আরএমআইএলের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন
সম্মেলনে সেরা পরিবেশকদের ‘বেস্ট বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।
আরএফএল গ্রুপের কোম্পানি রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরএমআইএল) বার্ষিক ব্যবসায়িক সম্মেলন হয়েছে।
ঢাকার একটি হোটেলে সম্প্রতি এ সম্মেলন হয় বলে কোম্পানি কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
দিনভর এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ শতাধিক পরিবেশক অংশ নেন। সম্মেলনে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, বাজার সম্প্রসারণ, নতুন পণ্য, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা এবং পরিবেশকদের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায়িক সাফল্য ও অবদানের স্বীকৃতি হিসেবে সম্মেলনে নির্বাচিত পরিবেশকদের ‘বেস্ট বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। সেরা পরিবেশকদের হাতে সম্মাননা তুলে দেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী।
এসময় তিনি বলেন, “আমাদের ব্যবসার সম্প্রসারণ ও সাফল্যের পেছনে পরিবেশকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের সঙ্গে পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদি সম্পর্কের ভিত্তিতে আমরা এগিয়ে যেতে চাই।”
আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, আরএমআইএলের বিজনেস ইউনিট হেড ইঞ্জিনিয়ার সঞ্জয় বিশ্বাস, হেড অব সেলস আব্দুল কুদ্দুস মিয়া, হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম সম্মেলনে উপস্থিত ছিলেন।
