‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড’: চট্টগ্রামের রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার
পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করেছে এসআরইউ।
‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাংগীর আলম চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ড্যান্ট।
চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তাকে গ্রেপ্তার করেছে।
সম্প্রতি জাহাংগীর আলমকে নজরদারিতে রেখে তার মোবাইল ফোন জব্দ করা হয়েছিল।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “তার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে। তদন্তের স্বার্থে তার দুইটা মোবাইল জব্দ করা হয়েছে।”
তবে এসপি জাহাংগীরের বিরুদ্ধে কী অভিযোগ, তা জানাতে অস্বীকৃতি জানান ডিআইজি।
২০২৪ সালে জুলাই আন্দোলনের সময় এসপি জাহাংগীর ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন।
