১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

‘জিটিএ সিক্স’: গেইমিং ও কর্মক্ষেত্রের ছুটির হিসাব বদলে যেতে পারে

গেইমটি খেলার জন্য প্রায় প্রতি পাঁচজন কর্মীর একজন ওই সময় ছুটি নেওয়ার পরিকল্পনা করছেন।

‘জিটিএ সিক্স’: গেইমিং ও কর্মক্ষেত্রের ছুটির হিসাব বদলে যেতে পারে

উদ্বোধনী সপ্তাহের উন্মাদনা পেরিয়েও দীর্ঘ বছর ধরে গেইমারদের ধরে রাখার এক অনন্য রেকর্ড রয়েছে জিটিএ ফ্র্যাঞ্চাইজির। ছবি: রকস্টার গেইমস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 04:07 PM

Updated : 16 Nov 2026, 04:07 PM

গ্র্যান্ড থেফট অটো সিরিজের সর্বশেষ কিস্তি আসার পর পেরিয়েছে ১৩ বছর। দীর্ঘ অপেক্ষার পর গেইমপ্রেমীরা এখন প্রস্তুত হচ্ছেন এমন অভিজ্ঞতার জন্য, যা বিশ্লেষকদের মতে সর্বকালের সবচেয়ে বড় ভিডিও গেইম হিসেবে বাজারে আসতে পারে।

আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, ‘টেইক-টু ইন্টারঅ্যাকটিভ’-এর মালিকানাধীন ‘রকস্টার গেইমস’ দুই দফা তারিখ পেছানোর পর অবশেষে ১৯ নভেম্বর বাজারে আনছে ফ্র্যাঞ্চাইজিটির সর্বশেষ গেইম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ বা জিটিএ সিক্স।

মার্কিন বিনিয়োগ ব্যাংক ‘রথ ক্যাপিটাল পার্টনার্স’-এর বিশ্লেষক এরিক হ্যান্ডলারের হিসাব অনুসারে, গেইমটি তৈরিতে নির্মাতা কোম্পানিটি ১০০ কোটি ডলারেরও বেশি খরচ করেছে।

বিক্রির দিক থেকেও গেইমটি আগের সব রেকর্ড ভেঙে দিতে পারে।

বাজার বিশ্লেষক কোম্পানি ‘সেন্সর টাওয়ার’-এর তথ্য বলছে, ১৩ নভেম্বর পর্যন্ত গেইমটির ১ কোটি ২০ লাখের বেশি প্রি-অর্ডার হয়েছে।

অন্যদিকে, মরগান স্ট্যানলির পূর্বাভাস অনুসারে, ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে গেইমটির ৪ কোটি কপি বিক্রি হতে পারে।

Image

মুক্তির ১৩ বছর পরও এ বছর স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে সবচেয়ে বেশি দেখা শীর্ষ পাঁচটি গেইমের একটি গ্র্যান্ড থেফট অটো ফাইভ। ছবি: রকস্টার গেইমস

উদ্বোধনী সপ্তাহের উন্মাদনা পেরিয়েও দীর্ঘ বছর ধরে গেইমারদের ধরে রাখার এক অনন্য রেকর্ড রয়েছে জিটিএ ফ্র্যাঞ্চাইজির।

মুক্তির ১৩ বছর পরও এ বছর স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে সবচেয়ে বেশি দেখা শীর্ষ পাঁচটি গেইমের একটি গ্র্যান্ড থেফট অটো ফাইভ।

গেইমটির মুক্তিকে সামনে রেখে বিনিয়োগকারীরাও বেশ নড়েচড়ে বসেছেন। যার প্রভাবে ২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত মার্কিন মাল্টিমিডিয়া ও ভিডিও গেইম হোল্ডিং কোম্পানি ‘টেইক-টু’র শেয়ারের দাম দ্বিগুণেরও বেশি হয়েছে।

মুক্তিকে কেবল নির্মাতা কোম্পানি রকস্টার গেইমস ও এর মূল কোম্পানি ‘টেইক-টু’র জন্যই ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে না, বরং পুরো গেইমিং শিল্পের জন্যই এটা বড় সুযোগ তৈরি করেছে।

সম্প্রতি গেইমটির চাহিদা প্রসঙ্গে ‘টেইক-টু’র প্রধান নির্বাহী স্ট্রস জেলনিক বলেছেন, “এ ধরনের বিষয়ে কথা বলার ক্ষেত্রে আমরা সাধারণত বেশ সতর্ক থাকি। তবে আমাদের প্রত্যাশা উঁচুতে ছিল। এখন পর্যন্ত গেইমটির চাহিদা আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে যাচ্ছে।”

ডিজিটাল মাধ্যমের স্ট্রিমার ও কনটেন্ট নির্মাতারাও গেইমটির মুক্তিকে তাদের কনটেন্টের দর্শকপ্রিয়তা বাড়ানো, সাবস্ক্রাইবার বৃদ্ধি ও বিজ্ঞাপন থেকে আয় বাড়ানোর বড় সুযোগ হিসেবে দেখছেন।

টুইচে ৩ লাখ ৭৫ হাজার অনুসারী থাকা ও ইউটিউবসহ অন্যান্য সামাজিক মাধ্যমে নিয়মিত কনটেন্ট প্রকাশ করা ‘ডিনসোকুল’ নামের এক নির্মাতা বলেছেন, জিটিএ সিক্স নির্মাতাদের দর্শকসংখ্যা বাড়াতে সাহায্য করবে ও নতুন স্ট্রিমারদের নিজেদের পরিচিতি গড়ে তোলার বড় সুযোগ করে দেবে।

সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “গেইমটি ২০২৭ সালে অনেককে কোটিপতি বানাতে যাচ্ছে। অনেক নির্মাতাকেই বুঝতে হবে, এটাই সেই সুযোগ। এটাই সেই সোনার হরিণ। এটা ফোর্টনাইটের চেয়েও শতগুণ বড় কিছু হতে যাচ্ছে।”

এ বিষয়ে টুইচের প্রধান পণ্য কর্মকর্তা মাইক মিন্টন বলেছেন, “এটা কেবল গেইম মুক্তির মুহূর্তেই সীমিত থাকবে না, বরং নির্মাতাদের জন্য দর্শক বাড়ানো, গড়ে তোলা, সম্পৃক্ত রাখা ও ধরে রাখার দীর্ঘস্থায়ী সুযোগ তৈরি করবে, যা শেষ পর্যন্ত অর্থ উপার্জনের মাধ্যমে তাদের স্বাবলম্বী হতে সাহায্য করবে।”

‘জিটিএ সিক্স’ উন্মাদনায় কর্মক্ষেত্রে ছুটির হিড়িক

‘গ্র্যান্ড থেফট অটো’ সিরিজের সর্বশেষ গেইমটির মুক্তি এতটাই আলোড়ন তুলতে যাচ্ছে যে, এর প্রভাব কেবল গেইমিং জগতের বাইরে ছড়িয়ে পড়বে অর্থনীতির নানা খাতেও।

কর্মক্ষেত্রের ছুটি ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ‘ব্যাম্বুএইচআর’-এর এক প্রতিবেদনে লিখেছে, ২০২৪ ও ২০২৫ সালের একই সময়ের তুলনায় জিটিএ সিক্স বাজারে আসার দিনের জন্য বেতনভুক্ত ছুটির আবেদন প্রায় ১৩ শতাংশ বেড়েছে।

গেইমটি খেলার জন্য প্রায় প্রতি পাঁচজন কর্মীর একজন ওই সময় ছুটি নেওয়ার পরিকল্পনা করছেন।

মুক্তির ফলে অর্থনীতির কোন কোন খাত লাভবান বা ক্ষতিগ্রস্ত হতে পারে তা বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে বৈশ্বিক পরামর্শক কোম্পানি ‘পিডব্লিউসি’।

তাদের পূর্বাভাস অনুসারে, ঘরে বসে একটানা গেইম খেলায় মত্ত থাকা গেইমারদের কারণে খাবার সরবরাহকারী কোম্পানিগুলোর ব্যবসা চাঙ্গা হয়ে উঠতে পারে। পাশাপাশি চাঙ্গা হতে পারে মায়ামির পর্যটন খাতও।

নেটফ্লিক্সের জনপ্রিয় চলচ্চিত্র ‘কে-পপ ডিমন হান্টার্স’-এর দৃশ্যের অনুপ্রেরণা হিসেবে ব্যবহৃত সিউলের ‘বুকচন হ্যাংক’ গ্রামে চলচ্চিত্রটি মুক্তির পরবর্তী চার সপ্তাহে বিদেশি পর্যটকের সংখ্যা ১১৮ শতাংশ বেড়েছিল।

গেইমটির প্রভাবে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতেও জোয়ার আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

২০২৩ সালের ডিসেম্বরে বাজারে আসা জিটিএ সিক্সের প্রথম ট্রেইলারে টম পেটির ‘লাভ ইজ এ লং রোড’ গানটি ব্যবহৃত হওয়ার পর স্পটিফাইয়ে গানটির স্ট্রিমিং ৩৭ হাজার শতাংশেরও বেশি বেড়েছিল।

তবে এর নেতিবাচক দিকও রয়েছে। গেইমটির কারণে চলচ্চিত্র ও ভিডিও স্ট্রিমিং বিনোদন খাত দর্শক হারাতে পারে।

‘পিডব্লিউসি’র বৈশ্বিক বিনোদন ও গণমাধ্যম খাতের প্রধান বার্ট স্পিগেল বলেছেন, “মানুষ থ্যাংকসগিভিংয়ের ছুটি কীভাবে কাটাবে? টেলিভিশনে খেলাধুলার আয়োজন থাকবে ঠিকই তবে দর্শকদের বড় অংশই তখন জিটিএ সিক্স খেলায় বুঁদ হয়ে থাকবে। ফলে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো থেকে দর্শকদের মনোযোগ সরে যেতে শুরু করবে।

“আমার মনে হয় ২০২৭ সালের প্রথম প্রান্তিকে অনেক বিশ্লেষকই বলবেন, ‘শুনুন, গেইমটি মুক্তির কারণে আমাদের সূচকে পতন ঘটেছে’।”

এ বিষয়ে সিএনবিসির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি গেইমটির নির্মাতা কোম্পানি রকস্টার গেইমস।