২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ফের বিক্ষোভ শ্রমিকদের, মহাসড়ক অবরোধের চেষ্টা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 03:28 PM

Updated : 22 Nov 2026, 03:28 PM

বেতন বাড়ানোর দাবিতে ফের গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি জায়গায় অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকরা। তবে সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কে শ্রমিকরা অবস্থান নিয়ে মিছিল শুরু করে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল।

এতে প্রায় পৌনে ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে শ্রীপুরে হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন।

পরে পরিস্থিতি বিবেচনায় কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা দলবদ্ধভাবে লাঠি-সোটা হাতে মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন। এসময় কয়েক মিনিটের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

পরে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মহাসড়কে অবস্থান নেয়।

এতে শ্রমিকরা মহাসড়কে ছেড়ে মহাসড়কের পাশ দিয়ে মিছিল করতে করতে আনসার রোডের দিকে এগিয়ে যায়।

পরে আশপাডা মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নেয় শ্রমিকরা। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। তখন পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউণ্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুঁড়ে। এতে শ্রমিকরা পিছু হটে ১নং সিএন্ডবি বাজারে অবস্থানে নেয়।

পরে পুলিশ সেখানেও সাউণ্ড গ্রেনেড ছুঁড়ে বিক্ষোভরতদের ছত্রভঙ্গ করে ধাওয়া দিয়ে আনসার রোড থেকে পশ্চিম দিকে পাঠিয়ে দেয়।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয়ার চেষ্টা করে। পরে তাদের সাউণ্ড গ্রেনেড, টিয়ার শেল ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়া হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে মহাসড়কে যান চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যদের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।