১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

আগামী বছর সেই মনুমেন্তালে ফিরবেন মেসি

লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে রিবার প্লেইত, যেটি হবে দেশের মাটিতে আর্জেন্টাইন মহাতারকার প্রথম ক্লাব ম্যাচ।

আগামী বছর সেই মনুমেন্তালে ফিরবেন মেসি

লিওনেল মেসি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 11:09 PM

Updated : 13 Nov 2026, 11:09 PM

প্রথমে ছিল গুঞ্জন, পরে যেটিকে ‘জোরাল সম্ভাবনা’ বলে উল্লেখ করেন ইন্টার মায়ামি কোচ, এবার সেটির আনুষ্ঠানিক ঘোষণাও চলে এলো। আগামী বছরের ১৯ জানুয়ারি লিওনেল মেসির ক্লাব মায়ামির বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে রিবার প্লেইত। ম্যাচটি দিয়ে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের পর ফুটবল জাদুকর আবারও মনুমেন্তাল স্টেডিয়ামে ফিরবেন।

বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়াম রিবার প্লেতের ঘরের মাঠ। এখানে মায়ামির বিপক্ষে ম্যাচের সূচি শুক্রবার সামাজিক নিশ্চিত করে আর্জেন্টাইন ক্লাবটি।

এই মাঠেই গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে বর্ণাঢ্য ও গৌরবময় যাত্রার ইতি টানেন মেসি। নানা কারণে সেই রাতটি ছিল স্মরণীয়। ৩-০ ব্যবধানের জয়ে পেনাল্টি থেকে করা দলের তৃতীয় গোলটিই ছিল দেশের জার্সিতে মেসির শেষ গোল; তবে আর্জেন্টিনার মাটিতে এটিই তার শেষ গোল নাও হতে পারে।

রিবার প্লেইতের বিপক্ষে প্রীতি ম্যাচটি হবে আর্জেন্টিনার মাটিতে মেসির প্রথম ক্লাব ম্যাচ। এর আগে হুয়ান রোমান রিকেলমের বিদায়ী ম্যাচে লা বোম্বোনেরা স্টেডিয়ামে ও মাক্সি রদ্রিগেসের বিদায়ী ম্যাচে মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে মেসি খেলেছিলেন ঠিকই, কিন্তু বার্সেলোনা, পিএসজি বা ইন্টার মায়ামির মতো কোনো ক্লাবের হয়ে তিনি কখনও আর্জেন্টিনায় ক্লাব ম্যাচ খেলেননি।

আর্জেন্টিনায় ক্লাব পর্যায়ে কখনও ম্যাচ না খেললেও, রিবার প্লেইতের মুখোমুখি হওয়া মেসির জন্য নতুন কিছু নয়। ২০১৫ সালের ক্লাব বিশ্বকাপ ফাইনালে দলটির বিপক্ষে খেলেন তিনি। জাপানের ইয়োকোহামা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে মেসি একটি গোলও করেন, বার্সেলোনা জিতেছিল ৩-০ গোলে।