১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

অ্যানফিল্ডে ১০ জনের লিভারপুলকে উড়িয়ে দিল সিটি

প্রিমিয়ার লিগের আইন ভাঙার দায়ে দোষী প্রমাণিত হওয়ার পর প্রথমবার মাঠে নেমে দারুণ জয় পেল এন্টসো মারেস্কার দল।

অ্যানফিল্ডে ১০ জনের লিভারপুলকে উড়িয়ে দিল সিটি

গোল উদযাপন করছেন ম‍্যানচেস্টার সিটির খেলোয়াড়রা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 11:32 PM

Updated : 11 Oct 2026, 11:48 PM

ম‍্যাচের আগে পরিস্থিতি ছিল উত্তপ্ত। প্রিমিয়ার লিগের আইন ভাঙার দায়ে দোষী প্রমাণিত হওয়া ম‍্যানচেস্টার সিটির বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন লিভারপুলের ভক্তরা। এমন আবহে টলে যায়নি এন্টসো মারেস্কার দল। দ্বিতীয়ার্ধের উজ্জীবিত ফুটবলে স্বাগতিকদের উড়িয়ে দিয়ে লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখে তারা।

লিভারপুলের মাঠে রোববার ৩-০ গোলে জিতেছে সিটি। তাদের জয়ে বড় ভূমিকা রেখেছে রায়ান খাফেনবেখের লাল কার্ড।

১৪ মিনিটের ব‍্যবধানে ডাচ মিডফিল্ডার দুটি হলুদ কার্ড দেখার পর পাল্টে যায় খেলার চিত্র। ৬২তম মিনিটে লিভারপুল ১০ জনের দলে পরিণত হওয়ার পর একে একে জালের দেখা পান আর্লিং হলান্ড, জেরেমি ডোকু ও রায়ান শের্কি।

অ‍্যানফিল্ডে শুরুটা ভালো করে লিভারপুল। আগের পাঁচ ম‍্যাচে অপরাজিত থাকা দলটি আক্রমণাত্মক ফুটবলে চেপে ধরে সিটিকে। রক্ষণ জমাট রেখে দ্রুতই নিজেদের গুছিয়ে নেয় সফরকারীরা।

কোনো দলই পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না। রক্ষণ ভাঙতে না পেরে ৩৫তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরাল শটে চেষ্টা করেন এন্সো ফের্নান্দেস। শট দূরের পোস্টে ঝাঁপিয়ে ঠেকান লিভারপুল গোলরক্ষক আলিসন। লক্ষ‍্যে এটাই ছিল সিটির প্রথম শট।

দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যেতে পারত লিভারপুল। কিন্তু দারুণ ডাবল সেভে তাদের হতাশ করেন সিটি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।

৪৯তম মিনিটে লুইস কুমাসের শট ঠেকান দোন্নারুম্মা। ফিরতি বলে রায়ান খাফেনবেখের শটও ব‍্যর্থ করে দেন তিনি। আলগা বলে শট লক্ষ‍্যে রাখতে পারেননি আলেক্সিস মাক আলিস্তের।  

৬০তম মিনিটে দারুণ সুযোগ কাজে লাগাতে পারেননি হলান্ড। ছুটে গিয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে প্রথম স্পর্শে আড়াআড়ি শট লক্ষ‍্যে রাখতে পারেননি নরওয়ের তারকা স্ট্রাইকার।

দুই মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন খাফেনবেখ।

৬৫তম মিনিটে এগিয়ে যায় সিটি। ডোকুর শট এক জনের গায়ে লাগলে পেয়ে যান অরক্ষিত হলান্ড। গতিময় শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তারকা স্ট্রাইকার।

৬৮তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন ডোকু। এলিয়ট অ‍্যান্ডারসনের কাছ থেকে বল পেয়ে ডি বক্সে ঢুকে যান তিনি। এবার ক্রস না করে একটু সময় নিয়ে বাঁকানো শটে জাল খুঁজে নেন বেলজিয়ান ফরোয়ার্ড। ঝাঁপ দিলেও বলের নাগাল পাননি আলিনসন।

৭৮তম মিনিটে ব‍্যবধান আরও বাড়ান শের্কি। ইয়োশকো ভার্দিওলের ব‍্যাকহিলে বল পেয়ে শট নেওয়ার ভান করেন ফরাসি মিডফিল্ডার। এতে বিভ্রান্ত হয়ে তাড়াহুড়া করে স্লাইড করেন লিভারপুল ডিফেন্ডার, সেই সুযোগে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন শের্কি। ম‍্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় লিভারপুল।

বাকি সময়ে ব‍্যবধান কমানোর চেষ্টা করলেও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা।

৬ ম‍্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি। ১৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্সেনাল। ৯ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে লিভারপুল।