১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

বিচ্ছেদ হলে কত সম্পদের মালিক হবেন জেনসেন হুয়াংয়ের স্ত্রী?

শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নিলে লোরির নাম যুক্ত হবে বিশ্বের ধনকুবের প্রযুক্তি উদ্যোক্তাদের সাবেক স্ত্রীদের বিশেষ এক দলে।

বিচ্ছেদ হলে কত সম্পদের মালিক হবেন জেনসেন হুয়াংয়ের স্ত্রী?

স্ত্রী লোরির সঙ্গে জেনসেন হুয়াং। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 12:24 AM

Updated : 14 Nov 2026, 12:24 AM

প্রযুক্তি দুনিয়ার অন্যতম ধনী ব্যক্তি জেনসেন হুয়াংয়ের দাম্পত্য জীবন এখন আলোচনায়। এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও সদ্য পদত্যাগ করা প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ প্রকাশ্যে আসার পর তার স্ত্রী লোরি হুয়াংয়ের ভবিষ্যৎ সিদ্ধান্ত নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছে।

৪০ বছরের বেশি সময় ধরে সংসার করা এই দম্পতির বিচ্ছেদ হলে লোরি হুয়াংয়ের নাম যুক্ত হতে পারে প্রযুক্তি দুনিয়ার ধনকুবেরদের সাবেক স্ত্রীদের তালিকায়।

অর্থ-বাণিজ্যের সাময়িকী ফোর্বসের হিসাব উদ্ধৃত করে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট বলছে, বিচ্ছেদ হলে স্বামীর সম্পদের ভাগ হিসেবে অন্তত ৭৫ বিলিয়ন ডলার পেতে পারেন লোরি।

তবে তাদের বিচ্ছেদের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। লোরি হুয়াংও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

Image

স্ত্রী লোরির সঙ্গে জেনসেন হুয়াং। ছবি: রয়টার্স

ইনডিপেনডেন্ট লিখেছে, শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নিলে লোরির নাম যুক্ত হবে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের মত বিশ্বের ধনকুবের প্রযুক্তি উদ্যোক্তাদের সাবেক স্ত্রীদের বিশেষ এক দলে।

সাংবাদিক টিনা ব্রাউনের ভাষায়, এই নারীরা এমন এক ক্লাব, যারা স্বামীর বিপুল সম্পদের অংশ পেয়েছেন, কিন্তু তাদের সঙ্গে আর সেই ‘আত্মকেন্দ্রিক’ পুরুষের সংশ্লিষ্টতা নেই।

বিচ্ছেদ হলে সম্পদের ভাগ কত হতে পারে

ফোর্বসের হিসাব অনুযায়ী, জেনসেন হুয়াং বিশ্বের অষ্টম ধনী ব্যক্তি। তার বয়স ৬৩ বছর। লোরি হুয়াংয়ের বয়স ৬৫ বছর।

ফরচুন সাময়িকীর প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ার প্রায় ৬৬ কোটি ৯০ লাখ শেয়ারের মালিকানা রয়েছে হুয়াং পরিবারের তিনটি ট্রাস্টের হাতে। এসব ট্রাস্টের সহ-ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন জেনসেন ও লোরি হুয়াং।

এনভিডিয়ার শেয়ার ও সম্পদের পরিমাণ বিবেচনায় নিয়ে ফোর্বস হিসাব করে দেখিয়েছে, তাদের বিচ্ছেদ হলে লোরি অন্তত ৭৫ বিলিয়ন ডলারের সম্পদ পেতে পারেন।

Image

গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তে রেস্তোরাঁয় নৈশভোজে ও বিভিন্ন বৈঠকে অ্যালিস হুয়াং ও জেনসেনকে একসঙ্গে দেখা গেছে। ছবি: রয়টার্স

তবে এটি সম্ভাব্য সম্পদ বণ্টনের হিসাব, কোনো নির্ধারিত বা ঘোষিত বিচ্ছেদ চুক্তির অঙ্ক নয়।

