১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

জিডিপি প্রবৃদ্ধির হিসাবে অসঙ্গতি, ৪ ক্ষেত্রে সংস্কারের পরামর্শ

উপদেষ্টা বলেন, বিশেষজ্ঞ কমিটির এ পর্যালোচনা বা নিরীক্ষায় কোনো ধরনের প্রশাসনিক কিংবা রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়নি।

জিডিপি প্রবৃদ্ধির হিসাবে অসঙ্গতি, ৪ ক্ষেত্রে সংস্কারের পরামর্শ

সেমিনারে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 09:56 PM

Updated : 14 Nov 2026, 09:56 PM

দেশের জিডিপি প্রবৃদ্ধি ও জাতীয় আয়ের পরিসংখ্যানে ‘অসঙ্গতি’ ও কাঠামোগত দুর্বলতা থাকার তথ্য তুলে ধরা হয়েছে এ বিষয়ে গঠিত একটি কমিটির নিরীক্ষা প্রতিবেদনের খসড়ায়।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত দেড় দশকের একাধিক অর্থবছরে সরকারি হিসাবে যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয়েছে, বাস্তব অর্থনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন সূচকের সঙ্গে সেগুলোর অসামঞ্জস্য রয়েছে বলে এ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জাতীয় হিসাব ও শিল্প উৎপাদনের তথ্য বিশ্লেষণ করে নিরীক্ষা প্রতিবেদন তৈরি করেছে সাত সদস্যের একটি কমিটি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতের প্রবৃদ্ধি এবং শিল্প উৎপাদন সূচকের তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে কমিটি। এসব সমস্যা সমাধানে চারটি ক্ষেত্রে সংস্কারের সুপারিশ করেছে কমিটি।

শনিবার আগারগাঁওয়ে বিবিএসের সম্মেলন কক্ষে ‘জিডিপির হিসাবের ফরেনসিক অডিট প্রতিবেদন পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে প্রতিবেদনটির খসড়া ফল তুলে ধরেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক। পরিকল্পনা মন্ত্রণালয় এ সেমিনারের আয়োজন করে।

তথ্যের সঠিকতা, বিশ্বাসযোগ্যতা, ব্যবহার উপযোগিতা এবং তথ্যপ্রাপ্তির সহজলভ্যতা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত নিরীক্ষা কমিটির খসড়া প্রতিবেদনের ওপর মতামত নিতে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে জানানো হয়, গত মার্চে সাত সদস্যের এ কমিটি করা হয়।

কমিটির সদস্য ও বিআইডিএসের মহাপরিচালক এনামুল হক বলেন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল তিতুমীরের নির্দেশে গত মার্চে এ কমিটি গঠন করা হয়।

প্রতিবেদনের বিষয়ে উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের অভিযোগ, “রাজনৈতিক স্বার্থে ও তথাকথিত উন্নয়নের বয়ান প্রতিষ্ঠায় অতীতে দেশের জিডিপি প্রবৃদ্ধির পরিসংখ্যান বাড়িয়ে দেখানো হয়েছে।"

তিনি বলেন, বিশেষজ্ঞ কমিটির এ পর্যালোচনা বা নিরীক্ষায় কোনো ধরনের প্রশাসনিক কিংবা রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়নি। বিআইডিএসের গবেষক ও স্বাধীন বিশেষজ্ঞরা বৈজ্ঞানিক ও পেশাদার পদ্ধতিতে, পিয়ার রিভিউয়ের মাধ্যমে পর্যালোচনার কাজ সম্পন্ন করেছেন।

“কাউকে দায়ী করার জন্য এই ফরেনসিক রিপোর্ট নয়, জিডিপির সঠিক চিত্র পেতে কোথায় ঘাটতি আছে, সীমাবন্ধতা কোথায় সেটা বের করার জন্য ফরেনসিক রিপোর্ট তৈরি করা।”

