২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় ডিসেম্বরে পাল্টে যাচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র

“কোন প্রতিষ্ঠানে বা ঠিকানায় আবেদন করতে হবে, তা আগামী সোম বা মঙ্গলবার জানিয়ে দেব,” বলেন ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খালেদ।

কলকাতায় ডিসেম্বরে পাল্টে যাচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 06:28 PM

Updated : 20 Nov 2026, 06:28 PM

কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার; ডিসেম্বর থেকে নতুন আউটসোর্সিং প্রতিষ্ঠান ও ঠিকানায় করতে হবে ভিসা আবেদন।

শুক্রবার কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বিজ্ঞপ্তিতে এ পরিবর্তনের তথ্য দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং সার্ভিস সংক্রান্ত চুক্তির মেয়াদ শেষ হবে।

“বাংলাদেশ সরকার চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়ায় ডিইউ ডিজিটাল পরিচালিত কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো ৩০ নভেম্বরের পর থেকে নির্দিষ্ট ঠিকানায় পরিচালিত হবে না।”

ওই তারিখের পর থেকে ডিইউ ডিজিটালের পরিচালিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ভিসা আবদেন জমা না করার অনুরোধ করেছে ডেপুটি হাই কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা এবং প্রতিষ্ঠানের নাম শিগগির বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

আগামী সপ্তাহের মাঝামাঝিতে নতুন প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা জানিয়ে দেওয়ার কথা বলেছেন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খালেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এখনকার যে কোম্পানি তাদের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়োনোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন প্রতিষ্ঠানের কাছে আউটসোর্সিংয়ের কাজটি যাবে।

“কোন প্রতিষ্ঠানে বা কোন ঠিকানায় আবেদন করতে হবে, তা আমরা আগামী সোম বা মঙ্গলবারে জানিয়ে দেব। ফলে ভিসা আবেদন বাধাগ্রস্ত হবে না।”

ভিসা আবেদনকে কেন্দ্র করে কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ মিশনের সামনে ব্যাপক ভিড় এবং আবেদনকারীদের সংখ্যাধিক্য বিবেচনায় ২০২১ সালের ডিসেম্বর থেকে বেসরকারি প্রতিষ্ঠানকে ভিসা আবেদন প্রক্রিয়াকরণের দায়িত্ব দেয় সরকার।

বিদেশি মিশনগুলোতে বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়া আউটসোর্সিং প্রতিষ্ঠানকে দেওয়ার ক্ষেত্রে সেটা ছিল প্রথম উদ্যোগ।

বাংলাদেশ ও ভারত একে অপরের নাগরিকদের ক্ষেত্রে ‘ভিসা ফি’ নেয় না। তবে, ভিসা আবেদন প্রক্রিয়াকরণে নির্দিষ্ট সার্ভিস চার্জ নিয়ে থাকে ভিসা আবেদন কেন্দ্রগুলো।

কলকাতা মিশন থেকে ভিসা প্রক্রিয়াকরণের সার্ভিস চার্জ এখন শুল্কসহ মোট ৮২৫ রুপি। আর বাংলাদেশিদের ক্ষেত্রে ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রের (আইভ্যাক) প্রসেসিং ফি বর্তমানে দেড় হাজার টাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলছেন, স্বাভাবিক সময়ে বিদেশে বাংলাদেশের মিশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিসা ইস্যু করে কলকাতার ডেপুটি হাই কমিশন। কোভিড-১৯ মহামারীর আগে এই সংখ্যা প্রতি মাসে গড়ে ১৫ হাজার ছিল। দুর্গাপূজা কেন্দ্রিক এই সংখ্যা ২০ থেকে ২২ হাজারে পৌঁছাত।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপড়েন না মেটার মধ্যে এখন ভিসা ইস্যুর সংখ্যা মাসিক কয়েকশতে নেমে আসার তথ্য মিলছে তাদের কথায়। আগের মতো পূজা কেন্দ্র করে ভিসা ইস্যুর সংখ্যা বাড়ার কথাই বলেছেন তারা।