এবার সম্পূর্ণ গল্প নিয়ে ফিরছে 'ফেউ' সিরিজ
নতুন যুক্ত হওয়া গল্প ও প্রথম পর্বের সমন্বয়ে 'ফেউ কমপ্লিট সাগা' শিরোনামের এই সিরিজটি দেখা যাবে আগামী ১২ নভেম্বর।
মরিচঝাঁপি গণহত্যা ও ভূরাজনীতির পটভূমিতে নির্মিত ওয়েব সিরিজ ‘ফেউ’ এর দ্বিতীয় সিজন প্রচারে আসছে। এবারের
সিরিজটি ফিরছে সম্পূর্ণ গল্প নিয়ে।
নতুন যুক্ত হওয়া গল্প ও প্রথম পর্বের সমন্বয়ে 'ফেউ কমপ্লিট সাগা' শিরোনামের এই সিরিজটি দেখা যাবে আগামী ১২ নভেম্বর।
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে সিরিজটি। বুধবার চরকির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যে প্রকাশ্যে এসেছে সিরিজের নতুন টিজার।
নির্মাতা সুকর্ণ শাহেদ ধীমান জানিয়েছেন, এটি কেবল সিরিজের দ্বিতীয় সিজন নয়, বরং প্রথম সিজনের সঙ্গে বাকি গল্প যুক্ত করে একটি পূর্ণাঙ্গ করে তৈরি করা হয়েছে। প্রথম সিজনে ভূরাজনীতি, ইতিহাস ও সংকটের যে ভিত্তি স্থাপন করা হয়েছিল, এবার তা এক বিন্দুতে এসে মিলবে।
ফলে নতুন কিংবা পুরোনো সব দর্শকই এটি আলাদা কোনো অসম্পূর্ণতা ছাড়াই উপভোগ করতে পারবেন।
দক্ষিণবঙ্গের প্রেক্ষাপটে নির্মিত এ গল্পের পটভূমি গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের মরিচঝাঁপির ঘটনা এবং স্থানীয় ও আন্তর্জাতিক ভূরাজনীতির ওপর ভিত্তি করে। সুন্দরবনের দুর্গম অঞ্চলে বাংলাদেশি তরুণ ড্যানিয়েলের বাবার সন্ধান ও ভিনদেশী এজেন্টদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ, আর অন্যদিকে সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ওঠা রহস্যময় পুরুষ মার্শালের অধিকার আদায়ের সংগ্রামের পরিণতি দেখা যাবে এই সিজনে।
সিরিজটির অন্যতম দুই কেন্দ্রীয় চরিত্র 'সুনীল' ও 'মার্শাল' রূপে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও মোস্তাফিজুর নূর ইমরান।
নিজের চরিত্র নিয়ে মোস্তাফিজুর নূর ইমরান বলেন, "মার্শাল চরিত্রটি একজন প্রকৃত সংগ্রামীর প্রতিচ্ছবি। তার চাহনী, শারীরিক ভাষা ও আচরণে দারুণ গভীরতা রয়েছে। অবশেষে দর্শক পুরো গল্পটা দেখতে পাবেন এবং আসল রোমাঞ্চ উপভোগ করবেন।"
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, "প্রথম সিজন থেকেই গল্প, লোকেশন ও ভিজ্যুয়ালের জন্য এটি আলোচনায় ছিল। নবীন-প্রবীণ অভিনয়শিল্পীদের যৌথ পরিবেশনা এবং দুর্গম সুন্দরবনের অসাধারণ দৃশ্যায়ন দর্শকদের ইতিহাসের এই রক্তক্ষয়ী ও সংগ্রামের জার্নিটি ভালোভাবে অনুধাবন করতে সাহায্য করবে।"
সিরিজে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, তানভীর অপূর্ব, হোসাইন জীবন, তাহমিনা অথৈ, রিজভি রিজু, বাবলু বোস, এ কে আজাদ সেতুসহ খুলনা ও বাগেরহাটের স্থানীয় শতাধিক শিল্পী।
খুলনা, বটিয়াঘাটা, চালনা, মংলা ও সাতক্ষীরার বিভিন্ন দুর্গম অঞ্চলে প্রায় এক বছর ধরে সিরিজের দৃশ্যধারণ করা হয়েছে।
'ফেউ' এর গল্প লিখেছেন সুকর্ন সাহেদ ধীমান ও রোমেল রহমান। যৌথভাবে চিত্রনাট্য করেছেন সুকর্ন সাহেদ ধীমান ও সিদ্দিক আহমেদ।
