০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

মোহাম্মদপুরে ‘কিশোর গ্যাংয়ের নেতা’ গ্রেপ্তার

রিপনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা থাকার কথা বলেছে এসআরবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 08:59 PM

Updated : 08 Nov 2026, 08:59 PM

ঢাকার মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাংয়ের এক ‘নেতাকে’ গ্রেপ্তার করার তথ্য দিয়েছে এসআরবি-২।

রিপন সিকদার ওরফে লারা (৩৭) নামে ওই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।

শনিবার রাতে মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রোববার এসআরবি-২ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গোয়েন্দা তথ্যের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, তাজমহল রোড এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলেন রিপন। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি বলেছে, রিপন মোহাম্মদপুর এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় চুরি, ছিনতাই ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

রিপনের বিরুদ্ধে থাকা ১০ মামলার মধ্যে দুটি মাদক, তিনটি ডাকাতির প্রস্তুতি, তিনটি ছিনতাই চেষ্টা, একটি চুরি এবং একটি চাঁদাবাজির মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।