সেমিনারে খসড়া প্রতিবেদন উপস্থাপন করেন নিরীক্ষা কমিটির সদস্য এনামুল হক।

প্রবৃদ্ধির হারে ‘অস্বাভাবিক পরিবর্তন’

কমিটি দুটি সময়ের প্রবৃদ্ধির তুলনা করে। প্রথমটি ২০১০-১১ থেকে ২০১৩-১৪ অর্থবছর এবং দ্বিতীয়টি ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ অর্থবছর।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম চার অর্থবছরে গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ২৭ শতাংশ। দ্বিতীয় চার অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ৩৯ শতাংশে। অর্থাৎ প্রবৃদ্ধির হার বেড়েছে ১ দশমিক ১৩ শতাংশ পয়েন্ট।

অর্থনীতির সব খাতে একই ধরনের পরিবর্তন না এলেও প্রবৃদ্ধির এ বাড়তি গতি মূলত কোন কোন খাতের কারণে হয়েছে- তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে প্রতিবেদনে।

উৎপাদন খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা

প্রতিবেদনে বলা হয়েছে, প্রবৃদ্ধির বাড়তি গতির প্রায় ৪১ শতাংশ এসেছে উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাত থেকে। জিডিপিতে এ খাতের গড় অবদান ছিল ১৯ দশমিক ৬৮ শতাংশ। খাতটির প্রবৃদ্ধির হার বেড়েছে ১৩ দশমিক ০১ শতাংশ পয়েন্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, উৎপাদন খাতের প্রবৃদ্ধি বৃদ্ধির বড় অংশ এসেছে বৃহৎ ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান থেকে। ক্ষুদ্র শিল্পের অবদান তুলনামূলকভাবে কম।

পোশাক খাতের তথ্যের সঙ্গে অসংগতি

বাংলাদেশের উৎপাদন খাতের প্রবৃদ্ধি বৃদ্ধির পেছনে তৈরি পোশাকশিল্পের বড় ভূমিকা থাকার কথা সাধারণভাবে মনে করা হলেও বিবিএসের কোয়ান্টাম ইনডেক্স অব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বিশ্লেষণ করে ভিন্ন চিত্র পেয়েছে কমিটি।

প্রতিবেদন অনুযায়ী, উৎপাদন খাতের সূচকে তৈরি পোশাকের ওজন ৩৪ দশমিক ৮৪ শতাংশ। অথচ এ উপখাতের প্রবৃদ্ধি বাড়ার পরিবর্তে কমেছে।

অন্যদিকে সিমেন্ট, অখাদ্য খনিজ পণ্য, বস্ত্র, ওষুধ ও চামড়াজাত পণ্যের মতো কয়েকটি উপখাতে প্রবৃদ্ধি বেড়েছে।

কমিটির পর্যবেক্ষণ, তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধি আগের অবস্থানে থাকলেও উৎপাদন খাতের সামগ্রিক প্রবৃদ্ধি বৃদ্ধির পরিমাণ প্রায় দ্বিগুণ হতে পারত।

কয়েকটি শিল্পে অস্বাভাবিক প্রবৃদ্ধি

শিল্প উৎপাদন সূচকে কয়েকটি উপখাতের প্রবৃদ্ধিকে অস্বাভাবিক বলে চিহ্নিত করেছে কমিটি।

এর মধ্যে রয়েছে পেট্রোলিয়াম পরিশোধন, সিমেন্ট উৎপাদন, জাহাজ নির্মাণ এবং বিদ্যুৎ ও গ্যাস খাত।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে পেট্রোলিয়াম পরিশোধন খাতে প্রবৃদ্ধি ছিল ৮৭ দশমিক ৪ শতাংশ। পরবর্তী সময়ে এ খাতে বড় ধরনের পতনও দেখা গেছে।

সিমেন্ট উৎপাদনে পরপর দুই অর্থবছরে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৬১ দশমিক ৬ ও ৫১ দশমিক ৭ শতাংশ।

