বারিধারায় বৈশাখী পরিবহনের বাসে আগুন
জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক ও সহকারীকে থানায় নেওয়ার কথা বলেছে ভাটারা থানা পুলিশ।
ঢাকার বারিধারায় বৈশাখী পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন লাগার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ‘জে’ ব্লকের এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম বলেন, “৫টা ৫৭ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”
কীভাবে বাসটিতে আগুন লাগে কিংবা আগুন লাগার সময় তাতে কোনো যাত্রী ছিলেন কিনা, তা তাৎক্ষণিক জানা যায়নি।
ভাটারা থানার ডিউটি অফিসার বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাসটি সরিয়ে নেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক ও সহকারীকে থানায় নেওয়া হয়েছে।
