২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহাঙ্গীরকে তার ছোট ভাই হত্যা করিয়েছে, দাবি স্ত্রীর

গত ১৫ জুলাই রাতে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Oct 2026, 10:48 AM

Updated : 25 Oct 2026, 10:49 AM

কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরকে তার ছোট ভাইয়ের পরিকল্পনা ও অর্থায়নে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের স্ত্রী।

শনিবার বিকালে মিঠামইন উপজেলার বেড়িবাঁধ এলাকায় জাহাঙ্গীরের বাসভবনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তার স্ত্রী তাসলিমা আক্তার।

জাহিদুল আলম জাহাঙ্গীর মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। তার ছোট ভাই আলমগীর শিকদার সদর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক।

সুইজারল্যান্ড প্রবাসী আলমগীর শিকদার ঘটনার সময় দেশে থাকলেও কয়েক সপ্তাহ আগে সুইজারল্যান্ডে ফিরে গেছেন।

গত ১৫ জুলাই রাতে জাহাঙ্গীরকে নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়। পরে ১৮ জুলাই তাসলিমা আক্তার বাদী হয়ে তিন জনকে আসামি করে মিঠামইন থানায় মামলা করেন।

হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক হয়েছিলেন মো. হেলাল। তাসলিমার দাবি, আসামি হেলালই কারাগার থেকে ফোন করে আলমগীর শিকদার তার স্বামীকে হত্যার পরিকল্পনাকারী এবং অর্থের যোগানদাতা বলে জানিয়েছে।

প্রায় ৯ মিনিট ১৮ সেকেন্ডের ফোনালাপটি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছিল।

সংবাদ সম্মেলনে তাসলিমা আক্তার অভিযোগ করেন, “আসামি হেলাল রিমান্ডে আলমগীরের নাম বলার পর মিঠামইন থানার ওসি মনোয়ার হোসেন তাকে মারধর করেছে। যার কারণে সে বাধ্য হয়ে ১৬৪ ধারায় আলমগীরের নাম বলেনি।”

ওসি মনোয়ারের ‘ষড়যন্ত্রের’ বিচার বিভাগীয় তদন্তের দাবি করে তিনি বলেন, “বহিষ্কৃত ছাত্রদল নেতা খোকাকে গ্রেপ্তার করে থানায় আনার পর আলমগীর শিকদারের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেয়া হয় কেন এর জবাবও চাই।”

তাসলিমা বলেন, “মামলার শুরুতে আলমগীর শিকদারের পাসপোর্ট জব্দ করা হয়। তাহলে পরবর্তীতে কেন তাকে দেশ থেকে পালাতে পাসপোর্ট দিয়ে সাহায্য করা হল। মামলা মিঠামইন থানা থেকে ডিবিতে হস্তান্তর করার পর থেকে আলমগীর শিকদার পলাতক।”

তাকে দেশত্যাগে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ সহায়তা করে থাকলে, সেটিও তদন্তের আওতায় আনতে হবে বলে দাবি করেন তিনি।

মৃত্যুর আগে জাহিদুল আলম জাহাঙ্গীরও তার ভাই আলমগীরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন জানিয়ে তাসলিমা বলেন, “অভিযোগে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে আলমগীর শিকদার তাকে খুন করতে পারেন এবং সে আশঙ্কাই সত্যি হয়েছে।”

তিনি বলেন, “ওই অভিযোগের তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই সাব্বির। জাহাঙ্গীর হত্যাকাণ্ডের পরের দিন সাব্বিরকে কেন তাড়াহুড়ো করে বদলী করা হয়। আপনাদের মাধ্যমে সেটার জবাব পেতে চাই।”

Image

জাহিদুল আলম জাহাঙ্গীর।

নিহতের স্ত্রী বলেন, “এ ছাড়া বাচ্চু এই হত্যাকাণ্ডের আরেকজন প্রধান অভিযুক্ত। আমার জানা ও উত্থাপিত অভিযোগ অনুযায়ী, খুনি ভাড়া করা, খুনিদের লালন-পালন করা এবং তাদের থাকার জন্য বাসা ভাড়া নেওয়াসহ বিভিন্ন বিষয়ে বাচ্চুর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এত গুরুত্বপূর্ণ অভিযোগ থাকা সত্ত্বেও বাচ্চুকে এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না?”

তাসলিমা আক্তার বলেন, “নিরপেক্ষ ও স্বচ্ছভাবে তদন্ত সম্পন্ন করার জন্য আমি মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তরের আবেদন করেছি। যাতে প্রকৃত সত্য উদ্ঘাটিত হয় এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তি আইনের আওতায় আসে।”

এমনকি জাহাঙ্গীরের অন্য ভাই-বোনেরাও আলমগীর শিকদারের শাস্তি নিশ্চিত করতে চায় বলে জানান তাসলিমা।

এ বিষয়ে নিহত জাহাঙ্গীরের বড় বোন নাদিরা পারভীন অভিযোগ করেন, “আমরা যেনো এই হত্যাকান্ড নিয়ে বাড়াবাড়ি না করি সেজন্য আলমগীর আমাদের ভাইবোনকে ফোনে হুমকি দিচ্ছে।”

অভিযোগের বিষয়ে নিহত জাহাঙ্গীরের ছোট ভাই সুইজারল্যান্ড প্রবাসী আলমগীর শিকদার মোবাইলে বলেন, “এসব অভিযোগ ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন।”

এ বিষয়ে মিঠামইন থানার ওসি মনোয়ার হোসেন কারাগার থেকে করা ওই ফোনালাপে হেলাল ও বাদী প্রকৃতপক্ষে ছিল কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি ফোনালাপটি এআই নির্মিত বলে সন্দেহ প্রকাশ করেন।

মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “মামলাটি বর্তমানে ডিবি তদন্ত করছেন।”

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “ফোনালাপের বিষয়টি আমাদের কাছে সন্দেহ হচ্ছে। তবে বাদী পক্ষের উচিত হয়নি এটি জনসম্মুখে প্রকাশ করা। আমরা এটা তদন্ত করে দেখব। ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে এ নিয়ে আমরা লিখিত দেব। ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না।”

এদিকে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যায় জড়িত মূল হোতাদের গ্রেপ্তারের দাবিতে শনিবার বিকালে মিঠামইন সদরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তারা এক সপ্তাহের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাদের গ্রেপ্তারের দাবি করেন।

পুরনো খবর:

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা