২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়া দিল্লিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

“এ সম্পর্ক পারস্পরিক আস্থা, উপলব্ধি ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে পরিচালিত।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 03:23 PM

Updated : 22 Nov 2026, 03:23 PM

ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশের সশস্ত্র দিবস উদযাপন করেছে সেখানকার বাংলাদেশ হাই কমিশন।

শনিবার যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের কথা হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সততা, সাহসিকতা ও অঙ্গীকারের গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরেন।

‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে অতীতের গৌরবোজ্জ্বল প্রাতিষ্ঠানিক ঐতিহ্য সমুন্নত রাখার পাশাপাশি ভবিষ্যতের প্রযুক্তিগত ও কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করতে বর্তমান নির্বাচিত সরকারের অঙ্গীকার ও দৃঢ় সংকল্পের কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি ইন্টেলিজেন্স (ডিজিএমআই) লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত।

তিনি বাংলাদেশ ও ভারতের পাশাপাশি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন।

“এ সম্পর্ক পারস্পরিক আস্থা, উপলব্ধি ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে পরিচালিত,” বলেন যশপাল সিং।

আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতামূলক কার্যক্রম সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা উপদেষ্টা উইং কমান্ডার মুহাম্মদ নাজমুল হক।