ইকবাল সোবহানকে গ্রেপ্তার দেখাল ডিবি, ‘মুচলেকায়’ ছাড়া পাচ্ছেন রাজীব ঘোষ
মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাদের আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা, বেসরকারি টেলিভিশন স্টেশন ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
অপরদিকে গোয়েন্দা পুলিশের হাতে আটক ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হওয়ার তথ্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দাপ্রধান শফিকুল ইসলাম।
আরেক ডিবি কর্মকর্তা জানান, রাজীবকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি একটু পরেই ছাড়া পাবেন।
বুধবার রাত সোয়া ১২টার দিকে ডিএমপির ডিবি প্রধান জানান, ইকবাল সোবহানকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মুচলেকা দিয়ে ছাড়া পাচ্ছেন রাজীব ঘোষ।
অতিরিক্ত পুলিশ কমশিনার শফিকুল এ দুই সাংবাদিকের আটকের বিষয়ে আর বিস্তারিত তথ্য দেননি।
রাজধানীর মহাখালীতে বুধবার দুপুরে বেসরকারি টিভি ডিবিসি নিউজের কার্যালয় থেকে টেলিভিশন স্টেশনটির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে পুলিশ। সে সময় প্রতিষ্ঠানের প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকেও পুলিশ নিয়ে যায়।