এর আগে ২০২১ সালে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা গেটসের ২৭ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে। তাদের বিচ্ছেদের আর্থিক সমঝোতার বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে মেলিন্ডা প্রায় ২৫ বিলিয়ন ডলারের সম্পদ পেয়েছিলেন বলে ধারণা করা হয়।

অন্যদিকে, ২০১৯ সালে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও ম্যাকেঞ্জি স্কটের ২৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে। বিচ্ছেদের পর স্কট প্রায় ৩৮ বিলিয়ন ডলারের সম্পদ পান।

পরে এই দুই নারীই তাদের সম্পদের বড় অংশ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে দান করেছেন।

Image

২০২১ সালে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা গেটসের ২৭ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে। ছবি: রয়টার্স

স্বামীর ব্যবসায়িক সাফল্যে লোরির ভূমিকা

বিপুল সম্পদের পাশাপাশি জনকল্যাণমূলক কাজেও মিল রয়েছে মেলিন্ডা, ম্যাকেঞ্জি ও লোরি হুয়াংয়ের মধ্যে।

লোরি হুয়াং জেন-সুন অ্যান্ড লোরি হুয়াং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। ২০২৪ সালে এই দাতব্য সংস্থার সম্পদের পরিমাণ ছিল প্রায় ৯ বিলিয়ন ডলার।

ফাউন্ডেশনটি সান ফ্রান্সিসকো অপেরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু প্রতিষ্ঠানে অনুদান দিয়েছে। তবে রাজনৈতিক কর্মকাণ্ডে অনুদান দেওয়া থেকে সংস্থাটি দূরে থাকে বলে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

ফরচুনের প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার শেয়ারের একটি বড় অংশের মালিকানা সংশ্লিষ্ট পারিবারিক ট্রাস্টগুলোর দায়িত্বে রয়েছেন লোরি। অর্থাৎ পরিবারের সম্পদ ব্যবস্থাপনা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

জেনসেন হুয়াংও বিভিন্ন সময়ে এনভিডিয়ার সাফল্যে স্ত্রীর অবদানের কথা স্বীকার করেছেন।

চলতি বছরের মে মাসে এশীয় সংবাদমাধ্যম সিএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এনভিডিয়ার প্রতিটি মুহূর্তে সে (লোরি) ছিল। এনভিডিয়ার প্রতিটি ধাপে সে আমার সঙ্গে ছিল।”

Image

২০১৯ সালে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও ম্যাকেঞ্জি স্কটের ২৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে।

বিশ্ববিদ্যালয়ের পরিচয় থেকে চার দশকের সংসার

১৯৮০-এর দশকের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটিতে তাদের পরিচয়। তখন লোরি মিলস নামে পরিচিত লোরি ছিলেন জেনসেনের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাসের মাত্র তিনজন নারী শিক্ষার্থীর একজন।

২০২৩ সালে নিউ ইয়র্কার সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনসেন বলেন, ওই ক্লাসে প্রায় ২০০ পুরুষ শিক্ষার্থীর মধ্যে নারীদের মনোযোগ পাওয়ার প্রতিযোগিতা ছিল তীব্র।

নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাসী না হলেও লোরির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা চালিয়ে যান তিনি। প্রতি সপ্তাহান্তে একসঙ্গে বাড়ির কাজ করার প্রস্তাব দিয়ে প্রায় ছয় মাস চেষ্টা করার পর অবশেষে লোরিকে ডেটে যাওয়ার আমন্ত্রণ জানান।

Image

জেনসেন হুয়াং। ছবি: রয়টার্স

জেনসেন বলেছিলেন, “আমি তাকে মুগ্ধ করার চেষ্টা করেছি—অবশ্য চেহারা দিয়ে নয়, বরং বাড়ির কাজ শেষ করার দক্ষতা দিয়ে।”

১৯৮৫ সালে বিয়ে করেন জেনসেন ও লোরি। বিয়ের পর দুজনই ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে চলে যান এবং মাইক্রোচিপ নকশা নিয়ে কাজ শুরু করেন।