জাহাজ নির্মাণ শিল্পে ২০১৪-১৫ অর্থবছরে প্রবৃদ্ধি দেখানো হয় ৪ হাজার ২৪২ দশমিক ৪ শতাংশ। পরের অর্থবছরে তা ছিল ৪৯৭ দশমিক ৬ শতাংশ। বিদ্যুৎ ও গ্যাস খাতে ২০১৫-১৬ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ১৩ দশমিক ৪ শতাংশ।

কমিটির বক্তব্য, এসব খাতের উৎপাদনসংক্রান্ত তথ্য কয়েকটি বড় প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রতিবেদননির্ভর। ফলে অল্প কয়েকটি প্রতিষ্ঠানের তথ্যের পরিবর্তনেই পুরো উপখাতের সূচকে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

পুরোনো ভিত্তিবছরের তথ্যের ওপর নির্ভরতা

প্রতিবেদনে ২০০৫-০৬ ভিত্তিবছরের তথ্যের ওপর অতিরিক্ত নির্ভরতার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

কমিটির পর্যবেক্ষণ, কিছু ক্ষেত্রে নতুন করে উৎপাদন জরিপ না করে পুরোনো ভিত্তিবছরের তথ্যের ওপর নির্দিষ্ট প্রবৃদ্ধির হার প্রয়োগ করে পরবর্তী বছরের উৎপাদন ও মূল্য সংযোজন হিসাব করা হয়েছে।

পাশাপাশি উৎপাদন ও নির্মাণ খাতের হিসাব তৈরিতে একই তথ্য একাধিকবার ব্যবহারের ঝুঁকিও চিহ্নিত করেছে কমিটি।

কর ও ভর্তুকির হিসাবেও প্রশ্ন কমিটির

প্রতিবেদনে কর থেকে ভর্তুকি বাদ দেওয়ার পর জিডিপিতে যুক্ত হওয়া অর্থের হিসাব নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

২০১৫-১৬ অর্থবছরে এ খাতের প্রবৃদ্ধি ছিল ২০ দশমিক ৮ শতাংশ। পরের অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ২৩ দশমিক ৮ শতাংশে।

কমিটির পর্যবেক্ষণ, এ হিসাব সরাসরি উৎপাদন জরিপ থেকে আসে না; বরং সরকারি আর্থিক ও রাজস্বসংক্রান্ত তথ্যের ওপর নির্ভরশীল। ফলে এ খাতের অস্বাভাবিক প্রবৃদ্ধি জিডিপির সামগ্রিক হিসাবকে প্রভাবিত করতে পারে।

তথ্য যাচাইয়ে দুর্বলতা

জিডিপির হিসাব তৈরিতে বিবিএসের নিজস্ব জরিপের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার করা হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান।

কিন্তু এসব তথ্যের যথাযথ যাচাই এবং একাধিক উৎসের সঙ্গে মিলিয়ে দেখার ব্যবস্থা দুর্বল বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

ফলে কোনো প্রতিষ্ঠানের দেওয়া ভুল বা অতিরঞ্জিত তথ্য সরাসরি জাতীয় হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করে কমিটি।

চার ক্ষেত্রে সংস্কারের সুপারিশ

এসব সমস্যা সমাধানে চারটি ক্ষেত্রে সংস্কারের সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি।

প্রথমত, তথ্য সংগ্রহ ও যাচাইব্যবস্থা আধুনিক করতে হবে। সব খাতের জন্য অভিন্ন ডিজিটাল তথ্য সংগ্রহের পদ্ধতি চালু করতে হবে। প্রতিটি তথ্যের উৎস ও হিসাবের পদ্ধতি নথিভুক্ত করার পাশাপাশি গবেষকদের জন্য পরিচয়বিহীন তথ্য উন্মুক্ত করার সুপারিশ করা হয়েছে।

