১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

শাকিলের ৩ রানের আক্ষেপের পর ম্যাচ ড্র

শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের দুই ইনিংসেই নব্বইয়ের ঘরে আউট হলেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান।

শাকিলের ৩ রানের আক্ষেপের পর ম্যাচ ড্র

পাকিস্তানের প্রথম ব‍্যাটসম‍্যান হিসেবে কোনো টেস্টে দুই ইনিংসেই নব্বইয়ের ঘরে আউট হলেন সাউদ শাকিল। ছবি: পিসিবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 06:22 PM

Updated : 13 Nov 2026, 06:22 PM

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির সম্ভাবনা জাগালেন সাউদ শাকিল। এবারও তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন তিনি। তার বিদায়ের পর রাওয়ালপিন্ডি টেস্টে ড্র মেনে দিল পাকিস্তান ও শ্রীলঙ্কা।

প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৩৪ রানের জবাবে ৪৪৬ রান করে শ্রীলঙ্কা। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৫৭ রান নিয়ে যখন চতুর্থ দিন শেষ করে পাকিস্তান, তখনই প্রায় নিশ্চিত হয়ে যায় ম্যাচের ফল। দ্বিতীয় ইনিংসে শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৮৪ রান করে স্বাগতিকরা।

সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে নয় চারে ৯৩ রান করেন শাকিল। আর শেষ দিনে শুক্রবার সাত চারে ৯৭ রানের ইনিংস খেলেন তিনি। চা বিরতির পর তিনি আউট হলে ড্র মেনে নেয় দুই দল।

দিনের প্রথম বলে আজান আওয়াইসকে বিদায় করে দেন লাহিরু কুমারা। পরের ওভারে মোহাম্মাদ তাহাকে কট বিহাইন্ড করেন দেন আসিথা ফার্নান্দো। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান এদিন করতে পারেননি কোনো রান।

ক্রিজে গিয়ে টানা দুটি চার মারেন বাবর আজম। পরে ছয়টি চারে ৩৪ রান করে থামেন পাকিস্তান অধিনায়ক। ভাঙে শাকিলের সঙ্গে তার ৫০ রানের জুটি।

সালমান আলি আগা ফের ব্যর্থ বড় রান করতে। শাকিলকে সঙ্গ দেন গাজী ঘরি। দুইজনে গড়েন ৯২ রানের যুগলবন্দি। দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টার শেষ দিকে ফিফটি স্পর্শ করেন শাকিল, ১২৬ বলে।

মনে হচ্ছিল, প্রথম ইনিংসের হতাশায় এবার প্রলেপ দিতে পারবেন তিনি। কিন্তু এবারও আক্ষেপের আগুনে পুড়তে হলো তাকে। লাহিরু কুমারার বলে বোল্ড হয়ে সেঞ্চুরি থেকে ৩ রান দূরে থামেন বাঁহাতি ব্যাটসম্যান।

একই মাঠে দ্বিতীয় টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৪৩৪/৯ ডিক্লে.

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৪৬

পাকিস্তান ২য় ইনিংস: ৮৪.৫ ওভারে ২৮৪/৮ ডিক্লে. (আগের দিন ৫৭/১) (আজান ২২, তাহা ২৪, বাবর ৩৪, শাকিল ৯৭, সালমান ১৩, ঘরি ৩৫, মিনহাস ১৬, রাজাউল্লাহ ৬*; আসিথা ১৩-২-৩৫-২, মাদুশাঙ্কা ১৭-৩-৬৮-০, লাহিরু ১৭.৫-৩-৬৫-২, রাত্নায়েকে ২০-৬-৪৭-৩, দিনুশা ৮-১-২৫-০, ধানাঞ্জায়া ৯-০-২৫-১)

ফল: ম্যাচ ড্র

ম্যান অব দা ম্যাচ: সাকিব খান