০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ছায়ানটে মুগ্ধতা ছড়াল শাস্ত্রীয় সংগীতের ‘সুর সম্মিলন’

দেড় ঘণ্টার এই আয়োজনে সংগীত, অভিনয় ও নাট্যরীতির সমন্বয় ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 08:14 PM

Updated : 08 Oct 2026, 08:14 PM

উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীতের পাশাপাশি কর্নাটকী, পারস্য, চৈনিক ও পাশ্চাত্য ধারার মেলবন্ধনে রাজধানীর ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হল বিশেষ ‘সুর সম্মিলন’।

সাংস্কৃতিক সংগঠন ‘হংসধ্বনি’ এর আয়োজনে এই অনুষ্ঠানে শাস্ত্রীয় সংগীতের বহুমাত্রিক রূপ ও ঐতিহ্য নাট্যাঙ্গিকে দর্শকের সামনে তুলে ধরা হয়।

শিল্পী সাইফুল তানকারের গ্রন্থনা ও পরিচালনায় এবং রতন মজুমদারের নাট্য নির্দেশনায় দেড় ঘণ্টার এই আয়োজনে সংগীত, অভিনয় ও নাট্যরীতির এক সমন্বয় ঘটে।

অনুষ্ঠানের শুরুতে তানপুরায় সুর বাঁধা ও ‘সা’ স্বর সাধার মধ্য দিয়ে আয়োজনের উদ্বোধন করেন শাস্ত্রীয় সংগীত গুরু পণ্ডিত অসিত দে। বিশেষ অতিথি ছিলেন সরকারি সংগীত কলেজের অধ্যক্ষ নাদিয়া সোমা সামাদ।

রিপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি সংগীত কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লাবণী সাহা।

সমবেত ধ্রুপদ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্বের সূচনা হয়। এতে অংশ নেন অরণি চৌধুরী, সংযুক্তা, সোনাল সিনহা, প্রতিমা রাণী নট্ট, ওম অভ্র চৌধুরী, ইমরান সরকার, অভিজীত বর্ম্মন, অমিত কর্মকার, ইমন খান ও কবিতা মনি।

এরপর একক খেয়াল পরিবেশন করেন আর্য শ্রেষ্ঠা ঘোষ, কর্নাটকী সংগীত শোনান তুলশী দেবী এবং মালকোষ রাগে খেয়াল ও তারানা পরিবেশন করেন সুদীপ দত্ত অহন।

চৈনিক শাস্ত্রীয় সংগীতের দ্বৈত পরিবেশনায় অংশ নেন ঐক্যজিৎ ও অরুণা। এছাড়া বৈরাগী রাগে খেয়াল পরিবেশন করেন রথিন টিকাদার, পারস্যের শাস্ত্রীয় সংগীত শোনান ফারজানা মেঘলা, কবিতা মনি ও রোদশী।

একক পরিবেশনায় ছিলেন ঠুমরিতে প্রণামি পোদ্দার, পাশ্চাত্য অপেরায় জেমিমা তাহসিন রাত্রি এবং ভজনে প্রিয়ন্তি পোদ্দার।

সংগীত পরিবেশনার পাশাপাশি বিভিন্ন চরিত্র রূপায়নে অভিনয় করেন অর্ক সরকার, বিত্ত সোম, হুমায়ন আহমেদ রাহাত, চার্লি, রথিন টিকাদার, অনির্বাণ হালদার, সিফাত প্রধান, তাকবির খান ও অংকিতা মজুমদার।

যন্ত্রসংগীতে তবলায় ছিলেন গৌতম কুমার সরকার ও প্রশান্ত কুমার দাস, সাজযন্ত্রে জাহিদ, ভায়োলিনে নুপুর, হারমোনিয়ামে সাইফুল তানকার ও রথিন টিকাদার, তানপুরায় প্রতিমা নট্ট ও ইমরান সরকার এবং কিবোর্ড ও আবহসংগীতে ছিলেন ফরহাদ হোসেন।