আশা করেছিল, রাজনৈতিক প্রতিষ্ঠান, নীতি ও জনসম্মতির পথে হাঁটবে। কিন্তু বাস্তবতা দ্রুত ভিন্ন চিত্র দেখায়।

রাজনৈতিক সহিংসতার ইতিহাস স্বাধীনতার পর থেকেই। তবে ১৯৯১ পরবর্তী গণতান্ত্রিক পর্বে হরতাল, অবরোধের সঙ্গে বোমা, ককটেল, পেট্রলবোমা ও বাসে আগুন রাজনৈতিক চাপের কৌশলে পরিণত হয়। সংকটের কেন্দ্রে ছিল ক্ষমতাকে শূন্য যোগের লড়াই হিসেবে দেখা। প্রতিপক্ষ ক্ষমতায় থাকলে নিজের অস্তিত্ব বিপন্ন, তার কর্মসূচি সফল হলে নিজের পরাজয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিরপেক্ষ হলে ক্ষমতার নিয়ন্ত্রণ কমে যাবে। কার্নেগি এনডাওমেন্টের বিশ্লেষণেও বাংলাদেশের প্রধান দলগুলোর এই জিরো-সাম রাইভালরি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহার, রাজনৈতিক অচলাবস্থা ও রাজপথের সহিংসতার কথা উঠে এসেছে। চার্লস টিলির রেপার্টরি অব কন্টেনশন ধারণায় দেখা যায়, আন্দোলনের পদ্ধতি বারবার ব্যবহারে স্থায়ী রাজনৈতিক অভ্যাসে পরিণত হয়। বাংলাদেশে ওই অভ্যাসের নাম বোমা আর আগুন।

১৯৯৬ সালে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার নির্মম চিত্র তুলে ধরে। প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী আওয়ামী লীগ উভয় পক্ষের কর্মীরা ককটেল বোমা, ছুরি ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেও নির্যাতন, নির্বিচার বলপ্রয়োগ ও বেআইনি আটকের অভিযোগ নথিভুক্ত হয়। কয়েক বছরের মধ্যেই রাজনৈতিক প্রতিযোগিতা নীতির লড়াই থেকে সহিংস শক্তি প্রদর্শনের দিকে সরে যায়। দলীয় ছাত্র ও যুব সংগঠনগুলোকে নিয়ন্ত্রণে ব্যর্থতা এই সংস্কৃতিকে আরও প্রাতিষ্ঠানিক করেছে।

নব্বইয়ের শেষভাগ ও দুই হাজারের শুরুর বোমা হামলায় জঙ্গিবাদের ভয়াবহ সংযোগ দেখা যায়। ১৯৯৯ সালে আওয়ামী লীগ সরকারের আমলে যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা, ২০০১ সালে রমনার বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ, ২০০৪ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা, প্রতিটি ঘটনা জনপরিসরে আতঙ্ক ছড়ায়।

রমনা ও উদীচীর হামলায় হরকাতুল জিহাদের সংশ্লিষ্টতা তদন্তে উঠে আসে। ২১ অগাস্টের হামলায় ২৪ জন নিহত ও প্রায় ৩০০ জন আহত হন। তবে এই মামলায় নিম্ন আদালতের দণ্ড ২০২৪ সালে হাইকোর্ট বাতিল করে, ২০২৫ সালে আপিল বিভাগ খালাস বহাল রাখে। আদালত তদন্তের গুরুতর ত্রুটি ও জোরপূর্বক স্বীকারোক্তির প্রশ্ন সামনে এনেছে। ফলে হামলার ভয়াবহতা অস্বীকারের সুযোগ নেই, একই সঙ্গে আইনি দায় নির্ধারণে আদালতের সর্বশেষ অবস্থানও উপেক্ষা করা চলে না।

এছাড়া ২০০৫ সালের ১৭ অগাস্ট বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে জেএমবি ৩০০ স্থানে, ৬৩ জেলায়, প্রায় আধা ঘণ্টার মধ্যে ৪৫৯টি বোমা বিস্ফোরণ ঘটায়। এটি ছিল সংগঠিত জঙ্গি সন্ত্রাস।

২০১৩ থেকে ২০১৫ সালের আগুন সন্ত্রাস বাংলাদেশের রাজনীতিতে নতুন ভয়াবহতা যোগ করে। নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সংঘাত দেশকে অবরোধ, হরতাল ও পাল্টাপাল্টি সহিংসতায় ঠেলে দেয়। ২০১৩ সালের শেষদিকে অবরোধ অমান্য করে চলা বাস, ট্রাক ও অটোরিকশায় পেট্রলবোমা ছোড়ার বহু ঘটনা নথিভুক্ত করে হিউম্যান রাইটস ওয়াচ। ২০১৪ সালের নির্বাচনের আগে ভোটকেন্দ্র, স্কুল, সংখ্যালঘুদের বাড়িঘরেও হামলা হয়। ২০১৫ সালের জানুয়ারিতে পেট্রলবোমায় বাসযাত্রীদের মৃত্যু, দগ্ধ মানুষের আর্তনাদ, হাসপাতালের বার্ন ইউনিটে উপচে পড়া রোগীর সারি দেশকে স্তব্ধ করে। হিউম্যান রাইটস ওয়াচের হিসাবে, ২০১৫ সালের প্রথম মাসে প্রায় ৬০ জন নিহত, শত শত আহত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও রাজনৈতিক উদ্দেশ্যে পেট্রলবোমা ব্যবহারের ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ জানায়।

