২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে চলন্ত বাসে আগুন

“চলন্ত বাসটিতে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা আগুন দিয়ে চলে যায়,” বলেন পুলিশের এক কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 09:55 PM

Updated : 28 Nov 2026, 09:55 PM

রাজধানীর মিরপুর ১০ নম্বরে ইতিহাস পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বাসটির অধিকাংশ পুড়ে গেলেও এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসে নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, মিরপুর ১০ গোলচত্বর থেকে মিরপুর ১ এর দিকে যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের বাসটিতে আগুন লাগে। সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা গিয়ে আগুন নেভান।

মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম বলেন, “চলন্ত বাসটিতে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা আগুন দিয়ে চলে যায়। এতে কেউ হতাহত হয়নি।”

বাসটির চালক ও হেলপারকে হেফাজতে নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ভিডিও সংগ্রহ করা হচ্ছে।

এর আগে শনিবার ভোরে মোহাম্মদপুরের বসিলায় পুলিশের পরিত্যক্ত পিকআপে আগুন লাগে।