খসড়া চুক্তি প্রত্যাখ্যান ইইউসহ অন্যান্য দেশের, ভেস্তে গেল কপ৩১ আলোচনা
জীবাশ্ম জ্বালানির উল্লেখ না থাকায় ইইউসহ কয়েক ডজন দেশের প্রত্যাখ্যানে চুক্তি ছাড়াই ভেস্তে গেছে কপ৩১ জলবায়ু সম্মেলন। ফলে এবার আলোচনা স্থগিত রেখে পরে জার্মানিতে মধ্যবর্তী বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে।
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) কোনও চূড়ান্ত চুক্তি ছাড়াই ভেস্তে গেছে।
বিশ্ব উষ্ণায়ন মোকাবেলায় প্রস্তাবিত খসড়া চুক্তিটি ‘অত্যন্ত দুর্বল’ আখ্যা দিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অন্যান্য দেশ তা প্রত্যাখ্যান করায় রোববার জাতিসংঘের এই জলবায়ু আলোচনায় চরম বিশৃঙ্খলা ও অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
কপ৩১ সম্মেলনের যৌথ সভাপতি তুরস্ক ও অস্ট্রেলিয়া এই চূড়ান্ত খসড়াটি উপস্থাপন করেছিল।
শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও আলোচনা সপ্তাহান্ত পর্যন্ত গড়ায়। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই আলোচনার পর সমাপনী অধিবেশনে তুরস্কের কপ৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম জানান, খসড়া চুক্তিটি অনুমোদিত হয়নি।
তিনি বলেন, "এটি স্পষ্ট যে, এই কক্ষে এমন বেশ কিছু দেশ রয়েছে, যারা এই খসড়ার বিরোধিতা করছে। আমরা স্বীকার করছি যে, এই নথির বিষয়ে কোনও ঐকমত্য নেই। অতএব, এই সিদ্ধান্ত গৃহীত হয়নি।"
রোববারের সমাপনী অধিবেশনে ইইউসহ মার্শাল দ্বীপপুঞ্জ ও পানামার মতো কয়েক ডজন দেশ প্রকাশ্যে খসড়াটি প্রত্যাখ্যান করে জানায়, এটি বিশ্ব উষ্ণায়ন রোধের লড়াইকে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট নয়।
কপ সম্মেলনের নিয়ম অনুযায়ী, যে কোনও সিদ্ধান্ত পাসের জন্য উপস্থিত প্রায় ২০০ দেশের সর্বসম্মতি প্রয়োজন। ফলে বেশ কয়েকটি দেশ আপত্তি জানানোয় কপ৩১ প্রেসিডেন্ট তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম প্রস্তাবিত সিদ্ধান্তটি গৃহীত হয়নি বলে স্বীকার করেন।
সব দেশের সম্মতিতে কোনও চুক্তি ছাড়াই জাতিসংঘের জলবায়ু আলোচনা সর্বশেষ ব্যর্থ হয়েছিল ২০০৯ সালে কোপেনহেগেনে।
এবারের আলোচনা ভেস্তে যাওয়ার পেছনে কাজ করেছে যুদ্ধ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে জনঅসন্তোষের মতো একাধিক বহুমুখী সংকট, যা বিশ্ব উষ্ণায়নের ফলে সৃষ্ট সমস্যাগুলোকে আড়াল করেছে।
আয়ারল্যান্ডের জলবায়ু মন্ত্রী ও ইইউ প্রেসিডেন্সির প্রতিনিধি ডারা ও’ব্রায়েন জানান, খসড়া চুক্তিটিতে জীবাশ্ম জ্বালানির কোনও উল্লেখ না থাকায় ইউরোপীয় ইউনিয়ন এটিকে সমর্থন করতে পারেনি। বিজ্ঞানীদের মতে, এই জীবাশ্ম জ্বালানিই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রধান কারণ।
তিনি বলেন, "এটি অকল্পনীয় যে, আমরা এমন একটি জলবায়ু চুক্তি করব যেখানে জীবাশ্ম জ্বালানির কোনও উল্লেখ নেই, এবং জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসারও কোনো কথা নেই।"
পানামাও জানিয়েছে যে, তারা বর্তমান খসড়াটিকে সমর্থন করতে পারছে না। কারণ, “এটি জলবায়ু সংকটের তীব্রতা মোকাবেলায় ব্যর্থ হয়েছে।"
গত অক্টোবরে জাতিসংঘের পরিবেশ সংস্থা নিশ্চিত করে যে, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস (২.৭ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যাচ্ছে—আর এই ঘোষণার পর এটিই প্রথম কপ সম্মেলন।
এক দশক আগে প্যারিস জলবায়ু চুক্তিতে দেশগুলো তাপমাত্রা বৃদ্ধির এই সীমা না ছাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছিল; কারণ এই মাত্রা ছাড়িয়ে গেলে চরম বৈরী আবহাওয়ার প্রকোপ বহুগুণ বেড়ে যায়।
এবারের কপ৩১ সমাপনী অধিবেশনে চুক্তি গৃহীত না হওয়ার ঘোষণা এলেও কপ প্রেসিডেন্ট বৈঠকের আলোচনা এখনও আনুষ্ঠানিকভাবে বন্ধ করেননি। তবে মতৈক্য না হওয়ায় কপ প্রেসিডেন্টের সামনে এখন কিছু বিকল্প রয়েছে।
যেমন: তিনি এখন ২০০০ সালের হেগ সম্মেলনের মতো এবারও আলোচনা স্থগিত রেখে পরবর্তীতে জার্মানির বনে মধ্যবর্তী বৈঠক ডাকতে পারেন, যেখানে জাতিসংঘের জলবায়ু সংস্থার সদর দপ্তর অবস্থিত।
অথবা তিনি সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আগামী বছরের কপ সম্মেলন পর্যন্ত স্থগিত রাখার পথও বেছে নিতে পারেন। তবে আগামী সম্মেলনের আয়োজক দেশ ইথিওপিয়া এতে আপত্তি জানাতে পারে।
কারণ, এবারের সম্মেলন যে তিক্ততা নিয়ে শেষ হচ্ছে, তা আগামী বছরের আলোচনাকেও বিষিয়ে তোলার ঝুঁকি রয়েছে।
বিবিসি এরই মধ্যে জানিয়েছে, মুরাত কুরুম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, "এখন থেকে আর কোনও নতুন খসড়া (টেক্সট) তৈরি করা হবে না। যে পরিবেশে ঐকমত্য নেই, সেখানে আমরা নতুন কোনও খসড়া নিয়ে কাজ করব না।"
অর্থাৎ, বর্তমান খসড়াটি সংশোধন করে সবাইকে রাজি করানোর আর কোনো চেষ্টা আয়োজকরা করছেন না। আর নতুন খসড়া তৈরি না হওয়া মানে, বর্তমান সম্মেলনে কোনও চুক্তি হওয়ার সম্ভাবনা প্রায় শেষ।
ফলে জাতিসংঘের নিয়ম অনুযায়ী, এখন এই আলোচনা আনুষ্ঠানিকভাবে 'স্থগিত' ঘোষণা করে পরে জার্মানির বনে কিংবা আগামী বছর ইথিওপিয়ায় অনুষ্ঠেয় কপ৩২ সম্মেলনে নিয়ে যাওয়ার পথটাই খোলা।