এই সহিংসতার দায় এক পক্ষের ঘাড়ে চাপিয়ে অন্য পক্ষকে দায়মুক্ত করার সুযোগ নেই। অবরোধের নামে সাধারণ যাত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা অপরাধ। একই সময়ে রাষ্ট্রীয় বাহিনীর গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্বিচার গ্রেপ্তারও অপরাধ। ২০১৪ সালের নির্বাচন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বিরোধী দলের হামলার পাশাপাশি সরকারের নিরাপত্তা বাহিনীর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিবরণ রয়েছে। ২০১৫ সালে অ্যামনেস্টি বলেছিল, পেট্রলবোমা ঠেকানোর নামে পুলিশকে সীমাহীন ক্ষমতা দেওয়ার বক্তব্য অতিরিক্ত বলপ্রয়োগ ও বিচারবহির্ভূত হত্যার ঝুঁকি বাড়ায়। আগুনের জবাবে রাষ্ট্রীয় দমনও আইনের শাসন পুড়িয়ে দেয়।

২০২৩ সালের অক্টোবর ও নভেম্বরেও চিত্রটি ফিরে আসে। বিএনপি ও জামায়াতের অবরোধের প্রেক্ষাপটে ঢাকাসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়। ৪ নভেম্বর এক রাতেই ছয়টি বাস, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বরের মধ্যে অন্তত ৩১টি যানবাহন পোড়ানোর খবর প্রকাশিত হয়। ২০২৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে ঢাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে চারজন নিহত হন। প্রতিটি ঘটনায় অপরাধীর পরিচয় তদন্তে নির্ধারণ জরুরি। রাজনৈতিক কর্মসূচির সময় ঘটেছে বলেই কোনো দলকে প্রমাণ ছাড়া দায়ী করা যাবে না, আবার দলীয় পরিচয়ের আড়ালে অপরাধীকেও ছাড় দেওয়া যায় না।

২০২৪ সালের জুলাই-অগাস্টও ভয়াবহ শিক্ষা দিয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর সাবেক সরকার, নিরাপত্তা কাঠামো ও আওয়ামী লীগের সহিংস উপাদানের পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসংগত ভিত্তি পেয়েছে। একই প্রতিবেদনে কিছু বিক্ষোভকারীর সহিংসতা, সরকারি স্থাপনা ও পরিবহনে হামলা, ভবনে আগুন দেওয়ার ঘটনাও নথিভুক্ত হয়েছে। দমননীতি, পাল্টা প্রতিশোধ, জনতার ক্ষোভ, সংগঠিত হামলা রাষ্ট্র ও সমাজকে গভীর ক্ষত দিয়েছে।

১১ নভেম্বর প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে পুলিশ জানিয়েছে, গত তিন দিনে ঢাকাসহ বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ ও যানবাহনে আগুনের ঘটনায় এক চালক নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, নিষিদ্ধ একটি সংগঠন ও সংশ্লিষ্ট গোষ্ঠীর লোকজন এসব হামলায় যুক্ত। বিএনপি শেখ হাসিনার অনুসারীদের দায়ী করলেও পুলিশ তখনও হামলাকারীদের পরিচয় নিশ্চিত করেনি।

রাজনীতির এই আগুন থামাতে দলীয় সহিংসতার সামাজিক বৈধতা ভাঙতে হবে। বৈধ রাজনৈতিক দলগুলোর মিছিল, হরতাল বা অবরোধের অধিকার আছে, বাসে আগুন দেওয়ার অধিকার কারও নেই। আর নিষিদ্ধ সংগঠনগুলোর সন্ত্রাসবাদ দমনে সরকারকে আরও কঠিন মানসিকতার পরিচয় দিতে হবে। রাষ্ট্রের আইন প্রয়োগের ক্ষমতা আছে, ওই আইনের দৃশ্যমান প্রয়োগ দেখাতে হবে। রাজনৈতিক দলগুলোকে সশস্ত্র ক্যাডার, ছাত্র ও যুব সংগঠনের সন্ত্রাসী নেটওয়ার্ক ভাঙতে হবে। হামলার নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার, ক্ষতিপূরণ ও সন্ত্রাসের পৃষ্ঠপোষকদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

বাসে আগুন লাগলে শুধু একটি গাড়িই পুড়ে যায় না, পুড়ে যায় চালকের সংসার, যাত্রীর ভবিষ্যৎ, শিশুর নিরাপত্তা আর শ্রমজীবী মানুষের সারা দিনের আয়। বোমার শব্দে শুধু শহর কেঁপে ওঠে না, কেঁপে ওঠে রাষ্ট্রের প্রতি মানুষের আস্থাও।

স্বাধীনতার ৫৫ বছর পরও রাজনৈতিক শক্তিগুলো প্রতিপক্ষকে পরাস্ত করার ভাষা হিসেবে আগুন আর বিস্ফোরণকে বেছে নিচ্ছে। অন্যদিকে, হরকাতুল জিহাদ ও জেএমবির মতো জঙ্গি সংগঠন কিংবা বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা সহিংস কর্মকাণ্ডের অভিযোগের ক্ষেত্রেও সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।

বোমাবাজি আর আগুন সন্ত্রাসকে যদি আমরা রাজনৈতিক ঐতিহ্যে পরিণত করি, তবে তা হবে আমাদের সামগ্রিক রাজনৈতিক ব্যর্থতার দলিল। এই সহিংস উত্তরাধিকার ভাঙার দায় কোনো একক দলের না, বরং সব দলের নেতৃত্ব ও নাগরিকের।

সাজ্জাদ সাব্বির: কেন্দ্রীয় সহ-সভাপতি, জাতীয় যুবশক্তি। ইমেইল: sajjadsabbir24@gmail.com

বিশেষ দ্রষ্টব্য: মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।