১২০০ ক্রীড়াবিদ নিয়ে শুরু হচ্ছে ‘উল্লাস স্পোর্টসফেস্ট’
এবারের আসরে ১৩টি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে।
দেশের ২৪টি ক্লাবের ১২ শতাধিক ক্রীড়াবিদের অংশগ্রহণে আগামী শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট-সিজন ২’।
ঢাকার গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের বাস্কেটবল প্রাঙ্গণে শনিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড আয়োজিত আট দিনব্যাপী এই ক্রীড়াযজ্ঞ শেষ হবে আগামী ৭ নভেম্বর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আসরে ১৩টি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ১০০ বল ক্রিকেট, ৭-এ-সাইড ফুটবল, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, গলফ, ৮ বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ এবং আর্ম রেসলিং।
আয়োজক ক্লাব গুলশান ইয়ুথ ক্লাব ছাড়াও এতে অংশ নিচ্ছে ঢাকা ক্লাব, বনানী ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, ঢাকা বোট ক্লাব, কুর্মিটোলা গলফ ক্লাব, নারায়ণঞ্জ ক্লাব, সিলেট ক্লাব, ডাচ ক্লাব, নর্ডিক ক্লাব ও বাগা ক্লাবসহ মোট ২৪টি শীর্ষস্থানীয় ক্লাব।
সংবাদ সম্মেলনে গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান (তমাল) প্রতিযোগিতাটি সফল করতে অংশগ্রহণকারী ক্লাব ও অ্যাথলেটদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি সেন্ট্রাল পার্ক কমপ্লেক্সের রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের সুযোগ দেওয়ার জন্য রাজউকের প্রতি ধন্যবাদ জানান।
‘উল্লাস ২০২৬’-এর অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ও ক্লাবের সেক্রেটারি জেনারেল মেহেদী হাসান টুর্নামেন্টের সার্বিক সময়সূচি তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমে ক্লাবগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সুস্থ প্রতিযোগিতার বার্তা ছড়িয়ে পড়বে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উল্লাস অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, এম আমির আলী মোস্তফা, ইফফাত আমবারিন জয়া এবং গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করীম।
এছাড়া প্রেস ও মিডিয়া কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
