‘পা কিছুদিন ছুটিতে থাকবে’, বললেন আরিয়ান
অনুরাগ বসু পরিচালিত একটি প্রেমের সিনেমায় কাজ শুরুর কথা রয়েছে আরিয়ানের।
‘চান্দু চ্যাম্পিয়ন’ খ্যাত বলিউডি অভিনেতা কার্তিক আরিয়ান আগামীতে কিছুদিন সামনে আসতে পারছেন না।
কদিন আগে পরিচালক কবীর খানের স্পোর্টস ড্রামার শুটিং চলার সময়ে হাঁটুতে গুরুতর আঘাত পান এই অভিনেতা। তারপর মুম্বাইয়ের একটি হাসপাতালে তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন বলে জানিয়েছে ‘দ্য ওয়াল’।
সোশাল মিডিয়ায় কয়েকটি ছবি দিয়ে আরিয়ান লিখেছেন, তার ‘পা কিছুদিন ছুটিতে থাকবে’।
এর আগে ২০২৩ সালে ‘শেহজাদা’ সিনেমার শুটিংয়ের সময়ও হাঁটুতে চোট পেয়েছিলেন কার্তিক।
সুস্থ হওয়ার পর অনুরাগ বসু পরিচালিত একটি প্রেমের সিনেমায় কাজ শুরুর কথা রয়েছে আরিয়ানের। টি-সিরিজের প্রযোজনায় ওই সিনেমায় তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী শ্রীলীলা।
সম্প্রতি ৭২তম জাতীয় চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। গেল ১৮ জুলাই পুরস্কার ঘোষণা করা হয়। কবীর খান পরিচালিত ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর জন্য সম্মানিত হয়েছেন তিনি।
কিছু দিন আগে বন্যাবিধ্বস্ত আসামের পাশেও দাঁড়িয়েছিলেন কার্তিক। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা অনুদান দিয়েছিলেন অভিনেতা। রাজ্যের মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডলে জানানো হয়েছিল, কার্তিকের এই আর্থিক সহায়তা ত্রাণকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কার্তিক আরিয়ানের আসল নাম কার্তিক তিওয়ারি। সিনেমা জগতে তিনি পরিচিতি কার্তিক আরিয়ান নামে। পড়তেন মুম্বাইয়ের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে। কিন্তু মন ছিল অভিনয়ে।
লাভ রঞ্জনের নির্দেশনায় ২০১১ সালে ‘পেয়ার কা পঞ্চনামা’ সিনেমায় আরিয়ানের বলিউডে পা রাখা। পরে পরপর দুটি সিনেমা-‘আকাশবাণী’, ‘কাঞ্চি’ বক্স অফিসে খুব সাড়া ফেলতে না পারায় তার পথ আবার কঠিন হয়ে ওঠে। তবে তিনি থেমে যাননি।
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘সনু কে টিটু কি সুইটি’ তার ক্যারিয়ারে বড় বাঁক এনে দেয়। সিনেমাটি সুপারহিট হওয়ার পর কার্তিককে আর উপেক্ষা করা যায়নি।
‘লুকা চুপি’, ‘পতি পত্নী অউর ওহ’, ‘সত্যপ্রেম কি কথা’-সব কটিই বাণিজ্যিকভাবে ভালো চলে। ২০১৮ সাল থেকে আরিয়ান অভিনীত মুক্তি পাওয়া আটটি সিনেমার পাঁচটি হিট হয়। এমন ধারাবাহিকতা এখন বলিউডে বিরল।
কোভিড মহামারী পরবর্তী সময়ে হিন্দি সিনেমা ছিল সবচেয়ে বড় সংকটে পড়ে। সে সয় মুক্তি পায় ‘ভুল ভুলাইয়া ২’। সিনেমায় অক্ষয় কুমার মূল ব্যক্তি হলেও সমালোচকদের কথায়, আরিয়ানের জন্যই মানুষ হলমুখো হয়। এর পর আরিয়ানের ‘ফ্রেডি’ সিনেমাটিও জনপ্রিয় হয়।
সবশেষে আসে ‘চান্দু চ্যাম্পিয়ন’, যেখানে আরিয়ান অভিনয় করেন ভারতীয় অ্যাথলেট মুরলিকান্ত পান্ডের চরিত্রে। আরিয়ান এই সিনেমার দীর্ঘদিন কুস্তি, দৌড়, ডায়েট, এমনকি পেশাদার ক্রীড়াবিদদের মত কোচিং নিয়েছেন।
এই সিনেমাই তাকে এনে দেয় স্বীকৃতি।
