দর্শনার্থীর টুপি গিলে প্রাণ হারাল যুক্তরাষ্ট্রের জনপ্রিয় জলহস্তী ফিয়োনা
দর্শনার্থীর হাত থেকে ছিটকে ঘেরে পড়া এক উলের টুপি গিলে ফেলার ১০ দিন পর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যায় অনলাইনে তারকা হয়ে ওঠা এই জলহস্তী।
যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের সিনসিনাটি চিড়িয়াখানার জনপ্রিয় জলহস্তী ফিয়োনা দুর্ঘটনাবশত দর্শনার্থীদের একটি টুপি গিলে ফেলার পর মারা গেছে।
সিনসিনাটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, জলহস্তীর ঘেরের ভেতর পড়ে যাওয়া একটি বোনা উলের টুপি গিলে ফেলার মাত্র কয়েক দিন পরই ফিয়োনার মৃত্যু হয়।
২০১৭ সালে নির্ধারিত সময়ের আগেই জন্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা বনে যাওয়া জলহস্তী ফিয়োনা প্রায় ১০ দিন আগে টুপিটি গিলে ফেলেছিল এবং এরপর থেকেই তার জরুরি চিকিৎসার প্রয়োজন হয়।
পশুচিকিৎসক দল জলহস্তীটিকে বাঁচাতে সাধ্যমতো সব চেষ্টাই করেছিল। কিন্তু শেষ পর্যন্ত এই ধকল কাটিয়ে ওঠা তার পক্ষে আর সম্ভব হয়নি।
বৃহস্পতিবার বিকালে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, “অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা এই মর্মান্তিক খবর জানাচ্ছি যে, আমাদের পশুচিকিৎসক ও পরিচর্যাকারী দলের দফায় দফায় চেষ্টার পরও ফিয়োনাকে বাঁচানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তার অবস্থা খুবই গুরুতর রূপ নিয়েছিল।”
এক বিবৃতিতে সিনসিনাটি চিড়িয়াখানার পরিচালক ডেভ জেনিক বলেন, “আমরা এই মুহূর্তে গভীরভাবে শোকাহত। আমরা এমন পরিণতি আশা করিনি। সে শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকার লড়াই চালিয়ে গেছে।”
চিড়িয়াখানার মুখপাত্র মিশেল কার্লি এর আগে জানিয়েছিলেন, এক দর্শনার্থী টুপিটি শূন্যে ছুড়ে মারলে সেটি সিলিং ফ্যানের সঙ্গে আটকে যায় এবং ফ্যানের ধাক্কায় ছিটকে একটি ছোট ফাঁক দিয়ে দুর্ঘটনাবশত ফিয়োনার ঘেরে ঢুকে পড়ে।
শুরুতে ফিয়োনাকে সুস্থ ও স্বাভাবিক মনে হলেও, কয়েক দিন পর তার খাবারের রুচি কমতে শুরু করে। তখন চিড়িয়াখানার কর্মীরা ফিয়োনাকে খাবার খাওয়ানোর চেষ্টা করেন, যাতে খাবারের চাপে টুপিটি তার পরিপাকতন্ত্র দিয়ে বের হয়ে আসে।
মৃত্যুর আগে করা আল্ট্রাসাউন্ডে দেখা গিয়েছিল, টুপিটি ফিয়োনার ক্ষুদ্রান্ত্র দিয়ে এগোচ্ছিল। চিড়িয়াখানার একজন পরিচর্যাকারী জানান, পূর্ণবয়স্ক জলহস্তীর ক্ষেত্রে অস্ত্রোপচার করা সম্ভব নয়, তাই ফিয়োনা নিজে থেকেই প্রাকৃতিকভাবে টুপিটি বের করে দিতে পারলেই কেবল তার বেঁচে যাওয়ার ভাল সুযোগ ছিল।
টুপিটি বের করে আনার চেষ্টায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ ভিন্ন একটি পদ্ধতিও অবলম্বন করেছিল; স্থানীয় একটি ঘোড়ার খামার থেকে ধার করে আনা কম্পনশীল পাটাতনের ওপর ফিয়োনাকে দাঁড় করিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল।
চিড়িয়াখানার পরিচালক জেনিক বলেন, “তাকে বাঁচাতে আমাদের প্রাণী পরিচর্যাকারী দল অসীম সাহসিকতা নিয়ে লড়েছে। তারা সাধ্যমতো সব চেষ্টাই করেছিল, কিন্তু প্রাণীটির শরীর আর ধকল সইতে পারেনি।”
সিনসিনাটি চিড়িয়াখানায় ২০১৭ সালে নির্ধারিত সময়ের আগেই ফিয়োনার জন্ম হওয়ায় শুরুতে তাকে বেঁচে থাকার জন্য কঠিন লড়াই করতে হয়েছিল। জন্মের সময় তার ওজন ছিল মাত্র ১৩ কেজি, যা চিড়িয়াখানা কর্তৃপক্ষের মতে, এই প্রজাতির জলহস্তীর ইতিহাসে এর আগে রেকর্ড হওয়া সর্বনিম্ন ওজনের প্রায় অর্ধেক।
আর এখন জলহস্তীটির এই মৃত্যুও পুরোপুরি অকালমৃত্যু; চিড়িয়াখানা কর্তৃপক্ষের তথ্যমতে, মানুষের তত্ত্বাবধানে বা চিড়িয়াখানায় জলহস্তী সাধারণত ৫০ বছর পর্যন্ত বেঁচে থাকে।
প্রাণী অধিকার সংস্থা ‘পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস’ (পেটা)-এর বন্দি বন্যপ্রাণী বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক ডেবি মেটজলার বলেন, “যদিও এটি কোনও ইচ্ছাকৃত ঘটনা ছিল না, তারপরও ফিয়োনার এই কষ্টদায়ক মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে, প্রাণীদের আশেপাশে সবারই খুবই সতর্ক ও দায়িত্বশীল আচরণ করা উচিত।”
ডেবি আরও বলেন, “পেটা আশা করে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের নিয়মকানুন ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে। সেইসঙ্গে আমরা সব দর্শনার্থীদের অনুরোধ করছি, তারা যেন নিজেদের জিনিসপত্র সাবধানে রাখেন এবং প্রাণীদের ঘেরের আশেপাশে কখনও কিছু ছুড়ে না মারেন।”
অনলাইনে ফিয়োনার বিপুল জনপ্রিয়তা ছিল। এর পাশাপাশি প্রাণীটির জীবনগল্প থেকে অনুপ্রাণিত হয়ে একটি আইসক্রিমের ফ্লেভার (স্বাদ) এবং সিনসিনাটির ব্যালে নৃত্যে একটি বিশেষ চরিত্র তৈরি করা হয়েছিল।
সিনসিনাটির মেয়র আফতাব পুরেভাল বলেছেন, “ফিয়োনা এই শহরে আনন্দের প্রতীক ছিল।”
