১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

‘হাফিনিয়ার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে’

সমালোচনার মুখে পড়া সতীর্থের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিল ডিফেন্ডার গাব্রিয়েল মাগালাইস।

‘হাফিনিয়ার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে’

হাফিনিয়া। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 10:59 PM

Updated : 11 Nov 2026, 10:58 PM

জাতীয় দলের হয়ে খেলতে এসে বিশ্রামের প্রয়োজনীয়তার ইঙ্গিত দিয়ে সমাচলনার মুখে পড়েছেন হাফিনিয়া। কঠিন এই সময়ে সতীর্থের পাশে দাঁড়িয়েছেন গাব্রিয়েল মাগালাইস। ব্রাজিলের এই ডিফেন্ডার বলেছেন, বার্সেলোনার ফরোয়ার্ডের বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

ব্রাজিলের হয়ে সবশেষ দুটি ম্যাচ খেলে হাঁটুর চোটে পড়েন হাফিনিয়া। যে কারণে পরে ক্লাব ফিরে দুটি ম্যাচ খেলতে পারেননি তিনি। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রত্যাশিতভাবেই কার্লো আনচেলত্তির দলে আছেন হাফিনিয়া।

আগের তেতো অভিজ্ঞতার কারণে এবার জাতীয় দলে ডাক পড়ার পর হাফিনিয়াকে নিয়ে দুশ্চিন্তার কথা সরাসরি বলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। এরপর সবাইকে আশ্বস্ত করে চিন্তা করতে মানা করেন হাফিনিয়া। নিজের শারীরিক অবস্থা নিয়ে কোচ আনচেলত্তির সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি।

হাফিনিয়ার ওই মন্তব্য ভালোভাবে নিতে পারেননি ব্রাজিলের অনেক সমর্থক। বার্সেলোনা অধিনায়কের দিকে ছোঁড়া হচ্ছে সমালোচনার তির। দেশের প্রতি তার নিবেদন নিয়েও তোলা হচ্ছে প্রশ্ন।

সিঙ্গাপুর সফরে আগামী শনিবার জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল। এর তিন দিন পর স্বাগতিকদের মুখোমুখি হবে তারা। ম্যাচ দুটির জন্য এরই মধ্যে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন হাফিনিয়া।

সংবাদ সম্মেলনে এসে সমালোচনার মুখে পড়ে হাফিনিয়ার সমর্থনে কথা বলেন গাব্রিয়েল। তার মতে, জাতীয় দলের জার্সিতে নিজেদের সবটুকু উজাড় করে দিতে চায় সবাই। হাফিনিয়াও এর ব্যতিক্রম নয়।

“আমরা শীর্ষ পর্যায়ের খেলোয়াড়, সব সময় খেলতে চাই। হাফিনিয়ার ব্যাপারে বলতে গেলে, তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমরাও মানুষ। স্বাভাবিকভাবেই আমাদের বিশ্রাম দরকার, মানসিকভাবেও বিশ্রামের প্রয়োজন। ইউরোপে আমরা প্রতি দুই বা তিন দিন পরপর খেলি। অনেক বেশি ম্যাচ খেলতে হয়।

“জাতীয় দলে এলে আমরা সময়টাকে পুরোপুরি কাজে লাগাতে চাই, শিখতে চাই। কিন্তু আমরা কিছু বললে অনেকেই তার ভুল ব্যাখ্যা করেন। হাফিনিয়ার ক্ষেত্রেও সেটাই হয়েছে। সে যে বিশ্রাম নিতে এসেছে- এমন কোনো বক্তব্য আমরা শুনিনি। জাতীয় দলের জন্য সে নিজেকে কতটা উজাড় করে দেয়, তা আমরা জানি। আমাদের জন্য সে আদর্শ।”