এনভিডিয়া প্রধান হিসেবে জেনসেন হুয়াংকে ফেরানো হলে আপত্তি নেই: ট্রাম্প
‘আমার মনে হয় তিনি বড় একটা শিক্ষা পেয়েছেন’- সন্দেহভাজন চীনা গুপ্তচর নারীর সঙ্গে পরকীয়ার জেরে পদত্যাগ করা হুয়াংকে আবারও এনভিডিয়ায় দেখতে আপত্তি নেই মার্কিন প্রেসিডেন্টের।
পরকীয়া কেলেঙ্কারির জেরে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহীর (সিইও) পদ ছাড়ার মাত্র কয়েক দিন পরই জেনসেন হুয়াংয়ের পক্ষে কথা বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা হুয়াংকে আবারও শীর্ষ পদে পুনর্বহাল করা হলে তাতে তার কোনও আপত্তি নেই।
সোমবার মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ায় জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন চান কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "তাকে ফেরানো হলে আমি নিশ্চিতভাবেই কিছু মনে করব না।"
এদিন ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট আরও বলেন, “আমার মনে হয় তিনি (হুয়াং) একটি বড় শিক্ষা পেয়েছেন।"
ট্রাম্প বলেন, "জেনসেনের জীবনে স্পষ্টত দুটি বিষয় চলছে। প্রথমত, তার একটি পারিবারিক জটিলতা তৈরি হয়েছে, যা সত্যিই বেশ কঠিন পরিস্থিতি। আর দ্বিতীয়ত, তার মূল লক্ষ্য হলো চিপ বিক্রি করা।"
ট্রাম্প ইঙ্গিত দেন, হুয়াংয়ের ফিরে আসা এনভিডিয়ার জন্য পরবর্তী প্রজন্মের অত্যাধুনিক চিপ তৈরিতে সহায়ক হতে পারে। "আমার মনে হয় হুয়াংকে তার পদে ফিরিয়ে আনা মোটেও কোনও খারাপ সিদ্ধান্ত হবে না," বলেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য সেই নাটকীয় ঘটনাপ্রবাহের সর্বশেষ সংযোজন, যার সূত্রপাত হয়েছিল অ্যালিস হুয়াং নামে এক নারীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর থেকে। মার্কিন কর্তৃপক্ষের ধারণা, ওই নারী চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন।
৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের এনভিডিয়া প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ যখন নজিরবিহীন এই নেতৃত্ব সংকট নিয়ে স্বাধীন তদন্ত শুরু করে, তখন গত সপ্তাহে পদত্যাগ করেন কোম্পানিটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং।
তবে সাম্প্রতিক দিনগুলোতে তাকে পুনরায় পদে ফিরিয়ে আনার পক্ষে প্রকাশ্যে প্রচার বেশ জোরালো হয়েছে। তাকে ফেরাতে সরব হওয়া বিশিষ্টজনদের মধ্যে টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কও রয়েছেন।
‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’ পত্রিকা রোববার এক প্রতিবেদনে জানিয়েছে যে, হুয়াং তার ঘনিষ্ঠজনদের সঙ্গে পদে ফিরে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।
১৯৯৩ সালে যৌথভাবে এনভিডিয়া প্রতিষ্ঠা করেছিলেন হুয়াং। সংস্থাটিকে কৃত্রিম মেধা বা এআই চিপ সরবরাহের ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করায় তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।