দ্বিতীয়ত, পুরোনো ভিত্তিবছরের পরিবর্তে নতুন জরিপ করতে হবে। শিল্প উৎপাদন সূচকের নমুনা নির্বাচন ও তথ্য সংগ্রহের পদ্ধতি শক্তিশালী করতে হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নতুন জরিপের পাশাপাশি ইনপুট-আউটপুট টেবিল ও মূল্য নির্ধারণের পদ্ধতি হালনাগাদ করতে হবে।

তৃতীয়ত, বিবিএসের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। জাতীয় হিসাব ও মূল্যসংক্রান্ত পরিসংখ্যান তৈরির দায়িত্ব বিবিএসের হাতে রাখা, তথ্য প্রকাশের স্বাধীনতা দেওয়া এবং প্রতিষ্ঠানটির প্রধান নিয়োগে পেশাদার ও প্রতিযোগিতামূলক নির্বাচনব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে। নিয়মিত জরিপের জন্য সরকারি বাজেট থেকে অর্থ বরাদ্দ নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

চতুর্থত, অর্থনীতির সব খাতের তথ্য জাতীয় হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। বিশেষ করে সেবা খাত ও অনানুষ্ঠানিক অর্থনীতির তথ্য সংগ্রহ বাড়াতে হবে। উৎপাদন ও ব্যয়ভিত্তিক হিসাবের সঙ্গে তুলনার জন্য আয়ভিত্তিক হিসাব পদ্ধতি যুক্ত করারও সুপারিশ করেছে কমিটি।

কমিটির মতে, জাতীয় আয়ের পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে শুধু হিসাবের পদ্ধতি পরিবর্তন করলেই হবে না। বিবিএসের স্বাধীনতা, তথ্যের স্বচ্ছতা এবং নিয়মিত জরিপ পরিচালনার সক্ষমতাও নিশ্চিত করতে হবে।

সাত খাতে তথ্য বিকৃতির অভিযোগ উপদেষ্টার

সেমিনারে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, রাজনৈতিক স্বার্থে ও তথাকথিত উন্নয়নের বয়ান প্রতিষ্ঠায় অতীতে দেশের জিডিপি প্রবৃদ্ধির পরিসংখ্যান বাড়িয়ে দেখানো হয়েছে।

তিনি বলেন, “২০১৪-১৫ অর্থবছর থেকে জাতীয় হিসাবের বিভিন্ন ক্ষেত্রে অসংগতি দেখা গেছে। বিবিএসের নিজস্ব মাঠপর্যায়ের জরিপের তথ্যের তুলনায় প্রশাসনিক ও অন্যান্য মাধ্যম থেকে সংগৃহীত উপাত্তে বিকৃতি ঘটানোর সুযোগ বেশি ছিল। এ সুযোগ কাজে লাগিয়ে সাতটি খাতের উপাত্তে মনগড়া তথ্য যুক্ত করে জিডিপির আকার ও প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে।”

তিনি বলেন, দেশে সিমেন্টের যে পরিমাণ উৎপাদন দেখানো হয়েছে, জিডিপিতে ওই খাতের মূল্য সংযোজনের হিসাবের সঙ্গে তার মিল পাওয়া যায়নি।

তিনি বলেন, “তৈরি পোশাক খাতে তথ্যের স্বচ্ছতা তুলনামূলক বেশি থাকায় সেখানে এ ধরনের বিকৃতির সুযোগ কম ছিল। তবে পেট্রোলিয়াম রিফাইনিং, জাহাজ নির্মাণ ও সিমেন্টের মতো কয়েকটি খাতে অস্বাভাবিক উৎপাদন ও মূল্য সংযোজন দেখিয়ে সামগ্রিক শিল্প খাতের প্রবৃদ্ধি বাড়িয়ে উপস্থাপন করা হয়েছে। যদিও পরবর্তীকালে তা কমানো হয়েছে।”

পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, জিডিপি কোনো রাজনৈতিক হাতিয়ার নয়, বরং অর্থনীতির প্রকৃত অবস্থার প্রতিফলন হওয়া জরুরি।