০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ভারতকে হারিয়ে এশিয়া সফর শেষ ব্রাজিলের

এস্তভোঁ, পেদ্রো ও লিনোর গোলে ৪-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল।

ভারতকে হারিয়ে এশিয়া সফর শেষ ব্রাজিলের

ভারতের বিপক্ষে গোল উদযাপন করছে ব্রাজিল দল। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 10:08 PM

Updated : 03 Oct 2026, 10:43 PM

টিকেটের চড়া দামের জন‍্য পুরোপুরি ভরল না কলকাতার মাঠের গ‍্যালারি। মাঠে মন ভরানোর মতো ফুটবল খেলতে পারল না ব্রাজিল। তবে শক্তি, সামর্থ‍্য ও ঐতিহ‍্যে এগিয়ে থাকা দলটি মাঠ ছাড়ল বড় জয় নিয়ে। পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নদের বিপক্ষে লড়াইয়ের ছাপ রাখা ভারত দেখাল উন্নতির ছাপ।

সল্ট লেগ স্টেডিয়ামে শনিবার ৪-০ গোলে জিতে এশিয়া সফর শেষ করেছে কার্লো আনচেলত্তির দল।

এস্তোভোঁ ব্রাজিলকে এগিয়ে নেওয়ার পর ব‍্যবধান দ্বিগুণ করেন পেদ্রো। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন সামুয়েল লিনো।

প্রতিপক্ষের মাঠে প্রথম ভালো সুযোগ পান ভিনিসিউস জুনিয়র। অষ্টম মিনিটে রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের শট ঠেকান গোলরক্ষক।

সাত মিনিট পর প্রতি আক্রমণ থেকে সুযোগ কাজে লাগাতে পারেননি অভিজ্ঞ ফরোয়ার্ড মানভির সিং।

২৮তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন এস্তেভোঁ। ডান দিকে বল পেয়ে কাট করে ডি বক্সের ভেতরে ঢুকে বাম পায়ের আড়াআড়ি শটে কাছের পোস্ট নিয়ে জাল খুঁজে নেন তিনি। প্রতিক্রিয়া দেখাতে একটু দেরি করা গোলরক্ষক বল ঠেকাতে পারেননি।  

দুই দল মিলিয়েই এটাই ছিল লক্ষ‍্যে প্রথম শট।

আট মিনিট পর দ্বিগুণ হতে পারত ব‍্যবধান। কিন্তু খুব কাছ থেকে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি পেদ্রো।

৪২তম মিনিটে রক্ষণচেরা পাস ধরে ডি বক্সে ঢুকে জাল খুঁজে নেন পেদ্রো। শরীরের খুব কাছ দিয়ে বলে হাত ছোঁয়ালেও গোল ঠেকাতে পারেননি গোলরক্ষক গুরপ্রিত সিং সান্ধু। আরও ভালো করতে পারতেন তিনি।

৪৩তম মিনিটে ভিনিসিউস জুনিয়র একইভাবে গোল পেতে পারতেন। তবে এবার সান্ধুর হাতে লেগে গতি অনেকটাই কমে যায়। আলগা বলে কেউ সুযোগ নেওয়ার আগেই বল ক্লিয়ার করেন ভারতের এক ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব‍্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করেন এস্তেভোঁ। বিপজ্জনক জায়গা থেকে গোলরক্ষক বরাবর শট নেন তিনি।

৫৬তম মিনিটে নিজেদের অর্ধে বল হারানোর চড়া মাশুল দেয় ভারত। সতীর্থর পা ঘুরে অরক্ষিত লিনো ডি বক্সে ঢুকে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন।

ছয় মিনিট পর ডি বক্সের বাইরে থেকে শট লক্ষ‍্যে রাখতে পারেননি এন্দ্রিক।

৬৪তম মিনিটে ভারতের রায়ান উইলিয়ামসের শট দূরের পোস্টে লাইন থেকে ফিরিয়ে দেন মাউরো জুনিয়র। তিন মিনিট পর উইলিয়ামসের আরেকটি শট কাছের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

৮৭তম মিনিটে শট লক্ষ‍্যে রাখতে পারেননি ব্রুনো গিমারাইস। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব‍্যবধান আরও বাড়ান লিনো। শরীর ঘেঁষে জালে যায় বল, কিন্তু তবুও ঠেকাতে পারেননি গোলরক্ষক! খেলাও শেষ হয় সেখানেই।

এবারের আন্তর্জাতিক বিরতিতে এর আগে অস্ট্রেলিয়ায় স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে ১-১ ড্রয়ের পর, ৪-২ গোলে জিতেছিল আনচেলত্তির দল।