২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ে ছাই জুতা

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় থাকায় আগুন নেভানোর কাজে কিছুটা সমস্যা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 08:50 PM

Updated : 25 Nov 2026, 08:50 PM

শেরপুর শহরে ইতালির বহুজাতিক ব্র্যান্ড লোটোর জুতার গোডাউনে আগুন লেগেছে।

বুধবার দুপুরে শহরের খরমপুর মহল্লায় লোটোর শোরুমের গোডাউনে এ আগুন লাগে বলে জানান শেরপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আতিকুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। তবে এর আগেই গোডাউনে থাকা জুতা পুড়ে যায়।

গোডাউনের মালিক আদিল মাহমুদ উজ্জ্বল বলেন, সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন, তার বাসার বিদ্যুৎ সংযোগ কে বা কারা বিচ্ছিন্ন করে দিয়েছে। এর কিছুক্ষণ পরই গোডাউনে আগুন লাগে।

শত্রুতার কারণে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে বলে তার সন্দেহ। এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেবেন।

লোটোর শেরপুর শোরুমের দায়িত্বে থাকা উজ্জ্বল শীল বলেন, গোডাউন ও শোরুমে প্রায় ৬০ লাখ টাকার মালামাল রয়েছে। হিসাব করার পর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। আগুনে পাশের ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আতিকুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে উৎসুক মানুষের ভিড়ের কারণে আগুন নেভাতে কিছুটা সমস্যা হয়।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে শেরপুর সদর থানা পুলিশ।