২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে নজরুল উৎসব

গুলশান লেক পার্কে এ উৎসব হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 10:22 PM

Updated : 28 Nov 2026, 10:22 PM

রাজধানীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান-কবিতা ও নৃত্যের আয়োজনে হয়ে গেল নজরুল উৎসব।

গুলশান লেক পার্কে শুক্র ও শনিবার এ উৎসব আয়োজন করে ‘বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা’।

শনিবার সমাপনী দিনের পরিবেশনা শুরু হয় প্রেমার নৃত্যালেখ্য ‘দুর্গম গিরি কান্তার মরু’ দিয়ে।

একক সংগীতে ফেরদৌস আরা গেয়ে শোনান ‘গভীর নিশীথে ঘুম’। গার্গী ঘোষ পরিবেশন করেন ‘এ ঘন ঘোর রাতে’। ইউসুফ আহমেদ খান গেয়ে শোনান ‘ভরিয়া পরান’ এবং শারমিন সাথী ইসলাম ময়না পরিবেশন করেন ‘আবার ভালোবাসার…।”

এরপর রুদ্র দাস গেয়ে শোনান ‘ডেকো না আর ভ্রমর প্রিয়া’, ইয়াসমীন মুশতারী পরিবেশন করেন ‘স্বপনে এসেছিল মৃদুতাধিনী’, খায়রুল আনাম শাকিল গেয়ে শোনান ‘মোর প্রিয়া হবে এসো রানী’ এবং শান্তা ইসলাম পরিবেশন করেন ‘শাওন আসিল ফিরে’।

এছাড়া সঞ্জয় কবিরাজ গেয়ে শোনান ‘এ কোন মায়ায়’, মুনশী মনিষা পরিবেশন করেন ‘খোদার প্রেমের শরাব’, তৌকির আহমেদ গেয়ে শোনান ‘আমার গহীন জলের নদী’ এবং তানজিনা করিম স্বরলিপি পরিবেশন করেন ‘আমার কোনকূলে’।

পাশাপাশি গান গেয়ে শোনান সৈয়দ ফয়সল আহমেদ। বাপ্পা মজুমদার গেয়ে শোনান ‘মেঘের ডমরু ঘন বাজে’ এবং ফাতেমাতুজ জোহরা পরিবেশন করেন ‘আমি পূরব দেশের পুরনারী’। এদিন ‘নিশি নিঝুম ঘুম’ আবৃত্তি পরিবেশন করেন ঐশ্বর্য সমদ্দার।

উৎসবের প্রথম দিন শুক্রবার সন্ধ্যায় সমবেত গান ও একক পরিবেশনাসহ ২৫টি গান পরিবেশিত হয়।

এসময় গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত বলেন, “কাজী নজরুল ইসলাম আমাদের জাতিসত্তার এক অবিচ্ছেদ্য অংশ। সাম্য ও মানবতার প্রতীক এবং অন্যায়, অবিচার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক চিরজাগ্রত প্রতিবাদী কণ্ঠস্বর। তার রচনা আমাদের শিখিয়েছে মাথা উঁচু করে বাঁচতে, মানুষকে ভালোবাসতে এবং সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটি অসাম্প্রদায়িক, মানবিক ও মর্যাদাপূর্ণ সমাজ গড়তে।”