রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান
সোমবার সকালে রাশিয়া থেকে ইউরেনিয়ামবাহী বিশেষ বিমান ঢাকায় পৌঁছায়।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের নতুন চালান পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে।
মঙ্গলবার সকাল ৭টা ৪৬ মিনিটে দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামবাহী গাড়িগুলো প্রকল্প এলাকায় পৌঁছায় বলে প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানিয়েছেন।
জ্বালানি পরিবহনের সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
এর আগে সোমবার সকাল ৮টা ১৪ মিনিটে রাশিয়ার একটি বিশেষ কার্গো বিমানে করে পারমাণবিক জ্বালানির চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটম জানিয়েছে, রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত আরও দুটি চালানে ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি ইতোমধ্যে দেশে পৌঁছেছে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এই পারমাণবিক জ্বালানি সরবরাহের প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে।
দুই হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি স্থাপন শেষ হয়েছে। তবে নিরাপত্তা ভালভে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন পিছিয়েছে।
রুহুল কুদ্দুস বলেন, ৩০ সেপ্টেম্বর ভালভটির চূড়ান্ত পরীক্ষা সফলভাবে শেষ হয়। পরে ১১ অক্টোবর চুল্লি চালুর প্রাথমিক ধাপ শুরু করেন বিশেষজ্ঞরা। প্রয়োজনীয় পরীক্ষা ও প্রস্তুতি শেষ হলে নভেম্বরের মধ্যে প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
