খুলনায় এবার আঠারোবাঁকী নদীতে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ
নিহতদের শরীরের বিভিন্ন স্থান ও মাথার পেছনে ক্ষত ও গুলির চিহ্ন দেখা গেছে, বলছে পুলিশ।
খুলনার রূপসা উপজেলার আঠারোবাঁকী নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের সিংহেরচর এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে রূপসা থানার ওসি মো. মাসুম খান জানান।
নিহতরা হলেন- উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে মেহেদী হাসান (৩৫) এবং সিংহেরচর গ্রামের বাসিন্দা রেজাউল করিম (৩০)।
পুলিশ মরদেহ দুটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি মাসুম খান বলেন, দুজনকেই গুলি করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে মেহেদীর ওপর ভ্রুর পাশে গুলির চিহৃ রয়েছে। আর রেজাউলের থুতনির নিচে ও পিঠে গুলির চিহৃ রয়েছে।
তারা সন্ত্রাসী বাহিনী ‘বি-কোম্পানির’ সক্রিয় সদস্য ছিলেন বলে জানিয়েছেন তিনি।
ময়নাতদন্তের প্রতিবেদন ও অনুসন্ধান শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনার কারণ এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে পুলিশ।