লোরি নিজেও একজন দক্ষ প্রকৌশলী ছিলেন। একসময় তার আয় স্বামীর চেয়েও বেশি ছিল বলে নিউ ইয়র্কারকে জানিয়েছিলেন জেনসেন।

পরে দুই সন্তান স্পেন্সার ও ম্যাডিসনকে বড় করে তোলার জন্য নিজের পেশাগত জীবন থেকে বিরতি নেন লোরি। একই সঙ্গে স্বামীকে এনভিডিয়া প্রতিষ্ঠার কাজে সময় দেওয়ার সুযোগ করে দেন।

১৯৯৩ সালে একটি ডেনিস রেস্তোরাঁ থেকে এনভিডিয়ার যাত্রা শুরু করেন জেনসেন ও তার দুই সহযোগী। নিজের ক্যারিয়ারে লোরির এই ত্যাগকে জেনসেন তার পাওয়া ‘উপহার’ হিসেবে বর্ণনা করেছেন।

চলতি বছরের মে মাসে ‘হাউ আই বিল্ট ইট’ পডকাস্টে জেনসেন বলেন, “লোরি সবকিছু সামলেছে। আমার মনে পড়ে না, সে কখনো একবারও অভিযোগ করেছে।”

এনভিডিয়া যত বড় হয়েছে, লোরি ততটাই আড়ালে থেকেছেন। বিভিন্ন সম্মেলন, অনুষ্ঠান ও রাষ্ট্রীয় নৈশভোজে স্বামীর সঙ্গে উপস্থিত থাকলেও সাধারণত প্রচারের আলোয় আসেননি তিনি।

সিএনএকে দেওয়া সাক্ষাৎকারে জেনসেন বলেছিলেন, “লোরিকে বাদ দিলে আমার মনে হয় না আর কেউ এনভিডিয়ার প্রতিটি সম্মেলনে উপস্থিত ছিল। সে প্রতিটি সম্মেলনে, প্রতিটি বক্তৃতায় ছিল।”

ক্ষমা প্রার্থনা

গত ৮ নভেম্বর এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে স্ত্রী ও দুই সন্তানের কাছে ক্ষমা চান জেনসেন।

তিনি বলেন, “আমার কর্মকাণ্ডে আমার স্ত্রী ও সন্তানরা কষ্ট পেয়েছে। আমি যা করেছি, তার কোনো অজুহাত নেই। আমি গভীরভাবে দুঃখিত।”

নিজের সিদ্ধান্তের দায় পরিবারের ওপর না চাপিয়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধও জানান তিনি।

জেনসেন বলেন, “আমার সিদ্ধান্তের জন্য আমার পরিবার কোনোভাবেই দায়ী নয়। দায় আমার। দয়া করে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করুন।”

এরপর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করে। এর মধ্যে হুয়াংয়ের সঙ্গে তার কোম্পানিরই এক নারী কর্মকর্তার আরেকটি বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ প্রকাশ্যে এলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বুধবার রাতে পরিচালনা পর্ষদের বৈঠকের পর বৃহস্পতিবার তিনি সিইওর পদ থেকে সরে দাঁড়ান।

ইনডিপেনডেন্ট লিখেছে, জেনসেন ও লোরি হুয়াংয়ের দাম্পত্য জীবনের ভবিষ্যৎ এখন কী হবে, তা এখনো স্পষ্ট নয়। লোরি এ বিষয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি।

২০২৪ সালে নিজের বিশ্ববিদ্যালয়ের একটি সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেনসেন বলেছিলেন, “জীবনে এমন একজন মানুষ থাকা ভালো, যিনি নিঃশর্তভাবে আপনার ওপর বিশ্বাস রাখেন, বিশ্বাস করেন যে আপনি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন।”

তিনি বলেছিলেন, “আমার জীবনে লোরি সব সময় সেই মানুষটি ছিল। আমার বয়স যখন ১৮, তখন থেকেই সে আমার ওপর বিশ্বাস রেখেছে এবং জানত আমি পারব। এমনকি আমি যখন সংশয়ে ভুগেছি, তখনো সে বিশ্বাস হারায়নি।”