১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

বল টেম্পারিংয়ের ঘটনায় আগের অবস্থানেই অনড় কামিন্স

তুমুল আলোচিত-সমালোচিত ঘটনাটি নিয়ে ক্যামেরন ব্যানক্রফটের বিবৃতির পর অস্ট্রেলিয়া অধিনায়কের এজেন্ট বলেছেন, ‘এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর তিনি দেননি।’

বল টেম্পারিংয়ের ঘটনায় আগের অবস্থানেই অনড় কামিন্স

প্যাট কামিন্স। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 07:08 PM

Updated : 19 Nov 2026, 07:08 PM

আট বছর আগে কেপ টাউন টেস্টের সেই বল টেম্পারিং কেলেঙ্কারিয়ের ঘটনায় জড়িত ছিল পুরো অস্ট্রেলিয়া দল- উসমান খাওয়াজার মতো ক্যামেরন ব্যানক্রফটও এই দাবি করার পর, নিজের আগের অবস্থানের কথাই তুলে ধরেছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক আবারও জোর দিয়ে বলেছেন, এ বিষয়ে তিনি কিছুই জানতেন না।

বুধবার সন্ধ্যায় ব্যানক্রফট চার হাজার শব্দের একটি বিবৃতি প্রকাশ করেন। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গেবেখা (তৎকালীন পোর্ট এলিজাবেথ) ও কেপ টাউন টেস্টে ঠিক কীভাবে বল টেম্পারিং করা হয়েছিল, তার বিস্তারিত বিবরণও দেন ব্যানক্রফট।

এই ঘটনা অস্ট্রেলিয়ান ক্রিকেটকে আরও বড় বিশৃঙ্খলার মুখে ঠেলে দিয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বলেছিল, ওই সফরের সঙ্গে যুক্ত যে কেউ চাইলে একটি স্বাধীন ফোরামে তাদের জানা তথ্য তুলে ধরতে পারবেন।

ব্যানক্রফট তার বিবৃতিতে গত শুক্রবার সিডনিতে কামিন্সের ৬৮ মিনিটের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় বেশ আবেগঘন ভাষায় নিজের অনুভূতি ব্যক্ত করেন। সেই সংবাদ সম্মেলনে কামিন্স বলেছিলেন, খাওজার দাবি ‘শতভাগ ভুল’ এবং অন্যদের জীবন নিয়ে তিনি খুব হালকাভাবে মন্তব্য করেছেন।

কামিন্সের সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় ব্যানক্রফট লেখেন, “এটি আমাকে ক্ষুব্ধ করেছে, মনে হয়েছে যেন বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি এবং একা হয়ে পড়েছি।”

ব্যানক্রফটের বিবৃতি প্রকাশের পর বুধবার সন্ধ্যায় কামিন্সের দীর্ঘদিনের এজেন্ট নিল ম্যাক্সওয়েল সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেন। বৃহস্পতিবার ক্রিকেটওয়েবসাইট ক্রিকইনফোকে আরও একটি বিবৃতি দেন তিনি।

“আট বছরে প্যাটের (কামিন্স) অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। প্রথম দিন থেকেই তিনি তার অবস্থানে অটল ও অবিচল। প্যাট অবশ্যই ক্যামেরনের (ব্যানক্রফট) কষ্ট অনুভব করতে পারছে; তিনি অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন।

“আমরা সবাইকে অনুরোধ করব, প্যাট যে সাক্ষাৎকার দিয়েছিলেন, তার প্রতিলিপিটি যেন আবারও পড়েন। এমন কোনো বিষয় নেই যার উত্তর তিনি দেননি, এমনকি ক্যামেরন এখন যা বলেছে, তার উত্তরও সেখানে আছে।”

ম্যাক্সওয়েল আরও বলেন, “অস্ট্রেলিয়ান ক্রিকেট দলকে নতুন করে গড়ে তুলেছেন প্যাট। কেপ টাউনের সেই ২৪ বছর বয়সি তরুণ দলটিকে কক্ষপথে ফেরানোর সংকল্প নিয়েছিল এবং গত আট বছর ধরে তিনি সেই কাজই করে গেছেন।”

বিষয়টি নিয়ে জশ হেইজেলউড ও ন্যাথান লায়নের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। আর মিচেল স্টার্ক গত সপ্তাহে বলেন, ২০২১ সালের বিবৃতির পর বোলারদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

২০২১ সালে দা গার্ডিয়ানে সাক্ষাৎকারে ব্যানক্রফট বলেছিলেন, কেপ টাউনে যে বল টেম্পারিংয়ের ব্যাপারটি অস্ট্রেলিয়ান বোলাররা জানত, এটা “স্বতঃসিদ্ধ।” ব্যানক্রফটের সেই সাক্ষাৎকারের জবাবে চার বোলার কামিন্স, স্টার্ক, হেইজেলউড এবং লায়ন একটি যৌথ বিবৃতি প্রকাশ করে বল টেম্পারিং সম্পর্কে কোনো কিছু জানার কথা অস্বীকার করেন।

ক্রিকেটে ‘স্যান্ডপেপারগেট’ নামে পরিচিতি ওই ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তের পর কেবল ব্যানক্রফট, স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে শাস্তির আওতায় আনা হয়েছিল।

ওই সিরিজের দলে থাকা খাওয়াজা কয়েকদিন আগে বিষয়টি নিয়ে বোমা ফাটান। তিনি তার আত্মজীবনীতে দাবি করেন, বল টেম্পারিংয়ের ঘটনায় সঙ্গে জড়িত ছিল পুরো দল।

ঘটনাটি নিয়ে ব্যানক্রফটের বিবৃতির প্রতিক্রিয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বলেছে, “ক্যামেরন ব্যানক্রফট যে তার নিজের বক্তব্য তুলে ধরেছেন, সেজন্য আমরা তাকে সম্মান জানাই। তার মন্তব্যগুলো নিয়ে ভেবে দেখার জন্য আমরা সময় নেব। ২০১৮ সালের ঘটনাপ্রবাহের অনেকগুলো দিক থাকতে পারে বলে আমরা মনে করি; আর ঠিক এ কারণেই আমরা এমন একটি ফোরাম তৈরি করেছি, যেখানে ব্যক্তিরা ঘটনা সম্পর্কে নিজেদের ভাষ্য তুলে ধরতে পারবেন।”