১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ-বিজিবি, পরিস্থিতি ‘অনেক ভাল’ বললেন ডিআইজি

সোমবার সকাল থেকে সাঁজোয়া যান নিয়ে জেলাজুড়ে টহল জোরদার করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 09:44 PM

Updated : 16 Nov 2026, 09:44 PM

টানা দুদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল, হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সোমবার থেকে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতে শুরু করেছে।

সোমবার সকাল থেকে সাঁজোয়া যান নিয়ে জেলাজুড়ে টহল জোরদার করেছে বিজিবি। তিন দফায় মোট ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জেলার গুরুত্বপূর্ণ সড়কে দুই হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার সামনে রয়েছে পুলিশ বাহিনীর সদস্যরা।

এদিকে, ভোর থেকে সাধারণ মানুষ ঘর থেকে বাইরে বের হয়েছেন। তারা স্বাভাবিকভাবে কাজকর্ম করছেন। শহরে ইজিবাইক, রিকশা, ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। স্কুল-কলেজ খোলা থাকায় শিক্ষার্থীরা বাইরে বের হয়েছে। শহরের দোকানপাট খুলেছে। সাধারণ মানুষের মাঝে এখনও আতঙ্ক বিরাজ করছে।

এর মধ্যে বিকাল পৌনে ৫টার দিকে গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার পুলিশ বক্সের সামনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি বলেন, “গত দুই দিনের তুলনায় আজ পরিস্থিতি অনেক ভালো। সাধারণ মানুষও দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন। জনগণ নিজেদের সম্পদ ও জনজীবন রক্ষায় দায়িত্বশীল থাকলে এবং পুলিশ আইনগত দায়িত্ব সঠিকভাবে পালন করলে পরিস্থিতিতে স্বস্তি ফিরে আসবে।”

ডিআইজি বলেন, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে কাজ করছেন। জনশৃঙ্খলা রক্ষা, সরকারি সম্পত্তি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে দুই হাজারের বেশি সদস্য মোতায়েন রয়েছে।

সকাল থেকেই জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কে ক্রস-প্যাট্রোলিংসহ নিরাপত্তাব্যবস্থা অব্যাহত রয়েছে। গোপালগঞ্জ পৌরসভা এবং জেলার চারটি উপজেলার পৌর এলাকাতেও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে বলেছেন ডিআইজি।

গত দুই দিনের সহিংসতার ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে জানালেও ডিআইজি এসব ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা জানাননি। তিনি বলেন, “তবে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলেই আইনের আওতায় আনা হয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তি বা অহেতুক কাউকে হয়রানি করা হবে না।”

১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে কোনো ধরনের আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা আছে কি না- এমন প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “যেকোনো কর্মসূচিকে আমলে নিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করে সেই অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা সাজানো হবে। প্রয়োজন অনুযায়ী পর্যাপ্তসংখ্যক কর্মকর্তা ও সদস্য মোতায়েন করা হবে এবং বিজিবিও তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।”

জেলার বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয় এবং বঙ্গবন্ধুর সমাধিসৌধ খোলার বিষয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জননিরাপত্তাসহ সব বিষয়ে তৎপর রয়েছে। আইনের বাইরে কোনো কর্মকাণ্ড হলে পুলিশ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করবে।”

অন্য জেলা থেকে বহিরাগত কেউ গোপালগঞ্জে প্রবেশ করছে কি না- এ বিষয়ে ডিআইজি বলেন, “গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। পার্শ্ববর্তী ও সীমান্তবর্তী জেলাগুলোতে চেকপোস্ট চালু রয়েছে। বাইরে থেকে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এলেও চেকপোস্টের মাধ্যমে তা শনাক্তে পুলিশ কাজ করছে।”

অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে গত দুই দিনে গোপালগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও তিন থানার ওসিকে বদলি করা হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে ডিআইজি বলেন, “এটি পুলিশের নিয়মিত প্রশাসনিক কার্যক্রম। এক জেলা থেকে অন্য জেলায় কর্মকর্তাদের বদলি হওয়া স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।”

পুরনো খবর:

গোপালগঞ্জ থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির ২ কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে দিল নিষিদ্ধ ছাত্রলীগ
গোপালগঞ্জে ‘বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত’ আনসার মোতায়েন
গোপালগঞ্জের ডিসি-এসপির পর ৩ থানার ওসিকে বদলি
টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয় ভাঙচুর-আগুন
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
গোপালগঞ্জে জানমাল রক্ষায় সচেষ্ট আইনশৃঙ্খলা বাহিনী: সংবাদ সম্মেলনে পুলিশ-বিজিবি
গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর-অগ্নিসংযোগ
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদল কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন: ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা
টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জে একাধিক স্থানে ককটেল নিক্ষেপ, গ্রেপ্তার ৮