২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ার ইংলিস-ধাক্কা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হারার পর এবার দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে হারাল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ইংলিস-ধাক্কা

চোটে ছিটকে গেছেন জশ ইংলিস। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 02:12 PM

Updated : 26 Sep 2026, 02:23 PM

সিরিজের প্রথম ওয়ানডে হেরে এমনিতেই বেকায়দায় অস্ট্রেলিয়া। তাদের সিরিজে ফেরার সম্ভাবনায় এবার বড় আঘাত হয়ে এলো জশ ইংলিসের চোট। ডানহাতের তর্জনির চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন এই কিপার-ব্যাটার।

সিরিজের প্রথম ম্যাচে ডারবানে বৃহস্পতিবার কিপিংয়ের সময় আঙুলে চোট পান ইংলিস। আঘাত নিয়েই অবশ্য কিপিং চালিয়ে যান তিনি। পরে ব্যাটিংয়ে নেমে রিভার্স সুইপ খেলে আউট হন ৩ রান করে।

পরে পরীক্ষা করিয়ে তার আঙুলে চিড় ধরা পড়ে। সিরিজের বাকি দুই ম্যাচে তাই আর খেলতে পারবেন না ৩১ বছর বয়সী কিপার-ব্যাটার। আপাতত তার বদলি হিসেবে কাউকে নিচ্ছে না অস্ট্রেলিয়া। আগে থেকেই দলে থাকা অ্যালেক্স কেয়ারি সামলাবেন কিপিংয়ের দায়িত্ব।

এখন ইংলিসের বিকল্প না নেওয়া হলেও সামনের টেস্ট সিরিজে বদলি কাউকে লাগবে কি না, প্রশ্ন এখন সেটিই। ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতিতে জানিয়েছে, তিনি এখন দেশে ফিরে যাবেন। সেখানে পরবর্তী মূল্যায়ন ও শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করবে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে তার অংশগ্রহণ করা।

এমনিতে দ্বিতীয় কিপার-ব্যাটার হিসেবে টেস্ট স্কোয়াডে আছেন ইংলিস। তবে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে তার খেলার সম্ভাবনা নিয়েও জোর আলোচনা চলছিল। গত বছর অভিষেক টেস্টে সেঞ্চুরি করা ক্রিকেটার তার ক্যারিয়ারের পাঁচ টেস্টের সবকটি খেলেছেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই।

শেষ পর্যন্ত ইংলিস খেলতে না পারলে তার বদলে সুযোগ পেতে পারেন জশ ফিলিপি কিংবা স্যাম হার্পার। দুজনই এখন অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারত সফরে আছেন। দ্বিতীয় কিপার-ব্যাটার চিন্তা না করে শুধু ব্যাটসম্যান নিতে চাইলে অবশ্য ন্যাথান ম্যাকসুয়েনি বা পিটার হ্যান্ডসকমের দুয়ারও খুলতে পারে।

তিন ম্যাচের টেস্ট সিরিজটি শুরু আগামী ৯ অক্টোবর।