‘ক্ষোভে’ মরিনিয়োর সংবাদ সম্মেলন বর্জন
লা লিগায় ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসেননি রেয়াল মাদ্রিদের কেউ।
ভিয়ারেয়ালের বিপক্ষে যখন ভিনিসিউস জুনিয়রকে লাল কার্ড দেন রেফারি, তখনই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান জুজে মরিনিয়ো। ম্যাচের পর সংবাদ সম্মেলনও বর্জন করেন রেয়াল মাদ্রিদ কোচ।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার লা লিগার ম্যাচে ভিয়ারেয়ালকে ১-০ গোলে হারায় রেয়াল। তবে ৭২তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় তারা। প্রতিপক্ষ মিডফিল্ডারের চুল টেনে বহিষ্কার হন ভিনিসিউস।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে তুলে ভিনিসিউসকে নামান মরিনিয়ো। তখন রেয়ালের খেলার গতি বাড়ে। ভিনিসিউস নামার ১০ মিনিট পরই কাঙ্ক্ষিত গোলটি পায় স্বাগতিকরা। ফেদেরিকো ভালভের্দের পাসে জাল খুঁজে নেন ইয়ান ডিওমান্ডে। রেয়ালের জার্সিতে এটি তার প্রথম গোল।
ওই গোলের ১০ মিনিট পর ভিনিসিউসকে হারানোর ধাক্কা খায় রেয়াল। জুড বেলিংহ্যামের পাসে ছয় গজ বক্সের বাইরে বল পেয়ে জালে পাঠিয়ে উল্লাসে মাতেন ব্রাজিলিয়ান তারকা। ওই সময় খেলোয়াড়দের কাছে ছুটে যান মরিনিয়োও।
কিন্তু কিছুক্ষণ পরে তাদের আনন্দ হতাশায় পরিণত হয়। ভিএআরে মনিটরে রিপ্লে দেখে ভিনিসিউসকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। কারণ, ওই আক্রমণের শুরুতে মাঝমাঠে পেছন থেকে ভিয়ারেয়াল মিডফিল্ডার ন্যাথান সালিবার চুল টেনে ধরেছিলেন তিনি।
বহিষ্কার হয়ে রেফারির দিকে তেড়ে যান ভিনিসিউস। ছড়ায় উত্তেজনা। তখন টাচলাইনে ক্ষুব্ধ দেখা যায় মরিনিয়োকেও।
ম্যাচের পর মিক্সড জোনেও কথা বলেননি রেয়াল মাদ্রিদের কেউ। সংবাদ সম্মেলনে আসেননি তাদের কোনো প্রতিনিধি। এতদিন ম্যাচ পূর্ব ও পরবর্তী সংবাদ সম্মেলনে মরিনিয়োকেই দেখা যেত।
স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর, ক্ষোভ থেকে সংবাদ সম্মেলনে যাননি মরিনিয়ো। ভিনিসিউসের লাল কার্ডে যে ক্ষুব্ধ রেয়াল মাদ্রিদ, তা পরে ফুটে ওঠে অহেলিয়া চুয়ামেনির কথা। রেয়াল মাদ্রিদ টিভিতে এই মিডফিল্ডার বলেন, “রেফারিং নিয়ে কী হচ্ছে বুঝতে পারছি না। এই লাল কার্ডের কারণও বুঝতে পারছি না।”
কিছু গণমাধ্যমের দাবি, নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে সংবাদ সম্মেলনে বর্জন করেছেন মরিনিয়ো। তাদের মতে, ওই লাল কার্ড নিয়ে ক্ষোভ ঝাড়তে গিয়ে বেফাঁস কথাবার্তা বলে ফেলতে পারেন রেয়াল কোচ। আর এতে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তিনি।
আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মরিনিয়োর সাবেক ক্লাব রোমার মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ।
