আমার স্বামী নির্দোষ, উনার মোবাইল হ্যাক হয়েছিল: এসপি জাহাংগীরের স্ত্রী
“আপনারা মিডিয়ারা কী বানাইছেন? কি বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। মুহসীন হলের ছাত্র।”
চট্টগ্রামে 'রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে' জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার এসপি জাহাংগীর আলমের স্ত্রীর দাবি, তার স্বামীর মোবাইল হ্যাক হয়েছিল এবং তিনি নির্দোষ।
রোববার বিকেলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপে পুলিশ কর্মকর্তা জাহাংগীরের স্ত্রী মাছুমা আক্তার বলেন, তার স্বামী কোনো রাজনীতিতেও জড়িত নন।
এসপি জাহাংগীর আলমকে এদিন চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে হাজির করা হলে বিচারক তাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
শুনানির আগে কড়া পুলিশ পাহারায় জাহাংগীর আলমকে আদালতে হাজির করা হয়। এ সময় তার মাথায় হেলমেট পরা ছিল।
পরে সাংবাদিকদের সাথে আলাপে মাছুমা আক্তার বলেন, “উনি (জাহাংগীর আলম) নিজের যোগ্যতায় চাকরি করছে। উনার কারো লবিং এ চাকরি হয়নি। ঢাকা ভার্সিটির মেধাবী ছাত্র। মেধা তালিকায় ১১তম ছিল।
“কোনোদিন রাজনীতিতে জড়ায় নাই। ফাঁদে পড়ছে। আমি জানি আমার স্বামী নির্দোষ।”
তিনি বলেন, “উনি রাজনৈতিকভাবে জড়িতই না। নিজের পড়াশোনা ঠিক রাখছে। যে ছেলে ইংলিশে অনার্স মাস্টার্স করছে, শুধু পড়ার দিকে তাকাইছে। অন্য কোনো দিকে তাকাইছে না।
“আপনারা মিডিয়ারা কী বানাইছেন? কি বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। মুহসীন হলের ছাত্র।”
জাহাংগীর আলমের বিরুদ্ধে যে দুটি বার্তা দেওয়ার অভিযোগ আছে বলে পুলিশ জানিয়েছে, তার মধ্যে একটিতে ‘নিজের বাবার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথে নামার’ কথা বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মাছুমা বলেন, “একদম ডাহা মিথ্যা কথা। আমার হাজবেন্ড এই কথা বলছেই না। এটা আপনারা বলাইছেন। উনার (জাহাংগীর) বাবা একজন কৃষক ছিল। কৃষকের ছেলে।
“একদম গরিব পরিবারের, নিজে লেখাপড়া করছে। আপনারা এলাকার বায়োডাটা দেখবেন। এই লোকের উপরে আমাদের পরিবারের ১২ জন। সৎভাবে চাকরি করে। আওয়ামী লীগের আমলেও উনার কোনো কিছু পাইছে না। কোনো রাজনীতিতে গেছেই না লেখাপড়া করব দেইখা।”
স্বামীকে নির্দোষ দাবি করে মাছুমা আক্তার বলেন, “বলছে (জাহাংগীর), আমি নির্দোষ। যেখানেই নেয়, আমি বলব আমি নির্দোষ। আমি কিচ্ছু জানি না। আপনারা রিমান্ড দেন, মারেন কাটেন, কিচ্ছু কইতে পারবে না।
“এই লোক (জাহাংগীর) রাজনীতিতে জড়িত ছিল না। মিথ্যা মামলায় উনারে ইয়ে করছে।”
তিনি বলেন, “উনার মোবাইল হ্যাক হয়েছিল। যেদিন হ্যাক হইছিল এর পরের দিনই জিডি করছে। আমি জানি আমার স্বামী নির্দোষ। এখন বাকিটা তদন্তের বিষয়।”
তবে কত তারিখ জাহাংগীরের মোবাইল ফোন হ্যাক হয়েছিল সে বিষয়ে কিছু জানাতে পারেননি তার স্ত্রী।
গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা জাহাংগীর আলমের বাড়ি নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড়া এলাকায়। কর্মসূত্রে তিনি চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেসে থাকতেন।
দুই বার্তায় কী ছিল
জাহাংগীর আলমের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগের এক নেতাকে তিনি দুটি বার্তা পাঠিয়েছেন। ওই দুটি বার্তায় কী ছিল, সে বিষয়ে সাংবাদিকদের বলেন চট্টগ্রাম মহানগর আদালতের পিপি মফিজুল হক ভুঁইয়া।
তিনি বলেন, “তিনি লিখেছেন- ‘ডিয়ার স্যার, বেস্ট উইশেস ফর ইউ। ইনশাল্লাহ বাংলাদেশ উইল বি রেস্টোর্ড টু প্রিভিয়াস স্টেট ইন ডিসেম্বর’।”
পিপি মফিজুল হক ভু্ঁইয়া আরেকটি বার্তার উদ্ধৃতি দিয়ে বলেন, “‘আসসালামু আলাইকুম স্যার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শুভ কামনা। রক্তের শেষ বিন্দু পর্যন্ত জয় বাংলা স্লোগান দিয়ে যাব। ডিসেম্বরে জীবন মরণ বাজি।’
“এবং উনার (জাহাংগীর) বাবার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে উনি প্রাণ উৎসর্গ করবে। এবং যে কোনো রকমের সিদ্ধান্ত নিতে উনি বিলম্ব করবে না, এই মর্মে উনি আশ্বস্ত করেছেন উনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে।”
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমাড্যান্ট জাহাংগীর আলম এভাবে বিদেশে অবস্থান করা আওয়ামী লীগ নেতাদের বার্তা দিতেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
মামলায় তার বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্যে রাষ্ট্রদ্রোহিতা ও দাঙ্গা সহিংসতা উসকে দেওয়ার’ অভিযোগ আনা হয়েছে।
জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মফিজুল হক ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হোয়াটস অ্যাপে তিনি (জাহাংগীর) বার্তা দিয়েছেন।”
তিনি বলেন, “এই মর্মে উনি রাষ্ট্রের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন। তার বিরুদ্ধে আরো অভিযোগ আছে। সরকারের কর্মচারী হয়ে সরকারের বিরুদ্ধে উনি ষড়যন্ত্রে লিপ্ত। সব মিলিয়ে উনি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে গ্রেপ্তার হয়েছেন। উনাকে আদালতে উপস্থাপন করা হয়েছে।”
শনিবার রাতে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে জাহাংগীর আলমকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী রোববার সকালে বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় জাহাংগীর আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। এর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপে চট্টগ্রামের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ও উস্কানির’ অভিযোগে জাহাংগীর আলমের বিরুদ্ধে মামলা হয়েছে।
জাহাংগীর আলমের বিরুদ্ধে কী ধরনের প্রমাণ মিলেছে প্রশ্ন করা হলে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “দুইটা অভিযোগ। এক নম্বর হচ্ছে, রাষ্ট্রদ্রোহের অভিযোগ। এবং দুই নম্বর হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের উসকানির অভিযোগ। এরকম দুইটা স্পেসিফিক মেসেজ আমরা পেয়েছি। যে মেসেজগুলোতে রাষ্ট্রদ্রোহিতার উপাদান আছে।
“একটা মেসেজে এরকম বলা হয়েছিল যে, ‘ডিসেম্বরে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে’। মানে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে। এরকম একটা মেসেজ। এবং ‘ডিসেম্বরে জানবাজি রেখে সবাই মাঠে নামবে। এরকম একটা মেসেজ পেয়েছি।”
পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গত ১০ নভেম্বর থেকে জাহাংগীর আলমকে নজরদারিতে রাখা হয়।
পাশাপাশি তার সরকারি ও ব্যক্তিগত দুটি ফোন জব্দ করা হয়েছিল। এরপর সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শনিবার রাতে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা করা হয়।
