‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড’: চট্টগ্রামে ৪ দিনের রিমান্ডে এসপি জাহাংগীর
"তদন্ত করে প্রতিবেদন জমা দিতে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে,” বলেন পিপি মফিজুল হক ভুঁইয়া।
চট্টগ্রামে 'রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে' জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার এসপি জাহাংগীর আলমকে চারদিনের রিমান্ড দিয়েছে আদালত।
রোববার বিকাল ৩টার দিকে তাকে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
চট্টগ্রাম মহানগর আদালতের পিপি মফিজুল হক ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতে হাজির করে তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে।
"তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দিতে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।"
শনিবার রাতে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে জাহাংগীর আলমকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
জাহাংগীর আলম চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ড্যান্ট।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে জাহাংগীর আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিন দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে চট্টগ্রামের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ও উস্কানির’ অভিযোগে জাহাংগীর আলমের বিরুদ্ধে মামলা হয়েছে।
জাহাংগীর আলমের বিরুদ্ধে কী অভিযোগ এবং কী ধরণের প্রমাণ পেয়েছেন প্রশ্ন করা হলে আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “দুইটা অভিযোগ। এক নম্বর হচ্ছে, রাষ্ট্রদ্রোহের অভিযোগ। এবং দুই নম্বর হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের উসকানির অভিযোগ। এরকম দুইটা স্পেসিফিক মেসেজ আমরা পেয়েছি। যে মেসেজগুলোতে রাষ্ট্রদ্রোহিতার উপাদান আছে।
“একটা মেসেজে এরকম বলা হয়েছিল যে, ‘ডিসেম্বরে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে’। মানে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে। এরকম একটা মেসেজ। এবং ‘ডিসেম্বরে জানবাজি রেখে সবাই মাঠে নামবে। এরকম একটা মেসেজ পেয়েছি।”
এটার উপর ভিত্তি করে ফৌজদারি মামলা হয়েছে বলে জানান ডিআইজি।
পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গত ১০ নভেম্বর থেকে জাহাংগীর আলমকে নজরদারিতে রাখা হয়।
পাশাপাশি তার সরকারি ও ব্যক্তিগত দুটি ফোন জব্দ করা হয়েছিল। এরপর সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শনিবার রাতে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা করা হয়।
গ্রেপ্তার জাহাংগীর আলমের সঙ্গে কত জনের কথা হয়েছে জানতে চাইলে ডিআইজি বলেন, “এগুলো বিস্তারিত তদন্তের বিষয়। এগুলো নিয়ে বিস্তারিত কথা বলতে পারছি না। কারণ অফিসিয়াল সিক্রেসির কিছু বিষয় আছে।”
গ্রেপ্তার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার বিষয়ে জানতে চাইলে ডিআইজি বলেন, “ডিপার্টমেন্টাল ব্যবস্থা হিসেবে প্রাথমিক তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছি। সেখান থেকে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
“পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। সেই মামলার তদন্ত হবে। বিভাগীয় যে ব্যবস্থা, সেটাও নেওয়া হবে।”
