গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট’ উদ্বোধন
এবারের আসরে ১৩টি ক্রীড়া ও প্রতিযোগিতামূলক ইভেন্ট অনুষ্ঠিত হবে।
গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে ‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট’ সিজন ২-এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ঢাকার গুলশান সেন্ট্রালপার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সে শুক্রবার গুলশান ইয়ুথ ক্লাবের কৃত্রিম ফুটবল টার্ফে এ আয়োজনের উদ্বোধন হয়।
গুলশান ইয়ুথ ক্লাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উল্লাস ২০২৬’ চলবে ৭ নভেম্বর পর্যন্ত। এবারের আসরে ১৩টি ক্রীড়া ও প্রতিযোগিতামূলক ইভেন্ট অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো হল- ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮ বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ এবং আর্মরেসলিং।
উৎসবে ২৪টি স্বনামধন্য ক্লাবের অংশগ্রহণে আনুমানিক ১২০০ এর বেশি ক্রীড়াবিদ ও প্রতিযোগী অংশ নেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন বিভিন্ন ক্লাবের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, বন্ধুত্ব, দলগত সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
