জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করল ব্রাজিল
এক পর্যায়ে পিছিয়ে পড়া কার্লো আনচেলত্তির দল শেষ পর্যন্ত জিতেছে বড় ব্যবধানেই।
বিরতির পর ব্রাজিলের খেলায় বেশ উন্নতি হলো, বিশেষ করে আক্রমণে। ফলও পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয় প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাল কার্লো আনচেলত্তির দল।
ব্রিজবেনে মঙ্গলবার ৪-২ গোলে জিতেছে ব্রাজিল।
সফরকারীদের হয়ে জালের দেখা পেয়েছেন ভান্দেরসন, হাফিনিয়া, ব্রুনো গিমারাইস ও ভিনিসিউস জুনিয়র। অস্ট্রেলিয়ার গোল দুটি করেছেন আল্লেসান্দ্রো চিরকাতি ও কনর মেটকাফ।
দুই দলের প্রথম ম্যাচে শেষ সময়ের গোলে ১-১ ড্র করেছিল ব্রাজিল। এবার শুরুটা দারুণ করে তারা। তৃতীয় মিনিটে দলকে এগিয়ে নেন ভান্দেরসন। ডি বক্সে গাব্রিয়েল বন্তেম্পোর পাস পেয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন তিনি।
পরের মিনিটে হাফিনিয়ার শট ঠেকান অস্ট্রেলিয়া গোলরক্ষক প্যাট্রিক বিচ।
আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে ২৮তম মিনিটে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। ডি বক্স থেকে জোরাল ভলিতে জাল খুঁজে নেন চিরকাতি।
পাঁচ মিনিট পর কনর মেটকাফের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি বক্সের বাইরে থেকে গতিময় শটে গোলরক্ষককে পরাস্ত করেন মেটকাফ।
৪৪তম মিনিটে সফল স্পট কিকে সমতা ফেরান হাফিনিয়া। ঠিক দিকে ডাইভ দিলেও বার্সেলোনা অধিনায়কের গতিময় শট ঠেকাতে পারেননি স্বাগতিক গোলরক্ষক।
দানিলো সান্তোসকে অস্ট্রেলিয়ার হ্যারি শুটার ফাউল করায় ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। সমতার স্বস্তি নিয়ে বিরতিতে যায় ব্রাজিল।
৫৫তম মিনিটে এগিয়ে যেতে পারত সফরকারীরা। দানিলো সান্তোসের শট লুকাস হ্যারিংটনের পায়ে লেগে দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ব্রুনো গিমারাইসের কর্নারে গাব্রিয়েল মাগালাইসের হেড ক্রসবারের উপর দিয়ে পাঠান গোলরক্ষক বিচ।
৬৪তম মিনিটে একটি ট্যাকল নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন রেফারিরা।
পাঁচ মিনিট পর চমৎকার পাল্টা আক্রমণে এগিয়ে যায় ব্রাজিল। এন্দ্রিকের দারুণ কাটব্যাকে খুব কাছ থেকে ঠিকানা খুঁজে নেন গিমারাইস।
৭৬তম মিনিটে বাড়ত পারত ব্যবধান। ডি বক্সের মাথা থেকে এস্তোভোঁর শট কোনোমতে ঠেকান অস্ট্রেলিয়া গোলরক্ষক। ফিরতি বলে প্রতিক্রিয়া দেখানোর বেশি সময় পাননি এন্দ্রিক। তার পায়ে লেগে পোস্টের কাছ দিয়েই বেরিয়ে যায় বল।
চার মিনিট পর সফল স্পট কিকে ব্যবধান বাড়ান ভিনিসিউস। শট খুব ভালো ছিল না, গতি বেশ কম ছিল। তবে প্রতিক্রিয়া দেখাতে দেরি করায় পোস্ট ঘেঁষে জালে যাওয়া বলের নাগাল পাননি বিচ।
নেস্টরি ইরানকুন্ডা ডি বক্সে ভিনিসিউসকে ফাউল করায় পেনাল্টিটি পায় ব্রাজিল।
৮৭তম মিনিটে একটুর জন্য ব্যবধান কমাতে পারেনি অস্ট্রেলিয়া। লুকাস হ্যারিংটনের শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে।
বাকি সময়ে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি অস্ট্রেলিয়া। হাসিমুখে অস্ট্রেলিয়া সফর শেষ করে ব্রাজিল।
