২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

‘ক্ষতির ভয়ে বিনিয়োগ না করা, জ্ঞান বাড়ানোর সুযোগ হারানো’

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দিনব্যাপী কর্মশালায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Oct 2026, 06:04 PM

Updated : 27 Oct 2026, 06:04 PM

শিক্ষার্থীদের পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলরুমে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও বিএইউএসটি অ্যাকাউন্টিং ক্লাবের (বিএসি) যৌথ উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়।

‘ওয়ার্কশপ অন ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার বলেন, “আমাদের দেশের পুঁজিবাজার বর্তমানে সীমিত পরিসরে রয়েছে। এ বাজার কীভাবে সম্প্রসারণ করা যায়, তা নিয়ে কাজ করতে হবে। ব্যবসায় বিনিয়োগ করতে হলে লাভের পাশাপাশি ক্ষতির ঝুঁকিও থাকে। তবে ক্ষতির আশঙ্কায় বিনিয়োগ না করা নিজের জ্ঞান ও অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ থেকে পিছিয়ে থাকার মতো।”

তিনি বলেন, “আগে মানুষ সিন্দুকে সঞ্চয় রাখত, এখন ব্যাংকে রাখে। নিজেদের সঞ্চিত পুঁজি দিয়ে ব্যবসা শুরু করলে সেটিকে প্রতিষ্ঠিত করতে ব্যাংকগুলো সহযোগিতা করে। ভবিষ্যতে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে তরুণদেরও ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানে বিএইউএসটির ট্রেজারার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. শামীম রেজা, পরীক্ষা নিয়ন্ত্রক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাকিবুল ইসলামের সভাপতিত্বে সেশনগুলো পরিচালনা করেন বিআইসিএমের সহযোগী অধ্যাপক মো. ফয়সাল আহমেদ খান ও প্রভাষক ইমরান মাহমুদ।

সেশনগুলোতে পুঁজিবাজারের মৌলিক ধারণা, বিনিয়োগের সুযোগ-ঝুঁকি এবং দায়িত্বশীল বিনিয়োগের দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠান শেষে তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।