ট্রাম্পের পুরনো টুইট বেহাত, ক্লিক করলেই খুলছে এপস্টেইন নথি
২০১১ সালে বার্গার কিংয়ের করা এক টুইটের লিংক ১৫ নভেম্বর নতুন এক ব্যবহারকারীর নামে নিবন্ধিত হয়, যা বর্তমানে নিষ্ক্রিয় রয়েছে।
জনপ্রিয় ইউআরএল সংক্ষিপ্তকরণ সেবা বিটলি’তে নিরাপত্তা ত্রুটির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, বার্গার কিং ও অন্যান্য অ্যাকাউন্টের পুরনো টুইটার পোস্টের লিংক হাইজ্যাকের ঘটনা ঘটেছে।
বিটলি’র সিস্টেমে ত্রুটি ধরা পড়ার পর সপ্তাহান্তে প্ল্যাটফর্মটির মাধ্যমে শেয়ার করা বিভিন্ন লিংক অপ্রাসঙ্গিক ও ক্ষেত্রবিশেষে আপত্তিকর ওয়েবসাইটে স্থানান্তরিত হয়ে যায়।
এর ফলে ডনাল্ড ট্রাম্পের ওই পোস্টের লিংকে ক্লিক করলে তা কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত নথির উইকিপিডিয়া পাতায় নিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
মেয়াদোত্তীর্ণ বিভিন্ন লিংক নিয়েই এ সমস্যার সূত্রপাত। ফলে যে কেউ একই লিংক ব্যবহার করে সেগুলোকে নিজেদের পছন্দমতো ওয়েবসাইটে ঘুরিয়ে দেওয়ার সুযোগ পেয়ে যান।
আমেরিকান সংবাদমাধ্যম সিএনএন-এর দেখা তথ্য অনুসারে, ২০১১ সালে বার্গার কিংয়ের করা এক টুইটের লিংক ১৫ নভেম্বর নতুন এক ব্যবহারকারীর নামে নিবন্ধিত হয়, যা বর্তমানে নিষ্ক্রিয় রয়েছে।
টুইটটিতে বার্গার কিংয়ের রেস্তোরাঁ খুঁজে পাওয়ার ঠিকানা দেওয়া থাকলেও পরিবর্তিত লিংকটি ক্লিক করলে উইকিপিডিয়ায় নাৎসি বন্দিশিবিরের তালিকায় নিয়ে যাচ্ছিল।
এ ছাড়া, ২০১৩ সালে স্কটল্যান্ডে নিজের গলফ কোর্স নিয়ে ট্রাম্পের করা এক পোস্টের লিংক পরিবর্তন করে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত নথির উইকিপিডিয়া পাতায় জুড়ে দেওয়া হয়েছে।
দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে বন্ধুত্বের কারণে ট্রাম্প বারবার সমালোচনার মুখে পড়েছেন। এপস্টেইন সংক্রান্ত নথিপত্রে মার্কিন প্রেসিডেন্টের নাম এসেছে হাজার হাজার বার।
এ বছরের শুরুতে মার্কিন বিচার বিভাগ এপস্টেইন সংক্রান্ত যেসব নথি প্রকাশ করেছিল তার বড় অংশই সম্পাদনার মাধ্যমে ঢেকে দেওয়া হয়েছিল।
এই বাড়তি প্রাইভেসি সরিয়ে পূর্ণাঙ্গ এপস্টেইন ফাইল প্রকাশের জন্য আইনপ্রণেতা ও ভুক্তভোগীদের পক্ষ থেকে জোরালো দাবি এখনও অব্যাহত রয়েছে।
বিটলি’র এ ত্রুটির কবলে পড়া অন্যান্য প্রভাবশালী অ্যাকাউন্টগুলোর মধ্যে রয়েছে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের অ্যাকাউন্টও।
বিটলি বলেছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার এক্সে দেওয়া এক পোস্টে কোম্পানিটি বলেছে, “আজকের শুরুর দিকে আমরা এমন সমস্যার কথা জানতে পেরেছি, যার কারণে দুর্বৃত্তরা নির্দিষ্ট কিছু পুরনো ও নিষ্ক্রিয় লিংক পুনরায় ব্যবহার করে মানুষকে মূল পোস্টের সঙ্গে অসম্পর্কিত কোনো কনটেন্টে স্থানান্তরিত করার সুযোগ পেয়েছিল।
“আমরা সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো স্থগিত করেছি ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন লিংক নিষ্ক্রিয় করে দিচ্ছি।”
বিটলি’র ‘ট্রাস্ট অ্যান্ড সেইফটি’ দল এ সমস্যার সমাধান ও একইরকম অপব্যবহারের বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে কাজ করছে।
তবে এক্স প্ল্যাটফর্মটিতে সাইবার নিরাপত্তার কোনো ধরনের দুর্বলতা তৈরি হয়েছে– এমন কোনো ইঙ্গিত মেলেনি।
