২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকের ৯৮%, মাধ্যমিকের ৮০% বই উপজেলায়

“সরকার যখনই চাইবে তখনই বই দিতে পারবে,” বলেন এনসিটিবির সদস্য আবু নাসের।

প্রাথমিকের ৯৮%, মাধ্যমিকের ৮০% বই উপজেলায়

ঢাকার মাতুয়াইলের একটি ছাপাখানায় মাধ্যমিকের ২০২৭ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই হাতে এক কর্মী।  ছবি: আব্দুল্লাহ আল মমীন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 12:35 AM

Updated : 20 Nov 2026, 12:38 AM

নতুন বছরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে প্রাথমিক স্তরের ৯৮ দশমিক ১২ শতাংশ ও মাধ্যমিক স্তরের ৮০ দশমিক ১৮ শতাংশ বই ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে।

সেইসঙ্গে প্রাক-প্রাথমিক স্তরের শতভাগ বই ছাপা ও বাঁধাই শেষ হওয়ার পাশাপাশি ইবতেদায়ি স্তরের কাজও শেষ পর্যায়ে রয়েছে বলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে।

এনসিটিবির সচিব শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বাকি বইগুলোও নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছে দেওয়ার কাজ চলছে।”

নতুন বই কবে নাগাদ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে- এ প্রশ্নে সচিব বলেন, “এ নির্দেশনাটা মাননীয় মন্ত্রী মহোদয় দেবেন। আমরা যতটুকু জেনেছি, ডিসেম্বরে স্কুল ছুটির আগে অথবা বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হয়ত আয়োজনের একটা নির্দেশনা দেবেন। তবে আমরা এখনো এ বিষয়ে কোনো নির্দেশনা পাইনি।”

তবে এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক উইং) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার যখনই চাইবে তখনই বই দিতে পারবে। প্রাথমিকের বই প্রায় ৯৯ শতাংশ চলে গেছে।

“সরকার ২৪ ডিসেম্বর বই দিবে ছাত্রছাত্রীদের হাতে। আমাদের ৩০ নভেম্বরের মধ্যেই ৯৮ শতাংশ বই মাঠ পর্যায়ে চলে যাবে, ২ শতাংশ ১০ ডিসেম্বরের মধ্যে চলে যাবে।”

বিগত ১০ বছরের চেয়ে এবারের বইয়ের গুণগত মান ভালো বলে দাবি করেন তিনি।

নতুন বই দেওয়ার উদ্বোধন অনুষ্ঠান নিয়ে এনসিটিবির সচিব বলেন, “অনুষ্ঠানের সূচিটা আমরা এখন পর্যন্ত জানি না। আমাদের দায়িত্ব হল নির্দিষ্ট সময়ের মধ্যে বইগুলো পৌঁছে দেওয়া। এরপর মাননীয় মন্ত্রী, সিনিয়র সচিব এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মহোদয় আছেন—উনারা ঠিক করবেন যে কীভাবে এটি আয়োজন করবেন।”

এনসিটিবির হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক—এ চার স্তরে ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯টি বই ছাপানো হচ্ছে। এর মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে ৯ হাজার ৪ কপি বইও রয়েছে।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের সব উপজেলায় শতভাগ বই পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।

এনসিটিবির ১৯ নভেম্বরের সারসংক্ষেপ প্রতিবেদনে চার স্তরের বই মুদ্রণ, বাঁধাই ও পিডিআই (প্রি-ডেলিভারি ইন্সপেকশন) কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়েছে।

স্তর মোট পাঠ্যপুস্তক বাঁধাই করা বই পিডিআই (PDI) সম্পন্ন বই
প্রাক-প্রাথমিক ৫৭,৩০,৬৪০ ৫৭,৩০,৬৪০ (১০০%) ৫৭,৩০,৬৪০ (১০০%)
প্রাথমিক ৭,৬০,৯৭,০৯৬ ৭,৪৯,২৫,২০০ (৯৮.৪৬%) ৭,৪০,২৭,২৫৪ (৯৭.২৮%)
ইবতেদায়ি ৪,১৬,৩৯,৫৭৪ ৩,৯০,০৩,৭৮৯ (৯৩.৬৭%) ৩,৮৪,৪৯,৯৮২ (৯২.৩৪%)
মাধ্যমিক ১৭,৯৫,৪৩,০১৮ ১৪,৯৩,২৫,৯২৮ (৮৩.১৭%) ১৪,৩৮,৩১,৯১১ (৮০.১১%)
সর্বমোট ৩০,৩০,১০,৩২৮ ২৬,৮৯,৮৫,৫৫৭ (৮৮.৭৭%) ২৬,২০,৩৯,৭৮৭ (৮৬.৪৮%)

বই মুদ্রণের কাজের পাশাপাশি গুণগত মান বজায় রাখার বিষয়েও নজরদারি জোরদারের কথা জানিয়েছেন এনসিটিবি সচিব ফিরোজ আল ফেরদৌস।

“নির্ধারিত সময়ে বই পৌঁছে দেওয়ার পাশাপাশি মান নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন করা হচ্ছে, যাতে কোনোভাবেই মানহীন বই শিক্ষার্থীদের হাতে না যায়,” বলেন তিনি।