২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরছেন হাসান

দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন এই পেসার।

দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরছেন হাসান

হাসান মাহমুদ। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 07:55 PM

Updated : 20 Nov 2026, 07:55 PM

কনুইয়ের চোটে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে বাংলাদেশে ফিরছেন হাসান মাহমুদ। দেশে ফিরে পুনর্বাসনের কাজ শুরু করবেন ছন্দে থাকা এই পেসার।

বিসিবি শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসানের দেশে ফেরার খবর জানিয়েছে। এতে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। সেঞ্চুরিয়নে ম‍্যাচ শুরু হবে সোমবার।

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের অন্য দুই পেসারের চেয়ে বেশি বোলিং করেন হাসান। ৩০.৪ ওভার হাত ঘুরিয়ে ১১৮ রান খরচায় তিনিই নেন দলের সর্বোচ্চ ৪ উইকেট। তবে এই ইনিংসে তার ওপর দিয়ে বয়ে যায় ধকল।

ম‍্যাচ শেষ হওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দলীয় সূত্র নিশ্চিত করে, পরের টেস্টে বিশ্রাম দেওয়া হবে হাসানকে। তিনি দেশে ফেরায় সাদা বলের সিরিজে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ল।

সাম্প্রতিক সময়ে বেশ ব্যস্ত সময় পার করছেন হাসান। গত অগাস্টে অস্ট্রেলিয়া সফরের দুই টেস্ট থেকে শুরু। চার মাসের মধ্যে দেশে ও বাইরে মিলিয়ে তিনি খেলেছেন ছয়টি টেস্ট। জাতীয় দলের ব্যস্ততার ফাঁকে আবার ছিল কাউন্টি ক্রিকেটেও দুই ম্যাচ। এবার কনুইয়ের চোটে ক্রিকেট থেকে বিরতি নিতে বাধ‍্য হলেন তিনি।

চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা এবং আসন্ন আন্তর্জাতিক সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে হাসানকে পর্যাপ্ত সময় দিতে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে বিসিবি। তাদের প্রত্যাশা, এই বিরতিতে হাসান নিজের পুনর্বাসন প্রক্রিয়ায় পূর্ণ মনোযোগ দিতে পারবেন এবং সম্ভাব‍্য সেরা অবস্থায় থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন।