ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে চমক জুডো চ্যাম্পিয়ন টেডি রিনার
রিনার পেছনে কোনো রাজনৈতিক দল নেই। সরকারি কোনো দায়িত্ব পালনের অভিজ্ঞতাও নেই তার। তারপরও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি।
রাজনীতি ও জুডোর মধ্যে একটি জায়গায় চমৎকার মিল রয়েছে; সেটি হচ্ছে প্রতিপক্ষকে মেঝেতে চিত করে ফেলার প্রবল আকাঙ্ক্ষা।
বিবিসি লিখেছে, সেই আকাঙ্খাই হয়ত পেয়ে বসেছে ফ্রান্সের পাঁচবারের স্বর্ণজয়ী বিশ্ব হেভিওয়েট জুডো চ্যাম্পিয়ন টেডি রিনারকে।
আগামী এপ্রিলে অনুষ্ঠেয় ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ক্যারিবিয়ান দ্বীপাঞ্চল গুয়াদেলুপে জন্ম নেওয়া ৩৭ বছরের রিনার।
রিনারের পেছনে কোনো রাজনৈতিক দল নেই। সরকারি কোনো দায়িত্ব পালনের অভিজ্ঞতাও নেই তার। তারপরও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি।
এখন পর্যন্ত কোনো নির্বাচনী ইশতেহার প্রকাশ না করলেও রিনারের নির্বাচনি স্লোগান আপাতত—‘আমাদের প্রিয় ফ্রান্স’।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থী হওয়ার ঘোষণা এবং প্যারিসের একটি হাসপাতাল থেকে জনসংযোগ শুরু—এটুকুই এখন পর্যন্ত তার রাজনৈতিক তৎপরতা।
তবে রিনারের জয়ের সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেবেন, তেমন রাজনৈতিক বিশ্লেষক মেলা ভার।
বিবিসি লিখেছে, আধুনিক ফ্রান্সের অন্যতম জনপ্রিয় ব্যক্তি রিনার। দেশীয় ‘মূল্যবোধের’ প্রতিফলন ঘটে–এমন জনমত জরিপে নিয়মিতই শীর্ষস্থান দখল করেন তিনি।
রিনার একজন পরীক্ষিত বিজয়ী—যার ঝুলিতে রয়েছে পাঁচটি অলিম্পিক স্বর্ণপদক এবং ১১টি বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা। পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও সফল তিনি।
এক্স ও ইনস্টাগ্রামে রিনারের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণার ভিডিওটি ২ কোটি ৮০ লাখের বেশি মানুষ দেখেছেন।
পেছনে বইয়ের তাক এবং ফ্রান্সের জাতীয় পতাকার পটভূমিতে অনেকটা প্রেসিডেন্টসুলভ গাম্ভীর্য বজায় রেখে ভিডিওটি ধারণ করা হয়েছে।
ভিডিওটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে আইফপ পরিচালিত জনমত জরিপে প্রায় ২২ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা রিনারকে ভোট দিতে পারেন।
বিশ্বের অনেক দেশে অভিনেতা ও টেলিভিশন ব্যক্তিত্বরা প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী হয়েছেন। যেমন, লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট জর্জ উয়াহ ছিলেন একজন পেশাদার ফুটবলার।
এলিসি প্রাসাদে একজন জুডো খেলোয়াড় কেন নয়?
ফরাসি দৈনিক লা ফিগারোর সাংবাদিক জিওলাম তাবার বলেন, “কেউ যদি ভেবে থাকেন, রাজনৈতিক মহলের বাইরে থেকে আসা রিনার এলিসি প্রাসাদের দৌড়ে অযোগ্য, তবে তারা সম্পূর্ণ ভুল করছেন।
“অন্যদিকে রিনারও ভুল করবেন, যদি তিনি মনে করেন, ক্ষমতাকেন্দ্রের কাছে থাকা রাজনৈতিক মহলের সদস্য না হওয়াটাই তার জন্য যথেষ্ট।”
বিবিসি লিখেছে, আপাতত, ফ্রান্সের পুরো রাজনৈতিক মহলই রিনারের প্রার্থিতাকে গুরুত্বের সঙ্গে দেখছে অথবা গুরুত্ব দিচ্ছে বলে ভান করছে।
এর একটি কারণ হল, রিনার এতটাই জনপ্রিয় যে তার রাজনৈতিক অভিলাষ নিয়ে কেউ ঠাট্টা-বিদ্রূপ করলে তার নেতিবাচক প্রভাব সহজেই উপহাসকারীর ওপর বুমেরাং হয়ে ফিরে আসতে পারে।
রিনারকে গুরুত্ব দেওয়ার আরেকটি কারণ ফ্রান্সের রাজনীতির বর্তমান পরিস্থিতি। দেশটিতে কট্টর বাম ও কট্টর ডানপন্থি শক্তির ক্রমাগত উত্থান বাদ দিলে দেখা যাচ্ছে, মধ্যবর্তীরা রয়েছে চরম বিশৃঙ্খলায়।
ফ্রান্সের রাজনীতিতে মধ্যমপন্থিরা বর্তমানে দিশাহারা। এই শিবির থেকে এখন পর্যন্ত এমন কোনো প্রার্থী চোখে পড়ছে না, যিনি কট্টর ডানপন্থি নেত্রী মেরিন ল্য পেন কিংবা কট্টর বামপন্থি নেতা জ্যঁ-লুক মেলঁশোঁর মত করে নিজের সমর্থকদের ভেতরে লক্ষ্য পূরণের আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে পেরেছেন।
আপাতত মনে হচ্ছে, মে মাসে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্বে এই দুই নেতার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনাই বেশি।
তবে রিনারের মত কোনো জনপ্রিয় ব্যক্তি যখন ভোটের দৌড়ে নামেন এবং বলেন যে তিনি ‘বামও নন, ডানও নন’, লক্ষ্য কেবল একটাই, দেশকে ‘ঐক্যবদ্ধ করা’ মানুষের টাকা আবারও মানুষের পকেটে ফিরিয়ে দেওয়া এবং তিনি যখন ‘বর্ণবাদীদের’ বিরুদ্ধেও কথা বলেন, তখন তাকে গুরুত্বের সঙ্গে নিতেই হয়।
সবকিছু নির্ভর করছে রিনারের উপর। তার নির্বাচনী প্রচার যদি অল্প সময়ের চমকের মত স্তিমিত হয়ে পড়ে, তবে শেষ পর্যন্ত জুডো তারকা হয়ত নির্বাচনের দাবার ছকে কেবল একজন অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী হিসেবেই থেকে যাবেন।
কিন্তু তার প্রচার যদি থেমে না যায়, সেক্ষেত্রে নির্বাচনের আগের হিসাব-নিকাশ দ্রুত নতুন করে সাজাতে হবে অন্য প্রতিদ্বন্দ্বীদের।
এখন পর্যন্ত রিনার দেখিয়েছেন, হঠাৎ করে রাজনৈতিক ময়দানে আবির্ভূত হওয়ার কৌশল তিনি বেশ ভালোভাবেই রপ্ত করেছেন।
কৌশলটি হচ্ছে, জোর দিয়ে একটি বার্তা রিনার দিয়েছেন— ‘চিন্তার কিছু নেই! আমি কিন্তু রাজনীতিবিদ নই!’
ফ্রান্সের ভোটারদের মধ্যে প্রচলিত ধারার রাজনীতিবিদদের গ্রহণযোগ্যতা কমে আসার ইংগিত দিতেই রিনারর এমন বার্তা।
নিঃসন্দেহে এটি দর্শক ও ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছে।
রিনার যদি সত্যিই সিরিয়াস হন, আর যদি দাবি করেন, তিনি কখনো কোনো কাজ অর্ধেক মনোযোগ দিয়ে করেন না; অলিম্পিক চ্যাম্পিয়নও তো আর এমনি এমনি হওয়া যায় না, তাহলে কঠিন কাজটি শুরু হচ্ছে এখন থেকেই।
রিনার আসলে কী করতে চান? তার সঙ্গে আর কারা থাকবেন? ফ্রান্সে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয়গুলোতে তার অবস্থান কী— জীবনযাত্রার ব্যয়, পেনশন সংস্কার, শিক্ষা খাতে বিনিয়োগ, সরকারি ঋণ, জনতুষ্টিবাদের উত্থান কিংবা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ?
মজুরি, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি পরিষেবা নিয়ে অসন্তোষের কারণে কয়েক সপ্তাহ ধরেই প্যারিসের রাস্তায় বিক্ষোভ চলছে।
একজন ক্রীড়াবিদ হিসেবে রিনারের যে জনপ্রিয়তা রয়েছে, সেটাকে তিনি কীভাবে রাজনৈতিক জনসমর্থন ও ক্ষমতার ম্যান্ডেটে রূপান্তর করতে চান, সে বিষয়গুলোই তুলে ধরতে হবে গণ-মানুষের কাছে।
মোটামুটিভাবে অর্থনীতি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা প্রশ্নে রিনারকে ডানপন্থি বলেই মনে হচ্ছে।
তবে কৃষ্ণাঙ্গ ও ক্যারিবীয় বংশোদ্ভূত হওয়ায় বর্ণবাদের বিরুদ্ধেও তার অবস্থান বেশ শক্তিশালী।
রিনার যখন চরমপন্থাবিরোধী অবস্থানের কথা বলেন, তখন মূলত কট্টর ডানপন্থি মেরিন ল্য পেনকে লক্ষ্য করেই কথা বলেন।
অর্থাৎ, রিনারর রাজনৈতিক অবস্থান অনেকটা মধ্যপন্থার কাছাকাছি এবং উভয় প্রান্তের চরমপন্থার বিরোধী।
সমস্যা হল, রাজনীতির এই জায়গাটি ইতোমধ্যে জনাকীর্ণ হয়ে পড়েছে।
সাবেক প্রধানমন্ত্রী এদুয়ার ফিলিপ ও গ্যাব্রিয়েল আতালের মত ব্যক্তিরাও মধ্যমপন্থায় থেকে নিজেদের জনপ্রিয়তা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন।
বর্তমানে মধ্য-ডানপন্থা থেকে মধ্য-বামপন্থার মাঝামাঝি অবস্থায় প্রায় এক ডজন প্রার্থী রয়েছেন।
এই তালিকায় সমাজতন্ত্রীদের সমর্থনপুষ্ট রাফায়েল গ্লুকসম্যান থেকে শুরু করে ডানপন্থি রিপাবলিকান পার্টির ব্রুনো রেতাইয়ো পর্যন্ত আছেন।
সম্ভাব্য নতুন প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন ক্রিস্টিন লাগার্দ। আগামী ফেব্রুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের পদ থেকে তার সরে দাঁড়ানোর কথা রয়েছে।
আরও একজন প্রতিদ্বন্দ্বী যুক্ত হলে মধ্যমপন্থি শিবিরের প্রার্থীদের জনসমর্থন আরও ভাগ হয়ে যাবে।
ফলে উগ্র বামপন্থি মেলঁশোঁর দ্বিতীয় দফার নির্বাচনে পৌঁছানোর সম্ভাবনা বেড়ে যাবে।
তাই রিনের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে কিছুটা খুশিই ফ্রান্স আনবোড পার্টির (এলএফআই) নেতা মেলঁশোঁ।
শুক্রবার সাংবাদিকদের মেলঁশোঁ বলেন, ‘আমরা জানি, বিষয়গুলো কীভাবে কাজ করে। ডানও নয়, বামও নয়- এর অর্থ হলো, বাম নয়।’
তবে একমাত্র অন্য রাজনীতিবিদকে সত্যিকার অর্থেই খুশি মনে হয়েছে, তিনি হলেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
রিনেকে ‘একজন মহান চ্যাম্পিয়ন’ বলে অভিহিত করে ম্যাক্রোঁ বলেছেন, রাজনীতি ‘শুধু পেশাদার রাজনীতিবিদদের একচেটিয়া বিষয় নয়’।
ম্যাক্রোঁর প্রশংসাকে রিনে অবশ্য ‘বিষমাখা উপহার’ হিসেবে দেখেছেন।
সাংবাদিকদের রিনে বলেন, ‘আমি প্রেসিডেন্টের পাঠানো কোনো প্রতিনিধি নই। আমি ম্যাক্রোঁপন্থীও নই।’
বিবিসি বলছে, রাজনীতি ও জুডোর মধ্যে মিল খুবই কম। তবে দুই জগতের মধ্যে কোনটি বেশি নির্মম, তা রিনে খুব শিগগিরই বুঝতে পারবেন।
রিনার যদি একজন সিরিয়াস প্রার্থী হিসেবে আবির্ভূত হন, তাহলে তাকে বুঝতে হবে, তার জীবন পুরোপুরি ওলটপালট হয়ে যাবে।
শুধু ফিটনেসে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই আসবে বড় ধরনের পরিবর্তন।
তাকে বুঝতে হবে, রাজনীতিতে প্রতিপক্ষকে সম্মান জানিয়ে মাথা নত করতে হয় না। বরং রূপক অর্থে বললে, মাথা দিয়ে গুঁতো মেরে বসতে হয়।
