জয়ের হাতছানিতে শেষ দিনে জিম্বাবুয়ে
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েছে জিম্বাবুয়ে।
গ্রায়েম ক্রিমারের ফিফটি ও ব্লেসিং মুজারাবানির ক্যারিয়ার সেরা ইনিংসে প্রতিপক্ষকে বড় লক্ষ্য দিল জিম্বাবুয়ে। পরে নিয়মিত বিরতিতে আফগানিস্তানের উইকেট তুলে নিয়ে জয়ের পথে এগিয়ে গেল তারা।
শারজাহতে দ্বিতীয় টেস্টে সোমবার ৯ উইকেটে ২৯৫ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। ৪১৮ রানের লক্ষ্য তাড়ায় ৫ উইকেটে ১৪৩ রান করে চতুর্থ দিনের খেলা শেষ করেছে আফগানিস্তান।
জয়ের পাল্লা ভারি জিম্বাবুয়ের দিকে। শেষ দিনে ৫ উইকেট প্রয়োজন আফ্রিকার দলটির। আর আফগানদের এখনও দরকার ২৭৫ রান।
৭ উইকেটে ১৬৯ রান নিয়ে নতুন দিন শুরু করা জিম্বাবুয়ে একটু পরই অষ্টম ব্যাটসম্যানকে হারায়। দুইশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়া দলের হাল ধরেন ক্রিমার ও মুজারাবানি। দুজনে মিলে কাটিয়ে দেন প্রথম সেশন।
দারুণ ব্যাটিংয়ে মধ্যাহ্ন বিরতির আগেই টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটির স্বাদ পান মুজারাবানি, ৬৩ বলে। দ্বিতীয় সেশনের শুরুতে বাজে তার বিদায়ঘন্টা। একটি ছক্কা ও ১০ চারে ৫৯ রান করা মুজারাবানিকে ফিরিয়ে ৯০ রানে জুটি ভাঙেন নাসির খান মারুফখিল।
কয়েক ওভার পর ফিফটিতে পা রাখেন ক্রিমার, ১২৫ বলে। টেস্ট ক্যারিয়ারে এটি তার প্রথম ফিফটি। তবে এই সংস্করণে একটি সেঞ্চুরি আছে তার। ক্রিমারের ফিফটি ছোঁয়ার ওভার শেষে ইনিংস ঘোষণা করে দেয় জিম্বাবুয়ে।
বিশাল লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারেই আব্দুল মালিককে হারায় আফগানিস্তান। দুই চার মেরে ব্র্যাড ইভান্সের বলে কট বিহাইন্ড হন মালিক। থিতু হয়ে ফিরে যান রাহমানউল্লাহ ও সেদিকউল্লাহ আটাল।
ভালো শুরুটা কাজে লাগাতে পারেননি রেহমাত শাহ ও হাশমাতউল্লাহ ওমারজাই। দুজনই ত্রিশ ছুঁয়ে বিদায় নেন। ১০৬ রানে পাঁচ উইকেট হারানো দলকে এদিন আর বিপদে পড়তে দেননি আফসার জাজাই ও ইকরাম আলিখিল। ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন তারা।
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে)
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩৩৯
আফগানিস্তান ১ম ইনিংস: ২১৭
জিম্বাবুয়ে ২য় ইনিংস: ৯৮ ওভারে ২৯৫/৯ ডিক্লে. (আগের দিন ১৬৯/৭) (সিগা ১৫, ক্রিমার ৫০*, মুজারাবানি ৫৯, মাসেকেসা ৪*; আহমাদজাই ১৫-২-৪৪-২, মারুফখিল ৩৭-৬-১০৬-২, সালিম ২১-৩-৭৮-৩, জিয়াউর ২০-৫-৪৮-২, শাহিদি ৫-০-১২-০)
আফগানিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৪১৮) ৪৪ ওভারে ১৪৩/৫ (মালিক ৮, রাহমানউল্লাহ ১৫, আটাল ১৪, রেহমাত ৩০, শাহিদি ৩৫, আফসার ২০*, ইকরাম ২০*; মুজারাবানি ১০-৩-২৪-১, ইভান্স ৯-২-২৫-২, ক্রিমার ১৩-১-৫৯-১, মাসেকেসা ১০-৪-২৬-১, মাধেভেরে ২-০-৮-০)
