১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ের ফটকে আগুন

“ব্যাংকের গেইটের বাইরে বোতলে পেট্রল জাতীয় কিছু দিয়ে আগুন লাগিয়ে ফেলে রাখা হয়।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 02:20 PM

Updated : 18 Nov 2026, 02:20 PM

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সাতকানিয়া পৌর সদরের গ্রামীণ ব্যাংকের ঢেমশা শাখায় মঙ্গলবার গভীর রাতে এ আগুন দেয়ার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, “রাত পৌনে ২টার দিকে ব্যাংকের গেইটে একটি বোতলে আগুন লাগিয়ে রাখা হয়েছিল।”

ব্যবস্থাপক মাহবুব বলেন, “ব্যাংকের চারতলা নিজস্ব ভবনটিতে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা রাত্রিযাপন করি। রাতেও সেখানে ১১জন ছিলাম। আগুন দেখেই আমরা নিচে নেমে এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলি।”

এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।

সাতকানিয়া থানার ওসি আব্দুল আলীম বলেন, “রাতে কোন দুস্কৃতিকারী ব্যাংকের গেইটের বাইরে বোতলে পেট্রোল জাতীয় কিছু দিয়ে আগুন লাগিয়ে ফেলে রেখে যায়।”

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।