২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা

এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা
জাহিদুল আলম জাহাঙ্গীর

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2026, 10:11 AM

Updated : 19 Sep 2026, 02:29 PM

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার রাত ৯টার দিকে উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় তার বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।

অতিরিক্ত রক্তক্ষরণে রাত ১২টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনন্দ বসাক।

মিঠামইন থানার ওসি মনোয়ার হোসেন জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

পরে আরও একজনসহ মোট তিনজনকে আট কের কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। 

জাহিদুল আলম জাহাঙ্গীর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। তবে কামালপুর বেড়িবাঁধের গোটা বিশেক মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগে গেল ফেব্রুয়ারিতে তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে রাজনৈতিক সহকর্মী হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে মিঠামইন বাজার থেকে বাসায় ফিরছিলেন জাহাঙ্গীর। বাসার সামনে পৌঁছানো মাত্রই ওত পেতে থাকা তিন–চারজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।

জাহিদুল আলম জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল আউয়াল বলেন, “দুর্বৃত্তরা রাতের আঁধারে পরিকল্পিতভাবে জাহাঙ্গীর ভাইকে হত্যা করেছে। আমরা দ্রুত এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

ওসি মনোয়ার হোসেন বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।