এসপি জাহাংগীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
“ডিসেম্বরে জানবাজি রেখে সবাই মাঠে নামবে। এরকম একটা মেসেজ পেয়েছি।”
‘রাষ্ট্রদ্রোহ ও ষড়যন্ত্রের উসকানির’ অভিযোগে চট্টগ্রামে পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা জাহাংগীর আলমের বিরুদ্ধে মামলা হয়েছে।
চট্টগ্রামের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী এ তথ্য দিয়েছেন।
জাহাংগীর চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ড্যান্ট, শনিবার রাতে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে রোববার দুপুরে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।
জাহাংগীর আলমের বিরুদ্ধে কী অভিযোগ এবং কী ধরণের প্রমাণ পাওয়া গেছে জানতে চাইলে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “দুইটা অভিযোগ। এক নম্বর হচ্ছে, রাষ্ট্রদ্রোহের অভিযোগ। এবং দুই নম্বর হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের উসকানির অভিযোগ। এরকম দুইটা স্পেসিফিক মেসেজ আমরা পেয়েছি। যে মেসেজগুলোতে রাষ্ট্রদ্রোহিতার উপাদান আছে।
“একটা মেসেজে এরকম বলা হয়েছিল যে, ‘ডিসেম্বরে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে’। মানে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে। এরকম একটা মেসেজ। এবং ‘ডিসেম্বরে জানবাজি রেখে সবাই মাঠে নামবে'। এরকম একটা মেসেজ পেয়েছি।”
এটার উপর ভিত্তি করে প্রাথমিক ফৌজদারি যে মামলা সেটা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডিআইজি।
পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গত ১০ নভেম্বর থেকে জাহাংগীর আলমকে নজরদারিতে রাখা হয়। পাশাপাশি তার সরকারি ও ব্যক্তিগত দুটি ফোন জব্দ করা হয়েছিল। এরপর সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শনিবার রাতে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা করা হয়।
গ্রেপ্তার জাহাংগীর আলমের সাথে কতজনের কথোপকথন হয়েছে জানতে চাইলে ডিআইজি বলেন, “এগুলো বিস্তারিত তদন্তের বিষয়। এগুলো নিয়ে বিস্তারিত কথা বলতে পারছি না। কারণ অফিসিয়াল সিক্রেসির কিছু বিষয় আছে।”
একই ব্যক্তির সাথে নাকি ভিন্ন ব্যক্তির সাথে কথোপকথন এমন প্রশ্নের কোন উত্তর দিতে অসম্মতি জানিয়েছেন ডিআইজি।
আওয়ামী লীগের চট্টগ্রামের কোন নেতা নাকি জাতীয় পর্যায়ের নেতার সাথে জাহাংগীরের কথোপকথন হয় তা জানতে চাইলে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “এগুলো জিজ্ঞেস করে আমাকে বিব্রত করবেন না। এগুলো সেনসেটিভ বিষয়। এগুলো নিয়ে কথা বলতে পারব না।”
গ্রেপ্তার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার বিষয়ে জানতে চাইলে ডিআইজি বলেন, “ডিপার্টমেন্টাল ব্যবস্থা হিসেবে প্রাথমিক তদন্ত প্রতিবেদন পুলিশ হেডকোয়ার্টাসে পাঠিয়েছি। সেখান থেকে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
“পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। সেই মামলার তদন্ত হবে। ডিপার্টমেন্টাল যে অ্যাকশন সেটাও হবে।”
জাহাংগীরের সঙ্গে পুলিশের আরও কেউ জড়িত কি না জানতে চাইলে ডিআইজি বলেন, “এটা খতিয়ে দেখা হচ্ছে। যদি আরো কেউ থাকে, তারাও কিন্তু এই দুই প্রক্রিয়াতে আসবে। ডিপার্টমেন্টাল প্রসিডিং এবং ফৌজদারি মামলা।”
আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা জাহাংগীরের যোগাযোগ জানতে চাইলে ডিআইজি বলেন, “এজাহারে যে তথ্য সে তথ্যের বাইরে কোন তথ্য দিতে অপারগ, সরি।
“আমরা মামলা করেছি। যথা নিয়মে সরকারের অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। অনুমোদন পাঠানোর পরে গ্রেপ্তার ও আইনি পদক্ষেপ গ্রহণ করছে সিএমপি।”
‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড’: চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার
