বাংলাদেশে সাপের দুই প্রজাতির সন্ধান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আশীষ কুমার দত্ত বলেন, “দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের এই বনগুলোতে শুধুমাত্র সাপের সন্ধানে গবেষণা এই প্রথম।”
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যান ও দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান মিলেছে গবেষণায়।
কাপ্তাই জাতীয় উদ্যানে পাওয়া গেছে স্ট্রাইপড কিলব্যাক (Hebius parallelus) এবং দুধপুকুরিয়া–ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে মিলেছে বিন্দি কিলব্যাক (Rhabdophis bindi)।
এ ছাড়া একই গবেষণায় আরও দুটি প্রজাতির সাপের উপস্থিতির রেকর্ড পাওয়া গেছে। সেগুলো হলো Dendrelaphis haasi ও Dendrelaphis cyanochloris।
বিশ্ব ব্যাংকের অর্থায়নে বন বিভাগের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এ গবেষণা পরিচালিত হয়। গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’-এ প্রকাশিত হয় গবেষণাপত্রটি।
বন বিভাগের বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টারের মো. সোহেল রানা, চীনের নানজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটির সজীব বিশ্বাস, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ আলাবামার মাহি ওয়াসিম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আশীষ কুমার দত্ত ছিলেন এই গবেষক দলে।
কেমন এই নতুন সাপ?
কাপ্তাই জাতীয় উদ্যানে পাওয়া স্ট্রাইপড কিলব্যাক সাপটির গায়ের রং গাঢ় বাদামি। শরীরের দুই পাশে মাথা থেকে লেজ পর্যন্ত লম্বা ডোরা রয়েছে। পাহাড়ি ছড়া, ঝোপঝাড় ও গাছের নিচে জমে থাকা শুকনা পাতার মধ্যে বিচরণ করে এ সাপ।
এর আগে বাংলাদেশে সাপটির উপস্থিতির সম্ভাবনার কথা জানিয়েছিলেন গবেষকেরা। এবার কাপ্তাই জাতীয় উদ্যানের পাহাড়ি ছড়াসংলগ্ন এলাকায় সাপটির সন্ধান পাওয়ার পাশাপাশি একটি নমুনাও তারা সংরক্ষণ করেছেন।
অন্যদিকে, দুধপুকুরিয়া–ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে পাওয়া বিন্দি কিলব্যাকের রঙ বাদামি। এ সাপের ঘাড়ের পেছনে লাল টিপের মত একটি দাগ রয়েছে। এ বৈশিষ্ট্য থেকেই এর নামকরণ করা হয়েছে বিন্দি কিলব্যাক।
গবেষণায় এ দুটি বন ও আশপাশের এলাকায় ৩৬ প্রজাতির ২০৮টি সাপের তথ্য নথিভুক্ত করা হয়েছে।
সাপের সন্ধানে ৭৫ দিন ধরে দিন ও রাতে জরিপ চালান গবেষকেরা। পাহাড়ি ছড়া, প্রাকৃতিক বন, সড়কের পাশের ঝোপঝাড় থেকে শুরু করে লোকালয়েও অনুসন্ধান করা হয়। সব মিলিয়ে জরিপ চালানো হয়েছে ৪৮৮ কিলোমিটার এলাকায়।
গবেষকদের ধারণা, আরও নিবিড় গবেষণা চালানো গেলে এসব বনাঞ্চলে সাপের আরও প্রজাতির সন্ধান পাওয়া যেতে পারে।
নতুন আরও দুই সাপের রেকর্ড
গবেষণাপত্রে চার প্রজাতির সাপকে বাংলাদেশের জন্য নতুন রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে Dendrelaphis haasi ও Dendrelaphis cyanochloris প্রজাতির সাপ নিয়ে ২০২৫ সালের সেপ্টেম্বরে আলাদা একটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন গবেষকেরা। দুটি প্রজাতিই মূলত গাছে বিচরণ করে।
গবেষক দলের প্রধান বন বিভাগের বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টারের মো. সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ দুটি সাপ আগে বাংলাদেশে শনাক্ত হয়নি। এগুলোর বাংলা নাম নেই। স্থানীয়রা বিভিন্ন নামে ডেকে থাকেন।”
১৭ নভেম্বর প্রকাশিত গবেষণাপত্রে অন্য দুটি প্রজাতির তথ্য তুলে ধরা হয়েছে জানিয়ে সোহেল রানা বলেন, “স্ট্রাইপড কিলব্যাক ও বিন্দি কিলব্যাক—এ দুটি সাপের প্রজাতি বাংলাদেশে এই প্রথম শনাক্ত হয়েছে।
“এর মধ্যে বিন্দি কিলব্যাক প্রজাতিটি বান্দরবানের রুমায় আগে একবার দেখা গিয়েছিল। তবে সেটির আর কোনো তথ্য আসছিল না। এবার সায়েন্টিফিক এভিডেন্সসহ শনাক্ত করা হয়েছে। জেনেটিক অ্যানালাইসিসও করা হয়েছে।”
নতুন প্রজাতির সাপ শনাক্ত করার পর সেগুলোর শারীরিক বৈশিষ্ট্য, আবাসস্থল ও অবস্থান নথিভুক্ত করেছেন গবেষকেরা।
যেসব সাপের প্রজাতি শনাক্ত করা কঠিন, সেগুলোর ক্ষেত্রে ডিএনএ বিশ্লেষণের সহায়তা নেওয়া হয়েছে। এ কাজ করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের গবেষণাগারে।
বিশ্ববিদ্যালয়টির প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আশীষ কুমার দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের এই বনগুলোতে শুধুমাত্র সাপের সন্ধানে গবেষণা এই প্রথম। আমরা যেসব প্রজাতির সন্ধান পেয়েছি, তার মধ্যে ১০টির ডিএনএ অ্যানালাইসিস করা হয়েছে।”
কর্ণফুলীতে সামুদ্রিক সাপ
গবেষণায় কর্ণফুলী নদীতে পাওয়া সাপের তথ্যও উঠে এসেছে। নদীতে মাছ ধরার সময় স্থানীয় জেলেরা দুটি প্রজাতির সামুদ্রিক সাপের সন্ধান পেয়েছেন।
এর একটি বিকড সি স্নেক (Hydrophis schistosus), অন্যটি রাসেলস সি স্নেক (Hydrophis obscurus)।
দুটি প্রজাতিই মূলত সমুদ্রে বিচরণ করে। তবে নদীর মোহনায়ও এদের উপস্থিতির তথ্য রয়েছে। কর্ণফুলী নদীতে সাপ দুটির সন্ধান পাওয়ায় তুলনামূলক কম লবণাক্ত পানিতে এদের বিচরণের নতুন প্রমাণ মিলেছে।
আশীষ কুমার দত্ত বলেন, “কর্ণফুলী নদীতে জোয়ার-ভাটা হয়। তাই হয়ত উপরের দিকে সামুদ্রিক দুই প্রজাতির সাপের দেখা মিলেছে।”
আবাসস্থল সংকুচিত হওয়ার ঝুঁকি
গবেষণায় সাপের নতুন প্রজাতির সন্ধান মিললেও এসব প্রাণীর আবাসস্থল ভালো অবস্থায় নেই বলে জানিয়েছেন গবেষকেরা।
বনের পাশ দিয়ে সড়ক নির্মাণ, বন উজাড়, বনে আগুন, কৃষিজমির সম্প্রসারণ ও দূষণের কারণে সাপের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।
গবেষণা চলাকালে এক বছরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যাওয়া ২৫টি সাপের সন্ধান পেয়েছেন গবেষকেরা। এর মধ্যে রয়েছে বাংলাদেশে অতি বিপন্ন হিসেবে চিহ্নিত রেটিকুলেটেড পাইথন বা জাল অজগর।
কাপ্তাই জাতীয় উদ্যানে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যাওয়া ১৮টি সাপের সন্ধান পেয়েছেন তারা। দুধপুকুরিয়া–ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে পাওয়া গেছে আরও সাতটি।
আশীষ কুমার দত্ত বলেন, “কাপ্তাই জাতীয় উদ্যানের পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে, তা সাপের জন্য ঝুঁকি বাড়িয়েছে। গাড়ি চাপায় নিয়মিত সাপ মারা যাচ্ছে।
“আর দুধপুকুরিয়ার বনে চাষাবাদ বেড়েছে প্রচুর। সেখানে বনের ভিতর লেবু ও আনারসসহ বিভিন্ন ফসলের চাষ হচ্ছে।”
জলবায়ু পরিবর্তনের কারণে, বিশেষ করে তাপমাত্রা ও বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আসায় আগামী কয়েক দশকে সাপের বসবাসের উপযোগী পরিবেশ আরও সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।
গবেষণার জন্য সংগ্রহ করা ১০টি সাপের নমুনা গাজীপুরের বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টারে সংরক্ষণ করা হয়েছে।
